📘 গুনাহমুক্ত জীবন 📄 অন্যের গোপন কথা শ্রবণ করা

📄 অন্যের গোপন কথা শ্রবণ করা


কানের সাহায্যে কৃত গুনাহের মাঝে একটি বড় গুনাহ হলো, অন্যের গোপন কথা শোনার চেষ্টা করা। বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ صُبَّ فِي أُذُنِهِ الْأَنُكُ يَوْমَ الْقِيَامَةِ. যে ব্যক্তি অন্যের এমন কথা মন দিয়ে শোনে, যে কথা অন্যকে শোনাতে মানুষ অপছন্দ করে, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে।

কুরআনে কারিমেও গুপ্তচরবৃত্তি করতে নিষেধ করা হয়েছে। অন্য এক হাদিসে এসেছে, إِنَّ أَتْبَعَتْ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمُ. যদি তুমি মানুষের গোপন ত্রুটি-বিচ্যুতির পেছনে লেগে থাকো, তবে তুমি তাদের মাঝে গণ্ডগোল বাঁধিয়ে দেবে, অথবা তাদের গণ্ডগোলের দিকে নিয়ে যাবে।

টিকাঃ
১৩০৭. বুখারী, ২/১০৪২।
১৩০৮. আবু দাউদ, ২/৭০০।

📘 গুনাহমুক্ত জীবন 📄 একটি শিক্ষণীয় ঘটনা

📄 একটি শিক্ষণীয় ঘটনা


আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ কুরতুবী রহ. হযরত আমর ইবনে দিনার রা.- এর বরাতে লেখেন, ‘এক মদিনাবাসীর বোন মারা গেল। ঘটনাক্রমে তাকে দাফন করার সময় ঐ লোকের স্বর্ণালংকারভর্তি একটি ব্যাগ কবরে পড়ে যায়। পরবর্তী সময়ে ব্যাগটি খোঁজার জন্য যখন খনন করা হলো দেখা গেল, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। লোকটি গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, “আমার বোনের আমল কেমন ছিল?” তার মা তাকে উত্তর দিল, “এই তো সে নামায কাযা করত। দ্বিতীয়ত রাতের অন্ধকারে সে পাড়া-প্রতিবেশীর দরজায় কান পেতে তাদের গোপন কথা শুনত।” পরবর্তীকালে ঐ লোক তার স্বচক্ষে দেখা ঘটনার বর্ণনা করে বলেন, “ঐ শাস্তি হলো তার বদ আমলের প্রতিদান। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের আযাব থেকে নিরাপদে রাখুন।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের উচিত, নিজের আমলের খোঁজ খবর নেওয়া। আজকাল আমরা সবাই অন্যের ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত। সমালোচনাযোগ্য কিছু পাওয়া গেলেই তাতে মগ্ন হয়ে পড়ি। সামাজিক বিপর্যয় ও অশান্তির মূল কারণ হলো, নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন হয়ে অন্যের দোষ-ত্রুটি খুঁজে খুঁজে বের করা। অভিজ্ঞতার আলোকে বলা যায়, যারা অন্যের ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত থাকে, তাদের অন্তরে কখনও শান্তি আসে না। তারা সর্বদা অস্থিরতা ও মনকষ্টে ভুগতে থাকে। পক্ষান্তরে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ব্যাপারে মাথা ঘামায় না, সে শান্তির সাথে জীবনযাপন করে। এসব শরয়ী নির্দেশনা আমাদের জন্য দুনিয়া-আখেরাতের কামিয়াবি ও সফলতা আনায়ন করে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের এসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। আমিন।

টিকাঃ
১৩৬৯. কুরতুবী, ৬/৩৪১।

ফন্ট সাইজ
15px
17px