📄 গুনাহের অনুভূতি
আমরা প্রত্যেকে এ কথা বুঝি যে, আমাদের অবস্থা ভয়াবহ। যিনি আপনাদের নসিহত শুনাচ্ছেন অর্থাৎ আমি গুনাহগার এবং যারা শুনছেন অর্থাৎ আপনারা; আমরা কেউই এ ভয়াবহ অবস্থা থেকে মুক্ত নয়। আমাদের নিজেদের অবস্থা আসলেই খারাপ। অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, উজব ইত্যাদি আমাদের জীবনকে একেবারে ফোকলা করে দিয়েছে।
📄 কিছু আলামত
কেউ এসে বলেছেন যে, হুজুর! এতদিন শুধু বউয়ের দোষ দিয়েছি। ই'তেকাফে আসার ফায়দা হয়েছে এই- এখন দেখছি যে, দোষ বেশি আমার।
কেউ এসে জানিয়েছেন যে, হুজুর! এতদিন মনে করেছি যে, এ জিনিসটা দীনদারি কিন্তু এখন বুঝে গেছি যে, ওটা তো দীনদারি না, আমি তো ভুলের ওপর আছি।
আবার অনেকে এসে বলেন যে, শায়খ! দীনদারি এবং সমাজ, পরিবার এগুলোর সঙ্গে এডজাস্ট করে চলা মুশকিল হয়, এখন আলহামদুলিল্লাহ এ কয়দিনের আলোচনায় বোঝা যাচ্ছে যে, এডজাস্ট করা কোনো ব্যাপার না। আসলে আমরা অনেক দীনদারিকে 'দীন' মনে করে বসে আছি, এ জন্য এডজাস্ট করতে পারি না।
আবার অনেকে এসে বলেন যে, আগে অনেকের সম্পর্কে অনেক বদধারণা ছিল, খারাপ ধারণা রাখতাম, এখন আলহামদুলিল্লাহ ধারণাগুলো দূর হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে, আমিই সবচেয়ে বড় অপরাধী।
আলহামদুলিল্লাহ এ জাতীয় প্রতিক্রিয়াগুলো এ কথার আলামত যে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দিচ্ছেন।
📄 রবকে চেনার অন্যতম আলামত
হাসান বসরী রহ. বলতেন যে, আমি সালাফদের কাছ থেকে শুনেছি
من عرف ربه فقد عرف ذنبه
'রবকে চেনার একটা আলামত হল, নিজের গুনাহ বুঝতে পারা।'
একজন ব্যক্তি নিজের অপরাধ বুঝতে পেরেছে, এটা আলামত হল যে, সে আল্লাহত মারেফাত পাচ্ছে। আল্লাহর মারেফাতের নূর তার অন্তরের ভিতরে আসছে।
📄 আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির আলামত
ইমাম গাযালী রহ. বলতেন, আল্লাহর সন্তুষ্টির একটা আলামত আছে, অসন্তুষ্টিরও একটা আলামত আছে। সন্তুষ্টির আলামত হল, যার ওপর আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ তাকে নিজের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন। আর যে ব্যক্তির ওপর আল্লাহ অসন্তুষ্ট আলামত হল, ওই ব্যক্তিকে আল্লাহ অন্যের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন।