📄 শত্রুকে কখনও ছোট করে দেখতে নেই
গুনাহ হল আমাদের শত্রু। শত্রুর ক্ষেত্রে যুদ্ধের কৌশল হল শত্রুকে কখনও ছোট করে দেখতে নেই। শত্রুকে হালকা করে দেখলে সে শক্তি সঞ্চয় করে পুনরায় আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। আর শত্রুকে বড় করে দেখলে সে এ সুযোগটা পায় না। কারণ আপনি তখন সম্পূর্ন সতর্ক।
একটা ছোট সাপের বাচ্চা, আদর করে মারলেন না। কিন্তু যদি সে কামড় দেয় তাহলে?
এ জন্যই গুনাহের ক্ষেত্রে আমাদের আচরণ হবে এমন যে, কোনো গুনাহকেই আমরা ছোট মনে করবো না। হালকা করে দেখবো না।
হাদীসে এসেছে নবীজী ﷺ বলেন
إياكم ومُحَقَّرات الذنوب
তুমি ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকো যেগুলোকে ছোট বলে ধারণা করা হবে। ১৭
টিকাঃ
১৭ সহিহ আলজামি : ২৬৮৬
📄 ছোট্ট গুনাহ্ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে
একটা জিনিস চিন্তা করে দেখুন, হাদীসে এসেছে- এক ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রেখে মেরে ফেলার কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। একজন মুজাহিদ শুধু একটা রশি চুরি করার কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। আরও এসেছে, একজন লোক আমল করতে করতে জান্নাতের পাড়ে চলে আসে, তারপর সে হঠাৎ এমন একটা কথা বলে বসে যার কারণে সে জাহান্নামের পাড়ে চলে যায়।
তাহলে বলুন, কোনো গুনাহ-কে ছোট করে দেখার সুযোগ আছে?
📄 একজন মুমিন সগিরাকেও কবিরা গুনাহ মনে করে
মূলত একজন মুমিন বান্দা সগিরাকেও কবিরা মনে করে। হাদীসে এসেছে ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার ওপর ধ্বসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। ১৮
এ জন্যই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. বলতেন, তোমরা সগিরা আর কবিরা গুনাহের মধ্যে পার্থক্য কর। অথচ তোমরা কি দেখ না, একটা ছোট আগুনের কয়লাও বড় একটা তুলার গুদামকে জ্বালিয়ে দিতে পারে, যেভাবে দাউ দাউ করা আগুন জ্বালিয়ে দিতে পারে!
لا تَحْقِرَنَّ صَغِيْرَةً إِنَّ الْجِبَالَ مِنَ الْحَصَى
গুনাহ-কে ছোট মনে করো না। বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়েই তৈরি হয়।
টিকাঃ
১৮ বুখারী : ৬৩০৮
📄 সালাফদের মাঝে প্রচলিত প্রবাদ
আমরা যেমন আমাদের প্রবাদও তেমন। আমরা নাচি, তাই আমাদের প্রবাদও হল, নাচতে না জানলে উঠান বাঁকা। সালাফগণ যেমন ছিলেন, তাঁদের প্রবাদগুলোও তেমন ছিল। তাঁদের মাঝে প্রবাদ ছিল
لا تنظر إلى صغر الذنب وانظر إلى عِظَم مَنْ خالفت
তুমি এটা দেখো না যে, সগিরা গুনাহ করছ; বরং তুমি এটা দেখো যে, তুমি কার নাফরমানি করছ! ১৯
সুতরাং গুনাহের সঙ্গে আমাদের দ্বিতীয় আচরণ হল, গুনাহ-কে ছোট বা তুচ্ছ মনে না করা।
টিকাঃ
১৯ হিলয়াতুল আওলিয়া : ৫/২২৩