📄 আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন
চোখের পানি আনা লাগবে না; বরং গুনাহের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে টপ করে চোখের পানিও পড়ে যাবে। আর আল্লাহ সঙ্গে সঙ্গে এক ফোঁটা চোখের পানি দিয়ে সব গুনাহ ধুয়ে মুছে দিবেন। কেননা চোখের পানিতে রয়েছে এ্যটমিক পাওয়ার। চোখের পানি কেবল এক দু'টি নয়; বরং مُحُورًا مِنْ نَارِ جَهَنَّمَ জাহান্নামের আগুনের বহু সমুদ্রকে নিভিয়ে দিতে পারে। ১৫
আপনি হয়তো মনে করতে পারেন আমার গুনাহ বেশি আল্লাহ মাফ করবেন কিনা?
আমি আপনাকে বলব, আপনি কুরআন হাদীসের একটা জায়গা দেখান যেখানে আছে আল্লাহ বেশি গুনাহ মাফ করতে পারেন না, কম হলে পারেন! বড় গুনাহ মাফ করা আল্লাহর জন্য কঠিন আর ছোট গুনাহ মাফ করা সহজ! বিষয়টা কি এমন? এমন নয়।
বিষয় হল, আমি আল্লাহর কাছে তাওবা করেছি কিনা। যদি আমি তাওবা করি তাহলে বড়-ছোট কোনো বিষয় নয়, বেশি-কম কোনো বিষয় নয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন ।
টিকাঃ
১৫ কিতাবুযযুহদ : ০৪
📄 মুনাজাতে কান্নাকাটি আসে না কেন?
অনেকে অভিযোগ করেন যে, মুনাজাতে কান্নাকাটি আসে না।
আব্দুল্লাহ ইবন মুবারক রহ.-কে জিজ্ঞেস করা হয়েছে, মুনাজাতে কান্নাকাটি আসে না কেন?
তিনি উত্তরে বলেন من كثر ذنبه قل بكاءه যার গুনাহ বেশি তার কান্নাকাটি আসে কম।
সুতরাং তুমি ইস্তেগফার দিয়ে গুনাহ হালকা করে দাও, আল্লাহ তাআলা কান্নাকাটির দৌলত এমনিতেই নসিব করে দিবেন।
📄 আল্লাহর ভয়ে চোখের পানি দানের ফজিলত
আল্লাহর ভয়ে চোখের পানি তো এমন দৌলত যে, এক ফোটা দিবেন জাহান্নামের আগুন মাফ, গাল পর্যন্ত আসবে কেয়ামতের ময়দানে শাস্তি মাফ হয়ে যাবে। দাড়ি ভিজবে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে বেইজ্জত করবেন না। জমিন ভিজবে ওই চেহারা কেয়ামতের ময়দানে ক্লান্ত-শ্রান্ত হবে না। অনিচ্ছায় হেঁচকি দিয়ে কান্না চলে এসেছে তাহলে এর উসিলায় মজলিসের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন।
এই যে আমি চোখের পানি সম্পর্কে কথাগুলো বলেছি সব কথা হাদীস থেকেই।
📄 ইস্তেগফারের ফায়দা
যাই হোক, গুনাহের সঙ্গে আমাদের প্রথম আচরণ হবে তাওবা করা। আর তাওবা সহজ করার জন্য অধিকহারে ইস্তেগফার করতে হবে। যার জিন্দেগীতে ইস্তেগফার নেই তার তাওবা নসীব হয় না।
ইস্তেগফারের ফায়দা এত বেশি যে, বলে শেষ করা যাবে না। যুবকেরা অনেক সময় বেকারত্বের টেনশনে থাকে, বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকে ইস্তেগফার করলে আল্লাহ এগুলোও দূর করে দেন। হাদীসে এসেছে, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. থেকে বর্ণিত নবীজী ﷺ বলেন
مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا ، وَمِنْ كُلِّ هَم فَرَجًا ، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি চিন্তা হতে মুক্ত করে দিবেন, প্রতিটি সংকীর্ণতা হতে তার বেরিয়ে আসার পথ তৈরি করে দিবেন এবং তাকে বেহিসাব রিজিক দান করবেন। ১৬
টিকাঃ
১৬ আবু দাউদ : ১৫১৮