📄 অবসরতা
অবসরতা বিরাট একটি নিয়ামত ঐ ব্যক্তির জন্য, যে ব্যক্তি তার অবসর সময়ে ফায়দা হাসিল করে। সময়কে কাজে লাগায়। সুতরাং যে ব্যক্তি তার অবসরের সময়গুলো হারাম কাজে ব্যয় করে কিয়ামতের দিন সেই অবসরতা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। কঠিন শাস্তি ও বিপদের কারণ হবে। অধিকাংশ মানুষ নিজেদের অবসরতাকে সঠিকভাবে কাজে লাগায় না। ভালো কোনো কাজে ব্যয় করে না, যা তার জন্য উপকারী ও লাভজনক হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসরতার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন সহীহ বুখারীর রেওয়ায়াতে বর্ণিত হয়েছে-
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ
হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- এমন দুটি নিয়ামত আছে, যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে' সুস্থতা ও অবসর। ৯৯
✓ এই হাদীসের ব্যাখ্যায় আল্লামা ইবনুল বাত্তাল রহিমাহুল্লাহ বলেন- হাদীসের ভাবার্থ (উদ্দেশ্য) হলো, ব্যক্তি ফারিগ (অবসর) হতে পারে না এমনকি যদি সে সুস্থ সবল থাকে তবুও। কিন্তু যার এই নিয়ামত নসিব হয়, সে যেন এমন কাজের প্রতি মনোনিবেশ করে, যা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রতি শুকরিয়া আদায় থেকে বিরত রেখে ক্ষতিতে না ফেলে দেয়। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হলো, তাঁর আদেশসমূহ মানা ও নিষেধসমূহ থেকে দূরে থাকা। অতঃপর যে ব্যক্তি এ ব্যাপারে বাড়াবাড়ি করে সে-ই হলো ক্ষতিগ্রস্ত। আর { كَثِيرٌ مِنْ النَّاسِ الصّئَةُ} এর দ্বারা ইঙ্গিত করেছেন যে, যাদেরকে এর তাওফীক দেওয়া হবে তারা নিতান্তই কম সংখ্যক হবে।
আল্লামা ইবনুল জাওযী রহিমাহুল্লাহ বলেন- মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু জীবিকা নির্বাহে ব্যস্ত থাকার দরুন অবসরতা মিলে না। আবার কখনও অবসরতা পেলেও সুস্থ থাকে না। কিন্তু যখন উভয়টি একত্রিত হলো (অর্থাৎ সুস্থ থাকে এবং অবসরতাও মিলে) তখন আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য থেকে অলসতা বেড়ে যায়। তখন সে হয় ক্ষতিগ্রস্ত। এর পূর্ণতা হলো যে, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। সেখানে এমন ব্যবসা রয়েছে যার লাভ প্রকাশ পাবে আখিরাতে। সুতরাং যে ব্যক্তি নিজের অবসর সময়কে ও সুস্থতাকে আল্লাহ তাআলার আনুগত্যে ও ইবাদত-বন্দেগীতে কাজে লাগায়, সে হলো সৌভাগ্যবান। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা ও অমান্য করার কাজে ব্যয় করে, সে হলো ক্ষতিগ্রস্ত। কেননা, অবসরের পরপরই ব্যস্ততা এবং সুস্থতার পরেই আসে অসুস্থতা।১০০
সময় চলে যায়, আকাশে ভেসে বেড়ানো মেঘমালার মতো। যেমন : বলা হয়, সময় হলো তরবারির ন্যায়। যদি তুমি তাকে না কাট, তাহলে সে তোমাকে কেটে ফেলবে। সুতরাং মানুষের জন্য নিজের অবসর সময়কে নেক আমল ও উত্তম কাজে ব্যয় করা আবশ্যক।
ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন- মানুষের সময় প্রকৃতপক্ষে তার বয়স। এটি নিয়ামতসমৃদ্ধ জান্নাতে চিরস্থায়ী জীবনের উপাদান এবং আযাব সমৃদ্ধ জাহান্নামের ক্ষেত্রে অস্বচ্ছল জীবিকা নির্বাহের উপাদান। সময় মেঘমালা থেকেও আগে অতিক্রম করে। সুতরাং যে ব্যক্তির যে সময়টুকু আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য, ততটুকুই তার হায়াত ও জীবন হিসেবে গণ্য করা হবে। তাছাড়া অন্য কিছুকে হায়াতের মাঝে গণ্য করা হবে না। সুতরাং সে দুনিয়ায় চতুষ্পদ জন্তুর ন্যায় জীবনযাপন করেছে। অতঃপর সে তার সময়কে গাফলতি, শাহওয়াত ও বাতিল আশা আকাঙ্খায় ব্যয় করে।
আর অবসর সময় যদি বান্দা উপকারমূলক কাজে, লাভজনক কাজে ব্যয় না করে, তাহলে খারাপ চিন্তা উদ্রেক হারাম সম্পর্ক এবং ধ্বংসাত্মক কামনা-বাসনা তাকে টেনে নিয়ে যাবে সেদিকে।
ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন- মনে উদ্রেক হওয়া বা চিন্তার ব্যাপারটি অনেক মারাত্মক। কেননা, তা-ই ভালো খারাপের উৎসস্থল। ইচ্ছা, বাসনা, হিম্মত, দৃঢ়প্রত্যয়ের জন্ম হৃদয় থেকে। অতএব যে ব্যক্তি তার চিন্তা-ভাবনাকে কন্ট্রোল করতে পারবে সে তার মনের লাগাম ধরতে পারবে। কামনা-বাসনাকে দমন করতে পারবে। আর যার মনের চিন্তা- ভাবনা তাকে পরাভূত করে ফেলবে, খেয়াল-খুশি, কামনা-বাসনা ও নফস তার ওপর বিজয় লাভ করবে। যে ব্যক্তি মনের উদ্রেককে দুর্বল মনে করবে, সাধারণ মনে করবে তাকে জোর করে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর সর্বদা মনের ভাবনাগুলো কলবের ওপর বারবার গমন করে। একপর্যায়ে সেটি বাতিল আশা আকাঙ্খায় পরিণত হয়। আল্লাহর বাণী-
كَسَرَابِ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّبْآنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدُهُ شَيْئًا وَوَجَدَ اللهَ عِنْدَهُ فَوَفَّاهُ حِسَابَهُ وَاللهُ سَرِيعُ الْحِسَابِ
মরুভূমির মরীচিকা সদৃশ, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। এমনকি, সে যখন তার কাছে যায়, তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। (সূরা নুর : ৩৯) ১০১
মানুষের সময় হলো, তার বয়স; যদি তা চলে যায় তাহলে তা আর ফিরে আসে না কখনও।
মাওয়ারদি বলেন- আল্লাহ তোমাকে তাওফীক দিয়ে ইহসান করুন। তোমার উচিত রবের ইবাদতে অবহেলা করে শরীরের সুস্থতা ও অবসর সময়কে নষ্ট না করা এবং নিজের পূর্ব আমলগুলোর নির্ভরতাকে বরবাদ না করা। তোমার সুস্থতাকে গনিমত করে আমলের চেষ্টা-মুজাহাদা করো। প্রতিটি সময় তোমার সৌভাগ্যের নয়।
মোটকথা, অবসর সময়টুকু যেন মানুষ উপকারী ও কল্যাণকর কাজে ব্যয় করে। কারণ, এই অবসরতাই খারাপ চিন্তা ও ধ্যান- ধারণার জন্ম দেয়। নফসের গোলামি করতে ও পাপাচারে লিপ্ত হতে আহ্বান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এবং অবসরতাকে কাজে লাগানোর তাওফীক দান করুন। আমীন।
টিকাঃ
৯৯ ৬৪১২
১০০ ফাতহুল বারী (ইবনু হাজার): ১১/২৩০
১০১ আল জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দাইশ শাফী: ১/১৫৫
📄 জিহবা
জিহ্বার দ্বারাও অনেক গুনাহে লিপ্ত হয়। যেমন: গিবত, পরনিন্দা, মিথ্যা, হাসি-তামাসা ও কৌতুক ইত্যাদি। একারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীসের মাঝে বলেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস,
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ ليصمت
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 'যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং শেষদিবসের প্রতি ঈমান এনেছে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। ১০২
অর্থাৎ সে যেন এমন কথাবার্তা বলে যা উত্তম এবং কল্যাণজনক। অন্যথায় সে যেন চুপ থাকে।
এ জিহ্বার ব্যাপারে আল্লাহর রাসূল মুআজ বিন জাবালকে সকল কিছুর মূল কী জিনিস, তা বলে দিয়েছেন।
আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন—
আমি তোমাকে সে সবের (পাপকাজে লিপ্ত হওয়ার) মূল সম্বন্ধে বলে দেব না? (মুআজ রাদি. বলেন) আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তখন তিনি নিজ জিভটিকে ধরে বললেন' তোমার মধ্যে এটিকে সংযত রাখ। মু'আজ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে কথা বলি, তা কি আমাদেরকে হিসাব দিতে হবে? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআজ, মানুষকে তাদের নিজেদের জিভ-ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে?
মানুষ মুখ নিসৃত কথার দ্বারা বেশি জাহান্নামে পতিত হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
দুটি ফাঁকা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সেগুলো হলো: মুখ ও লজ্জাস্থান। ১০৩
মুখ ও লজ্জাস্থান হেফাজত করার মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যায়, আবার এই ২টি অঙ্গের ক্ষেত্রে শয়তানকে প্রশ্রয় দেওয়ার কারণে অধিকহারে মানুষ জাহান্নামী হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন' যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ (জিহ্বা) এবং দুই রানের মধ্যভাগ (লজ্জাস্থান) হেফাজতের দায়িত্ব গ্রহন করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। ১০৪
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রশ্ন করা হয়েছিল, কোন জিনিস অধিকহারে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তিনি উত্তরে বলেন, মুখ ও লজ্জাস্থান। ১০৫
একটি বাক্য বা কথাই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে এমন কথা থেকে পানাহ চাই।
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّه سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا يَزِلُّ بِهَا إِلَى النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ». متفق عَلَيْهِ
সাইয়িদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, মানুষ চিন্তা-ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে, যার দ্বারা তার পদস্খলন ঘটে পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দোযখে গিয়ে পতিত হয়। ১০৬
অপর একটি বর্ণনায় আছে,
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ ، يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ
মানুষ এমন কথাবার্তা বলে ফেলে যা তাকে জাহান্নামে অবতরণ করায়। যা পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্বে। ১০৭
একটি কথাই বান্দাকে পূর্ব পশ্চিম থেকে দূরত্বে নিয়ে যেতে পারে। জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে একটি কথার কারণেই। তাই তো আমাদের সালাফগণ জিহ্বাকে হেফাজত করার প্রতি অনেক বেশি জোর দিতেন।
সালাফগণ কতাবার্তাও কম বলতেন। আর যা বলতেন খুব চিন্তা ফিকির করেই বলতেন। অহেতুক ও অসার কোন কথা যেন মুখ থেকে না বের হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন।
সাইয়িদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বার একাংশ ধরে বললেন, এই জিনিসটিই আমাকে এই স্থানে অবতরণ করিয়েছে। ১০৮
সাইয়িদুনা আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন: তোমরা চুপ করা শিখ যেভাবে তোমরা কথা বলা শিখেছ। কেননা চুপ থাকা অনেক বড় সহনশীলতা। আর শ্রবণ করার প্রতি মনোযোগী হও, এমন কোন কথা বলোনা যা অনর্থক এবং তোমার কোন কাজে আসে না। আশ্চর্য হওয়া ছাড়া হাসবে না, প্রয়োজন ছাড়া রাস্তা চলবে না। ১০৯
হযরত হাসান বলেন: যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করে না সে বুদ্ধিমান নয়। ১১০
আবদুল্লাহ ইবনে আমর রাদিঃ বলেন, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়।১১১
হযরত আনাস বিন মালিক বলেন: প্রকৃতপক্ষে পরহেযগার হতে পারবে না কেউ যতক্ষণ না সে তার জিহ্বার ব্যাপারে চিন্তিত না হয়।১১২
সাইয়িদুনা হযরত কায়স বিন আওফ বলেন: আমি আবুবকরকে দেখলাম সে তার জিহ্বার একপার্শ্ব ধরে বলছে, এই জিনিসটি আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। ১১৩
হযরত দাউদ তাঈ বলেন: জিহ্বাকে সংযত রাখা সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ কাজ। ১১৪
সাইয়িদুনা আলি ইবন আবি তালিব বলেন: জিহ্বা হলো শরীরের স্তম্ভ। যখন জিহ্বা দৃঢ় থাকে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকে। আর যখন জিহবা অশান্ত হয়ে যায় তার অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকে না। স্থির থাকে না। ১১৫
ইমাম মালিক বলেন: ঐ ব্যক্তির কথা আমলে গণ্য হয় যে ব্যক্তি কম কথা বলে এবং কথা বলে কেবল যথার্থ ও উপযুক্ত।
সাইয়িদুনা হযরত আলি ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন: সর্বোত্তম ইবাদত হচ্ছে চুপ থাকা এবং কষ্ট লাঘবের অপেক্ষা (বিপদ কেটে যাওয়ার অপেক্ষা) করা। ১১৬
হযরত উহাইব ইবনুল ওয়ারদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন: বলা হয় হিকমাহ (প্রজ্ঞা) এর দশটি অংশ। তন্মধ্যে নয়টি অংশ রয়েছে চুপ থাকার মাঝে। আর দশম অংশ হলো মানুষের একাকীত্ব, নিঃস্বঙ্গতা ও বিচ্ছিন্নতা। ১১৭
অতএব কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমাদের উচিত এমন কথাবার্তা থেকে জিহ্বাকে সংযত রাখা যেসব কথাবার্তা আমাদেরকে পাপাচার ও অবাধ্যতার দিকে নিয়ে যায়।
টিকাঃ
১০২ বুখারী: ৬৪৭৫, মুসলিম: ৪৭
১০০ তিরমিযী : ২০০৪, আহমাদ: ৯০৮৫, ইবনু মাজাহ: ৪২৪৬, আদাবুল মুফরাদ: ২৮৯
১০৪ বুখারী, ৬৪৭৪
১০৫ তিরমিযী, ২০০৪
১০৬ সহীহুল বুখারী : ৬৪৭৭, ৬৪৭৮, মুসলিম: ২৯৮৮, তিরমিযি: ২৩১৪, আহমাদ: ৭১৭৪, ৭৮৯৮, ৮২০৬, ৮৪৪৪, ৮৭০৩, ৮৯৬৭, ১০৫১৪, মুওয়াত্তা মালিক: ১৮৯৪
১০৭ সহীহ মুসলিম: ৫৪৩৭
১০৮ মালিক: ২/৯৮৮, সুনানুল কুবরা লিননাসায়ি: ১০/৪০২ অথবা ১১৮৪১ নং হাদীস
১০৯ মাকারিমুল আখলাক: ১৩৬
১১০ কিতাবুস সামাতি ওয়া আদাবুল লিসান: ৬১
১১১ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৪৮
১১২ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৫৩
১১০ কিতাবুস সামাতি ওয়াআদাবুল লিসান: ৫৫
১১৪ আসসামাতু ওয়া আদাবুল লিসান: ৬৯
১১৫ আসসামাতু ওয়া আদাবুল লিসান: ৬৯
১১৬ আলবায়ানু ওয়াত তাবয়ীন: ১/২৪৫
১১৭ আস সিমত – লিইবনি আবিদ দুনয়া: ৬২