📄 পুলসিরাত কেমন হবে?
আল্লামা কাসতালানী রহ. বলেন, ভেবে দেখুন, যখন আপনি পুলসিরাতের উপর উঠবেন এবং সেখান থেকে নিচের জাহান্নামের দিকে দৃষ্টি দিবেন। অতঃপর জ্বলন্ত আগুনের গর্জন, জাহান্নামের নিঃশ্বাস ও কৃষ্ণতা আপনার কর্ণকুহরে ধ্বনিত হতে থাকবে, তখন আপনার অবস্থা কেমন হবে? যদি আপনার কোনো পা পিছলে যায়, তবে আপনি এর প্রখরতা টের পাবেন এবং দ্বিতীয় পা উপরে ধরে রাখার কসরত করবেন। আপনার সামনেই অন্যরা পিছলে পড়ে যাবে এবং আগুনের তাপ অনুভব করবে। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে পাকড়াও করতে থাকবে, যারা পুলসিরাতের উল্টো কাঁটাযুক্ত আংটা ও আঁককড়াতে বিদ্ধ হবে। আপনি সেটা দেখতে থাকবেন।
তখন সেই দৃশ্যটা কত বিভীষিকাময় হবে? আরোহণের পথটা কতই না ভয়ংকর হবে এবং অতিক্রমটাও কতই না সঙ্কীর্ণতর হবে? আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, সাহায্য চাই, অনুগ্রহ কামনা করি। ৮৮
টিকাঃ
৮৮ ইরশাদুস সারী: ৯/৩৩০