📄 সকল সমস্যার এক সমাধান
ইবনু সাবীহ রহ. বলেন, একবার হাসান বসরী রহ.-এর কাছে এক ব্যক্তি জানাল, আমার ফসলে খরা লেগেছে। আমাকে আমল দিন। হাসান বসরী তাকে বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল, আমি গরীব- আমাকে রিজিকের আমল দিন। হাসান রহ. তাকেও বললেন, ইস্তেগফার করো। এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন, ইস্তেগফার করো।
তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, সবাইকে এক পরামর্শই দিলেন যে! হাসান বসরী রহ. উত্তরে বললেন—
আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি। এটা বরং আল্লাহ তাআলা তার কুরআনে শিখিয়েছেন। তারপর তিনি সূরা নূহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। ১৭৯
আর বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বারিধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। ১৮০
টিকাঃ
১৭৯ তাফসীরে কুরতুবী: ১৮/৩০৩
১৮০ সূরা নূহ: ১০-১২