📄 জীবনের দৃষ্টান্ত
আরবের প্রখ্যাত দায়ী শায়খ সা'দ আল-বারিক একটি গল্প বলেছিলেন এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিল। হঠাৎ দেখল এক সিংহ তার পিছু নিয়েছে। সে প্রাণভয়ে দৌড়াতে লাগল। কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেল। সে চোখ বন্ধ করে তাতে দিল ঝাঁপ। পড়তে পড়তে সে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেলল এবং ওই অবস্থায় ঝুলে রইল। উপরে চেয়ে দেখল কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
নিচে চেয়ে দেখল বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেল একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।
এমন হিমশিম অবস্থায় কী করবে- যখন সে বুঝতে পারছিল না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সঙ্গে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেল। সে কী মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখল।
সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে, সে কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ, আর দড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেল।
ফলে তার বিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।
শায়খ সা'দ আল-বারিক এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর। যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হল দিন, আর কালো ইঁদুর হল রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হল দুনিয়া। যার সামান্য মিষ্টতার পেছনে পড়ে আমরা এই চতুর্মুখি ভয়ানক বিপদের কথা ভুলে বসে আছি। ১০৬ আলী রাযি. বলেন
حَياتُكَ أَنفاسُ تُعَدُّ فَكُلَّما مَضَى نَفَسٌ أَنقَصَتَ بِهِ جُزءاً জীবন কিছু নিঃশ্বাসের সমষ্টি বৈ কিছু নয়। একটি নিঃশ্বাস যায় মানে জীবনের একটি অংশ কমে যায়।
টিকাঃ
১০৬ দুরূসুশ-শায়খ সা'দ আল-বারিক : ১১৬৯