📄 এক. সব ধরনের বিপদাপদ থেকে হেফাজতে থাকার দোয়া
উসমান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে, তাকে কোনো জিনিসের ক্ষতি পৌঁছাতে পারবে না।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ অর্থ: আল্লাহর নামে; যাঁর নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ১১৭
টিকাঃ
১১৭ তিরমিযী: ৩৪১০
📄 দুই. কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের দোয়া
সাওবান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন যদি নিম্নোক্ত যিকির তিন বার বলে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কেয়ামতের দিন সন্তুষ্ট করা। ১১৮
رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ نَبِيَّاً অর্থ : আল্লাহকে রব, ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মাদ ﷺ-কে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট।
টিকাঃ
১১৮ তিরমিযী: ৩০১১
📄 তিন. দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
আবুদ্দারদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নোক্ত যিকির ৭ বার পড়বে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন; চাই সে তা সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন।
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাঁর উপরই আমি তাওয়াক্কুল করি। তিনি মহান আরশের অধিপতি। ১১৯
টিকাঃ
১১৯ আবু দাউদ: ৫০৮১
📄 চার. শয়তান থেকে হেফাজতকারী যিকির
আবু আয়্যাশ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলে
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
এটা তার জন্য ইসমাঈল আ. বংশীয় একটি গোলাম আযাদ করার সমান হবে, তার জন্য দশটি সওয়াব লেখা হবে ও দশটি গুনাহ মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা বুলন্দ করা হবে এবং শয়তান থেকে নিরাপদ থাকবে যতক্ষণ না সন্ধ্যা হয়।
আর যদি সন্ধ্যায় উপনীত হয়ে তা বলে, তাহলে ভোর পর্যন্ত অনুরূপ ফজিলত পাবে।
বর্ণনাকারী হাম্মাদ রহ.-এর বর্ণনায় রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে স্বপ্নে দেখে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল! আবু আয়্যাশ আপনার নামে এই এই বলেছে। তিনি বললেন, আবু আয়্যাশ সত্যিই বলেছে। ১২০
টিকাঃ
১২০ আবু দাউদ: ৫০৭৭