📄 মাথা এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা সংরক্ষণ করবে
রাসূলুল্লাহ ﷺ বলেন
তোমরা আল্লাহ্ তাআলাকে যথাযথভাবে লজ্জা কর। আমরা বললাম, হে আল্লাহর রাসূল ﷺ। আমরা তো নিশ্চয়ই লজ্জা করি, সকল প্রশংসা আল্লাহ্ তাআলার জন্য।
তিনি বললেন, তা নয় বরং আল্লাহ্ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার অর্থ এই যে, তুমি তোমার মাথা এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা সংরক্ষণ করবে এবং পেট ও এর মধ্যে যা কিছু রয়েছে তা হেফাযত করবে, মৃত্যুকে এবং এরপর পঁচে-গলে যাবার কথা স্মরণ করবে।
আর যে লোক পরকালের আশা করে, সে যেন দুনিয়াবী জাঁকজমক পরিহার করে। যে লোক এইসকল কাজ করতে পারে সে-ই আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করে। ১৩২
টিকাঃ
১৩২ তিরমিযী: ২৪৫৮
📄 জিহ্বাই তো আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে
এক দিনের ঘটনা। ওমর রাযি. আবু বকর সিদ্দীক রাযি.-এর নিকট গিয়ে দেখলেন যে, আবু বকর রাযি. নিজের জিহ্বা ধরে টানছেন, যেন ছিঁড়ে ফেলবেন। এ অবস্থা দেখে ওমর রাযি. বলে ওঠলেন, আমিরুল মুমিনীন! রাখুন, এ রকম করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন আবু বকর রাযি. বললেন
إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ এই জিহ্বাই তো আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ১৩৩
টিকাঃ
১৩৩ মুয়াত্তা মালিক