📄 তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে কর
রাসূলুল্লাহ ﷺ বলেছেন
وعُدَّ نفسك في أهل القبور
তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে কর। ৭০ রবী' ইবনু খায়ছাম রহ. বাড়িতে কবর খুঁড়ে রাখেন। যেখানে তিনি দিনে একাধিকবার ঘুমাতেন। যাতে সর্বদা মৃত্যুর কথা মনে পড়ে। ৭১
টিকাঃ
৭০ তিরমিযী: ২৩৩৩
৭১ ইহইয়াউ উলূমিদ্দীন: ৭/১৩৯
📄 খলীফা হারুনুর রশীদ এবং বাহলুল
খলীফা হারুনুর রশীদ। অর্ধ পৃথিবী সমেত যার রাজত্ব ছিল। যিনি আকাশের দিকে তাকিয়ে মেঘমালাকে বলতেন
أمطري في الهند أو الصين.. أو حيثُ شِئت.. فَوَ الله ما تمطرين في أرض إلا وهي تحتَ مُلكي
'তুমি হিন্দুস্তানে কিংবা চীনে যেখানেই বৃষ্টি বর্ষণ করবে, সেখানেই আমার রাজত্ব।'
যার সেনাদল সর্বত্র নিয়োজিত ছিল। এমন প্রতাপশালী বাদশাহ ছিলেন তিনি। একবার তিনি শিকারে বের হলেন। পথিমধ্যে বাহলুলের সঙ্গে তাঁর দেখা। বাহলুল ছিলেন একজন দরবেশ। বাহলুল তাঁকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হে আমীরুল মুমিনীন! কোথায় আপনার পূর্বপুরুষ? কোথায় আপনার বাবা-মা? নবীজি থেকে আপনার বাবা পর্যন্ত কোথায় তারা? খলীফা হারুনুর রশীদ বললেন, সবাই তো মারা গেছে। : কোথায় তাদের রাজপ্রাসাদ? : এগুলো তাদের রাজপ্রাসাদ ছিল। : এখন তাদের কবর কোথায়?
: এগুলোই তাদের কবর।
এবার বাহলুল বললেন, এগুলো তাদের রাজপ্রাসাদ ছিল, ওগুলো তাদের কবর ছিল, তবে তাদের এই প্রাসাদগুলো তাদের কবরে কী উপকারে এসেছে?
হারুনুর রশীদ বললেন, আপনি সত্য বলেছেন। আরও কিছু উপদেশ দিন। বাহলুল বললেন, দুনিয়ায় আপনার প্রাসাদগুলো বেশ প্রশস্ত। কিন্তু কবর? কবর তো প্রশস্ত হবে না।
এটা শুনে হারুনুর রশীদ কেঁদে ফেললেন।
বাহলুল আরও বললেন, মনে করুন, আপনি পারস্য সম্রাটের সমস্ত ধনভাণ্ডারের মালিক হলেন, ভোগ করার জন্য দীর্ঘ আয়ুও লাভ করলেন, অবশেষে কবর কি আপনার ঠিকানা নয়?
হারুনুর রশীদ বললেন, নিশ্চয়ই।
এ ঘটনার পর থেকে বাদশাহ অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু দিন পর তিনি মৃত্যু শয্যায় চলে গেলেন। মৃত্যুর কিছু দিন পূর্বে তিনি তার সকল সেনাদলকে একত্রিত করতে বললেন। অসংখ্য সেনা তরবারি আর লৌহবর্ম পরে তার সামনে উপস্থিত হল। তিনি তখন চিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন
يَا مَن لَا يَزُولُ مُلكه.. إرحم مَن قَد زَالَ مُلكه
ওহে যার রাজত্বের কখনও পতন ঘটে না, রাজত্বের পতন ঘটেছে এমন অসহায় রাজার প্রতি একটু দয়া করুন! ৭২
টিকাঃ
৭২ www.alukah.net