📘 গুনাহমুক্ত জীবন 📄 পাতলা ও আঁটসাঁট কাপড় পরাও নিষেধ

📄 পাতলা ও আঁটসাঁট কাপড় পরাও নিষেধ


পর্দার আরেকটি বিধান হলো পুরুষ বা মহিলা এমন কোনো পোশাক পরিধান করবে না, যার মাধ্যমে শরীরের গোপন অঙ্গসমূহ আবৃত হওয়ার পরিবর্তে আরও আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় জাহান্নামী মহিলার এই অপরাধ বর্ণনা করেছেন যে, তারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকত। ১০৬
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ‘এই ধরনের কাপড় দ্বারা হয়তো এমন কাপড় উদ্দেশ্য, যা শরীরের আকার-আকৃতি গোপন করতে পারে না।’ ১০৭ তাবারানী শরীফে প্রসিদ্ধ সাহাবী জাবীর ইবনে আবদুল্লাহ রা.-এর নিম্নোক্ত বাণী বর্ণনা করা হয়েছে যে,
‘الرَّجُلُ لَيْسَ وَهُوَ عارٍ يَعْنِي الثِّيابُ الرِّقاقُ’
মানুষ এমন কাপড় পরিধান করে, যে কাপড় পরলেও সে উলঙ্গ থাকে। ১০৮
বর্তমানে আধুনিক ফ্যাশনে এই উভয় বিষয়ই সমহারে বিদ্যমান। হয়তো এমন পাতলা কাপড় পরিধান করে, যাতে শরীর আরও আকর্ষণীয় হয়; অথবা এমন আঁটসাঁট (টাইট) কাপড় পরে, যা শরীরের গোপনীয় অংশ প্রকাশ করে দেয়। এ ধরনের পোশাক নারী-পুরুষ উভয়ের জন্য লজ্জাকর এবং সুস্থ রুচিবোধের পরিপন্থী। জিন্স ও টি শার্টের ফ্যাশন ব্যাপক হওয়ার পর থেকে রুচির এই বিপর্যয় আরও ব্যাপক হয়ে গেছে। যুবক-যুবতীরা জনসম্মুখে এ ধরনের পোশাক পরে নির্লজ্জতার মহড়া দিচ্ছে। কিন্তু তা আমাদের অনুভূতিতে একটুও আঘাত করে না। অথচ আল্লাহ তায়ালার প্রতি প্রকৃত লজ্জার দাবি হলো, আমরা নিজেরা এ ধরনের নির্লজ্জতা থেকে বিরত থাকব এবং পরিবারের সদস্যদেরও এ থেকে বাঁচাব।

টিকাঃ
১০৬. মুসলিম, ২/২০৯।
১০৭. শরহে মুসলিম লিন নববী, ২/২০৯।
১০৮. আল-লিবাস ওযায মিনাতি মুহাম্মাদ মুহাজরা, ৪৬।

📘 গুনাহমুক্ত জীবন 📄 নির্জনেও প্রয়োজন ছাড়া সতর খুলবে না

📄 নির্জনেও প্রয়োজন ছাড়া সতর খুলবে না


আল্লাহ তায়ালার প্রতি লজ্জার দাবি হলো, আমরা নির্জনেও (একাকী থাকা অবস্থায়ও) যথাসাধ্য নিজের সতর ঢেকে রাখার ব্যাপারে সচেতন থাকব।
১. হযরত বাহয ইবনে হাকিম নিজের দাদার একটি ঘটনা বর্ণনা করেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমরা কার সামনে সতর রক্ষা করব আর কার সামনে রক্ষা করব না?' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'স্ত্রী ও বাঁদি ব্যতীত অন্যান্য সবার সামনে সতর রক্ষা করবে।' অতঃপর উক্ত সাহাবী আরও জিজ্ঞেস করলেন, 'ইয়া রাসূলাল্লাহ, যদি আমাদের সঙ্গে অন্য লোক থাকে, তা হলে আমরা কী করব?' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 'নিজের সতর রক্ষার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবে। কারণ দৃষ্টি যেন তোমার সতরের উপর না পড়ে।' অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, 'একাকী অবস্থায় কী করব?' এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, فَاللهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ মানুষের চেয়ে আল্লাহ তায়ালা এই বিষয়ের অধিক হকদার যে, তাকে লজ্জা করা হবে। ১০১ ইমাম বাইহাকী রহ. এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, 'এই বিষয়ে লজ্জা করা উচিত যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এমন অবস্থায় না দেখেন, যখন আমরা লজ্জাহীনের দিকে দৃষ্টিপাত করি। কারণ কোনো বস্তু কোনো কোনো স্থানে কোনো অবস্থাতেই আল্লাহ থেকে গোপন নয়। এই বিশ্বাসের ভিত্তিতে বলা যায়, সতরের গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্ব না দেওয়া যেন আল্লাহর সম্মুখে নির্লজ্জ হওয়া। পক্ষান্তরে সতর হেফাযতের প্রতি গুরুত্ব দেওয়াই পরিপূর্ণ লজ্জা। ১০২
২. হযরত আবু বকর সিদ্দিক রা. একবার বক্তৃতাকালে এই উপদেশ প্রদান করেন: ‘يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، اسْتَحْيُوْا مِنَ اللهِ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَظَلُّ حِينَ أَذْهَبُ إِلَى الْغَائِطِ فِي الْفَلَاءِ مُتَقَنِّعًا بِثَوْبِي اسْتِحْيَاءً مِنْ رَبِّي عَزَّ وَجَلَّ.’ হে মুসলমানগণ, আল্লাহকে লজ্জা করো। ঐ সত্তার শপথ, যার কুদরতী হাতে আমার প্রাণ, আমি পায়খানায় গমনের পর থেকে প্রয়োজন পূর্ণ করা পর্যন্ত আল্লাহর লজ্জায় কাপড় দিয়ে মাথা ঢেকে রাখি। ১০৩ অর্থাৎ সতর রক্ষার ব্যাপারে যথাসাধ্য গুরুত্বারোপ করবে।
৩. হযরত আনাস রা. বর্ণনা করেন, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু মূসা আশআরী রা. ঘুমোর সময় (লুঙ্গির নিচে) অন্য কিছু পরে ঘুমাতেন। যাতে কোনো অবস্থাতেই সতর খুলে না যায়। ১০৪
৪. এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতকে এই নির্দেশনা দিয়েছেন যে, ‘إِنَّ اللَّهَ حَيٌّ سِتِّيرٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَغْتَسِلَ فَلْيَتَوارَ بِشَيْءٍ’ আল্লাহ তায়ালা লজ্জাশীল। এবং সতর আবৃত থাকাকে তিনি ভালোবাসেন। সুতরাং তোমাদের কেউ গোসলের ইচ্ছা করলে কোনো কিছুর মাধ্যমে নিজেকে আড়াল করবে। ১০৫
আজকাল সাধারণত একাকী অবস্থায় সতর ঢেকে রাখাকে গুরুত্ব দেওয়া হয় না। এমনকি ঘরের বাইরে রাস্তার ধারে খাল-বিল ও পানির ট্যাঙ্কিকেও বয়স্ক লোকদের সতরের ব্যাপারে উদাসীন অবস্থায় গোসল করতে দেখা যায়। নদীর তীরে ও সমুদ্র সৈকতেও এরূপ নির্লজ্জতা ও বেহায়াপনার দৃশ্য সচরাচর দৃষ্টিগোচর হয়। একটু ভেবে দেখুন, শরিয়ত যেখানে একাকী অবস্থায়ও প্রয়োজন ছাড়া সতর খুলতে নিষেধ করেছে, তা হলে প্রকাশ্যে এ ধরনের নির্লজ্জতা কীভাবে অনুমোদন পেতে পারে?!

টিকাঃ
১০১. শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬০।
১০২. শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬১।
১০৩. শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬২।
১০৪. শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬১।
১০৫. মুসনাদে আহমদ, ১৭৯৭০; শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 স্বামী-স্ত্রীও সতরের ব্যাপারে সচেতন থাকবে

📄 স্বামী-স্ত্রীও সতরের ব্যাপারে সচেতন থাকবে


ইসলামের শিক্ষা হলো, স্বামী-স্ত্রী নিজেদের মাঝে একদম বেশরম হবে না; বরং যথাসাধ্য সতরের ব্যাপারে সচেতন থাকবে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী নকল করেন যে, ‘إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ فَلْيَسْتَتِرْ وَلَا يَتَجَرَّدَانِ تَجَرُّدَ الْعَيْرَيْنِ.’ তোমাদের কেউ সঙ্গমের জন্য যখন মিলিত হবে যথাসাধ্য সতর ঢেকে রাখবে। চতুষ্পদ প্রাণীর মতো সম্পূর্ণ উলঙ্গ হবে না। ১০৬ বোঝা গেল, লজ্জাশীলতার দাবি হলো, স্বামী-স্ত্রীও পরস্পর নিজেদের সতর দেখবে না। হযরত আয়েশা রা. বলেন, 'সারা জীবনে না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর দেখেছি, আর না তিনি আমার সতর দেখেছেন।' সুতরাং আমাদের এই বিষয়টির প্রতি পূর্ণ দৃষ্টিপাত করে লজ্জাশীলতার পূর্ণ প্রমাণ দেওয়া উচিত। সন্তানদের উপর পিতামাতার কাজকর্ম ও আচার-ব্যবহারের প্রভাব অপরিসীম। যদি আমরা লজ্জাশীল হই, তা হলে আমাদের সন্তানসন্ততিও এই পবিত্র গুণে গুণান্বিত হবে। পক্ষান্তরে আমরা যদি লজ্জা-শরমের ধার না ধরি, তা হলে সন্তানদের মাঝেও লজ্জাহীনতার বীজ বপন হবে। বর্তমানে টিভির পর্দায় উলঙ্গ ও মানবতাবিরোধী দৃশ্যের যে চর্চা করা হয় এবং এ বিষয়ের প্রতি বিন্দুমাত্র গুরুত্বারোপ করা হয় না যে, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক আমাদের গোপন আমল সম্পর্কে পূর্ণ ওয়াকিফ। যদি তিনি লজ্জাহীনতা ও এমন জঘন্য অবস্থায় আমাদের দেখেন, তা হলে কীরূপ ক্ষুব্ধ হবেন? তাই আমাদের লজ্জাশীল হওয়া উচিত। লজ্জাশীল হওয়ার প্রেরণাই আমাদের এ জাতীয় মন্দ কাজ থেকে বিরত রাখবে।
এগুলো ছাড়াও ফুকাহায়ে কেরাম সতর রক্ষার গুরুত্বহীনতার একটা ফিকিরি দিক সম্পর্কে লিখেছেন, 'সতর রক্ষা যদি না হয় তাহলে মানুষের স্ফূর্ত্তি লোপ পায়। প্রয়োজনীয় কাজ ও তার স্বতস্ফূর্ত্তি থাকে না।' আল্লামা শামী রহ. বলেন, 'যেসব কারণে মানুষের মেধা দুর্বল হয়, তন্মধ্যে একটি হলো, নিজের লজ্জাস্থান নিয়ে খেলা করা এবং লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত করা।' ১০৬ মোটকথা, চোখের মাধ্যমে প্রকাশিত অপছন্দনীয় কাজসমূহের মধ্যে অনর্থক নিজের লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত করাও অন্তর্ভুক্ত। এ থেকে দৃষ্টি হেফাযত করা উচিত।

টিকাঃ
১০৬. শুআবুল ঈমান লিল বাইহাকী, ৬/১৬০।
১০৬. শামী, ১/২২৫, কিতাবুত তাহারাত।

📘 গুনাহমুক্ত জীবন 📄 স্বামী-স্ত্রী নিজেদের গোপন কথা প্রকাশ করবে না

📄 স্বামী-স্ত্রী নিজেদের গোপন কথা প্রকাশ করবে না


স্বামী-স্ত্রীর পারস্পরিক কথাবার্তা প্রকাশ করা অত্যন্ত নির্লজ্জতা ও ঘৃণিত কাজ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘إِنَّ مِنْ شَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلُ، يُفْضِي إِلَى امْرَأَتِهِ، وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا.’ কিয়ামতৈর দিন আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে নিকৃষ্ট হবে ঐ ব্যক্তি, যে স্ত্রীসহবাসের পর স্ত্রীর গোপন কথা প্রকাশ করে; অথবা ঐ নারী, যে স্বামীসঙ্গমের পর স্বামীর গোপন কথা প্রকাশ করে। ১০৭ হযরত আসমা বিনতে ইয়াযীদ রা. বলেন, একবার আমি একদল নারী ও পুরুষের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 'অনেক সময় স্বামী স্ত্রীদের মধ্যে অন্যের কথা বর্ণনা করে, আবার অনেক সময় স্ত্রীও স্বামীর কথা অন্যের কাছে বর্ণনা করে।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে সবাই নীরব রইল। আমি বললাম, 'ইয়া রাসূলাল্লাহ, কেউ কি এমন করতে পারে?' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘فَلَا تَفْعَلُوْا فَإِنَّمَا مِثْلُ ذَلِكَ مِثْلُ شَيْطَانٍ لَقِيَ شَيْطَانَةً فَغَشِيَهَا وَالنَّاسُ يَنْظُرُوْنَ.’ তোমরা এমন করবে না। কারণ এটা এমন এক কাজ, যেমন কোনো শয়তান কোনো শয়তানীর সঙ্গে (প্রকাশ্যে) সহবাস করল। আর লোকজন তাদের এই কর্মকাণ্ড প্রত্যক্ষ করল। ১০৮
ইসলাম লজ্জাকর বিষয়াদি প্রকাশ্যে করা নিষেধ করে দিয়েছে। স্বামী-স্ত্রীর পারস্পরিক গোপন কথা প্রকাশ করা জঘন্য পর্যায়ের নির্লজ্জতা এবং আল্লাহ তায়ালার প্রতি লজ্জার পরিপন্থী। তাই আমাদের উচিত, এই জঘন্য কাজ থেকে বিরত থাকা। বিশেষত নবদম্পতিদের এই বিষয়ের প্রতি যত্নবান হওয়া দরকার। এই জন্য যে, বর্তমান যুবকেরা সমাজে তাদের বাসর রাতের গোপন কথা প্রকাশ করতে দ্বিধা করে না। হাদিসের আলোকে জানা যায়, স্বামী-স্ত্রীর গোপন কথা প্রকাশ করা এবং তা প্রকাশ করতে বাধ্য করা, দুইটাই জঘন্য কাজ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এসব থেকে হেফাযত করুন। আমিন।

টিকাঃ
১০৭. মুসলিম, ১/৪৬৪; আবু দাউদ; আবু-তারগিব ওয়াত তারহিব, ৩/৬১।
১০৮. মুসনাদে আহমদ; আত-তারগিব ওয়াত তারহিব, ৩/৬১।

ফন্ট সাইজ
15px
17px