📄 সকাল-সন্ধ্যার পাঁচ আমল
সকাল-সন্ধ্যার অনেক যিকির রয়েছে। নিম্নে ছোট ছোট বিশেষ ফজিলতপূর্ণ পাঁচটি যিকির তুলে ধরা হল। যেসব যিকির শয়তান ও নফসের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করবে।
📄 এক. সব ধরনের বিপদাপদ থেকে হেফাজতে থাকার দোয়া
উসমান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে, তাকে কোনো জিনিসের ক্ষতি পৌঁছাতে পারবে না।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ অর্থ: আল্লাহর নামে; যাঁর নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ১১৭
টিকাঃ
১১৭ তিরমিযী: ৩৪১০
📄 দুই. কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের দোয়া
সাওবান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন যদি নিম্নোক্ত যিকির তিন বার বলে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কেয়ামতের দিন সন্তুষ্ট করা। ১১৮
رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ نَبِيَّاً অর্থ : আল্লাহকে রব, ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মাদ ﷺ-কে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট।
টিকাঃ
১১৮ তিরমিযী: ৩০১১
📄 তিন. দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
আবুদ্দারদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নোক্ত যিকির ৭ বার পড়বে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন; চাই সে তা সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন।
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাঁর উপরই আমি তাওয়াক্কুল করি। তিনি মহান আরশের অধিপতি। ১১৯
টিকাঃ
১১৯ আবু দাউদ: ৫০৮১