📄 হাসান বসরী রহ.-এর মর্মস্পর্শী কথা
আব্দুল আযীয ইবনু মারহুম রহ. বলেন, আমরা হাসান বসরী রহ.-এর সঙ্গে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। হাসান বসরী রহ. রোগীকে জিজ্ঞেস করলেন, এখন কেমন অনুভব করছেন? লোকটি বলল, খেতে মনে চায়, কিন্তু পারি না। তৃষ্ণা লাগে, কিন্তু পানি গিলতে পারি না।
রোগীর কথা শুনে হাসান বসরী রহ. কেঁদে ওঠে বললেন عَلَى الْأَسْقَامِ وَالْأَمْرَاضِ أُسِّسَتْ هَذِهِ الدَّارُ، فَهَبْكَ تَصِحُ مِنَ الْأَسْقَامِ، وَتَبْرَأُ مِنَ الْأَمْرَاضِ، هَلْ تَقْدِرُ عَلَى أَنْ تَنْجُوَ مِنَ الْمَوْتِ؟ রোগ-ব্যাধিই হল এই দুনিয়ার মূল ভিত্তি। ধরে নিলাম, রোগ-ব্যাধি থেকে তুমি নিষ্কৃতি পেয়ে গেছ। কিন্তু মৃত্যু থেকে কি নিষ্কৃতি পাবে? হাসান বসরী রহ. এই মর্মস্পর্শী কথা শোনার পর পুরা ঘরে কান্নার রোল পড়ে যায়। ১০৩
টিকাঃ
১০৩ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ২৫৭
📄 দুনিয়াতে থাকা মানে নেক আমল করার সুযোগ থাকা
ইবরাহীম আত-তায়মী রহ. বলেছেন, একবার আমি মনে মনে কল্পনা করলাম যে, আমি জান্নাতে আছি। জান্নাতের ফল খাচ্ছি, জান্নাতের নহরের পানি পান করছি, জান্নাতের তরুণীদের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হচ্ছি। আবার কল্পনা করলাম যে, আমি জাহান্নামে আছি। জাহান্নামের যাক্কুম খাচ্ছি, পুঁজ পান করছি, তার শিকল-বেড়ির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে আছি। এবার আমি আমার মনকে বললাম, মন আমার! তুই কোন্টা চাস? মন বলল, আমি দুনিয়াতে ফিরে গিয়ে নেক কাজ করতে চাই। আমি বললাম, তুই তো তোর কাঙ্ক্ষিত স্থানেই আছিস। কাজেই এখনই নেক কাজ কর। ১০৪
টিকাঃ
১০৪ মুহাসাবাতুন নাফস: ১০