📄 জিহবা
জিহ্বার দ্বারাও অনেক গুনাহে লিপ্ত হয়। যেমন: গিবত, পরনিন্দা, মিথ্যা, হাসি-তামাসা ও কৌতুক ইত্যাদি। একারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীসের মাঝে বলেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস,
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ ليصمت
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 'যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং শেষদিবসের প্রতি ঈমান এনেছে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। ১০২
অর্থাৎ সে যেন এমন কথাবার্তা বলে যা উত্তম এবং কল্যাণজনক। অন্যথায় সে যেন চুপ থাকে।
এ জিহ্বার ব্যাপারে আল্লাহর রাসূল মুআজ বিন জাবালকে সকল কিছুর মূল কী জিনিস, তা বলে দিয়েছেন।
আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন—
আমি তোমাকে সে সবের (পাপকাজে লিপ্ত হওয়ার) মূল সম্বন্ধে বলে দেব না? (মুআজ রাদি. বলেন) আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তখন তিনি নিজ জিভটিকে ধরে বললেন' তোমার মধ্যে এটিকে সংযত রাখ। মু'আজ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে কথা বলি, তা কি আমাদেরকে হিসাব দিতে হবে? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআজ, মানুষকে তাদের নিজেদের জিভ-ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে?
মানুষ মুখ নিসৃত কথার দ্বারা বেশি জাহান্নামে পতিত হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
দুটি ফাঁকা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সেগুলো হলো: মুখ ও লজ্জাস্থান। ১০৩
মুখ ও লজ্জাস্থান হেফাজত করার মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যায়, আবার এই ২টি অঙ্গের ক্ষেত্রে শয়তানকে প্রশ্রয় দেওয়ার কারণে অধিকহারে মানুষ জাহান্নামী হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন' যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ (জিহ্বা) এবং দুই রানের মধ্যভাগ (লজ্জাস্থান) হেফাজতের দায়িত্ব গ্রহন করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। ১০৪
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রশ্ন করা হয়েছিল, কোন জিনিস অধিকহারে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তিনি উত্তরে বলেন, মুখ ও লজ্জাস্থান। ১০৫
একটি বাক্য বা কথাই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে এমন কথা থেকে পানাহ চাই।
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّه سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا يَزِلُّ بِهَا إِلَى النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ». متفق عَلَيْهِ
সাইয়িদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, মানুষ চিন্তা-ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে, যার দ্বারা তার পদস্খলন ঘটে পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দোযখে গিয়ে পতিত হয়। ১০৬
অপর একটি বর্ণনায় আছে,
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ ، يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ
মানুষ এমন কথাবার্তা বলে ফেলে যা তাকে জাহান্নামে অবতরণ করায়। যা পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্বে। ১০৭
একটি কথাই বান্দাকে পূর্ব পশ্চিম থেকে দূরত্বে নিয়ে যেতে পারে। জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে একটি কথার কারণেই। তাই তো আমাদের সালাফগণ জিহ্বাকে হেফাজত করার প্রতি অনেক বেশি জোর দিতেন।
সালাফগণ কতাবার্তাও কম বলতেন। আর যা বলতেন খুব চিন্তা ফিকির করেই বলতেন। অহেতুক ও অসার কোন কথা যেন মুখ থেকে না বের হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন।
সাইয়িদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বার একাংশ ধরে বললেন, এই জিনিসটিই আমাকে এই স্থানে অবতরণ করিয়েছে। ১০৮
সাইয়িদুনা আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন: তোমরা চুপ করা শিখ যেভাবে তোমরা কথা বলা শিখেছ। কেননা চুপ থাকা অনেক বড় সহনশীলতা। আর শ্রবণ করার প্রতি মনোযোগী হও, এমন কোন কথা বলোনা যা অনর্থক এবং তোমার কোন কাজে আসে না। আশ্চর্য হওয়া ছাড়া হাসবে না, প্রয়োজন ছাড়া রাস্তা চলবে না। ১০৯
হযরত হাসান বলেন: যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করে না সে বুদ্ধিমান নয়। ১১০
আবদুল্লাহ ইবনে আমর রাদিঃ বলেন, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়।১১১
হযরত আনাস বিন মালিক বলেন: প্রকৃতপক্ষে পরহেযগার হতে পারবে না কেউ যতক্ষণ না সে তার জিহ্বার ব্যাপারে চিন্তিত না হয়।১১২
সাইয়িদুনা হযরত কায়স বিন আওফ বলেন: আমি আবুবকরকে দেখলাম সে তার জিহ্বার একপার্শ্ব ধরে বলছে, এই জিনিসটি আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। ১১৩
হযরত দাউদ তাঈ বলেন: জিহ্বাকে সংযত রাখা সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ কাজ। ১১৪
সাইয়িদুনা আলি ইবন আবি তালিব বলেন: জিহ্বা হলো শরীরের স্তম্ভ। যখন জিহ্বা দৃঢ় থাকে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকে। আর যখন জিহবা অশান্ত হয়ে যায় তার অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকে না। স্থির থাকে না। ১১৫
ইমাম মালিক বলেন: ঐ ব্যক্তির কথা আমলে গণ্য হয় যে ব্যক্তি কম কথা বলে এবং কথা বলে কেবল যথার্থ ও উপযুক্ত।
সাইয়িদুনা হযরত আলি ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন: সর্বোত্তম ইবাদত হচ্ছে চুপ থাকা এবং কষ্ট লাঘবের অপেক্ষা (বিপদ কেটে যাওয়ার অপেক্ষা) করা। ১১৬
হযরত উহাইব ইবনুল ওয়ারদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন: বলা হয় হিকমাহ (প্রজ্ঞা) এর দশটি অংশ। তন্মধ্যে নয়টি অংশ রয়েছে চুপ থাকার মাঝে। আর দশম অংশ হলো মানুষের একাকীত্ব, নিঃস্বঙ্গতা ও বিচ্ছিন্নতা। ১১৭
অতএব কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমাদের উচিত এমন কথাবার্তা থেকে জিহ্বাকে সংযত রাখা যেসব কথাবার্তা আমাদেরকে পাপাচার ও অবাধ্যতার দিকে নিয়ে যায়।
টিকাঃ
১০২ বুখারী: ৬৪৭৫, মুসলিম: ৪৭
১০০ তিরমিযী : ২০০৪, আহমাদ: ৯০৮৫, ইবনু মাজাহ: ৪২৪৬, আদাবুল মুফরাদ: ২৮৯
১০৪ বুখারী, ৬৪৭৪
১০৫ তিরমিযী, ২০০৪
১০৬ সহীহুল বুখারী : ৬৪৭৭, ৬৪৭৮, মুসলিম: ২৯৮৮, তিরমিযি: ২৩১৪, আহমাদ: ৭১৭৪, ৭৮৯৮, ৮২০৬, ৮৪৪৪, ৮৭০৩, ৮৯৬৭, ১০৫১৪, মুওয়াত্তা মালিক: ১৮৯৪
১০৭ সহীহ মুসলিম: ৫৪৩৭
১০৮ মালিক: ২/৯৮৮, সুনানুল কুবরা লিননাসায়ি: ১০/৪০২ অথবা ১১৮৪১ নং হাদীস
১০৯ মাকারিমুল আখলাক: ১৩৬
১১০ কিতাবুস সামাতি ওয়া আদাবুল লিসান: ৬১
১১১ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৪৮
১১২ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৫৩
১১০ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৫৫
১১৪ আসসামাতু ওয়া আদাবুল লিসান: ৬৯
১১৫ আসসামাতু ওয়া আদাবুল লিসান: ৬৯
১১৬ আলবায়ানু ওয়াত তাবয়ীন: ১/২৪৫
১১৭ আস সিমত – লিইবনি আবিদ দুনয়া: ৬২