📄 আব্দুল্লাহ ইবনু মুবারকের কান্না
কাসিম ইবনু মুহাম্মদ বলেন
একবার আমরা আব্দুল্লাহ ইবনু মুবারকের সাথে সিরিয়া সফরে ছিলাম। মনে মনে ভাবছিলাম, লোকটার মাঝে কি এমন গুণ আছে যে, তিনি এতটা জনপ্রিয়? তিনি যদি ইবাদতগুযার হন, তাহলে আমরাও তো ইবাদত করি। তিনি যদি সিয়াম রাখেন, জিহাদে অংশগ্রহণ করেন, হজ করেন, এর সবই তো আমরা করি। তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়?
পথিমধ্যে আমরা এক বাড়ীতে রাত কাটালাম। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল, এতে আমাদের মধ্যে কেউ কেউ জেগে উঠল। এরূপ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আব্দুল্লাহ ইবনু মুবারক নিভে যাওয়া বাতিটা বাইরে নিয়ে আগুন জ্বালিয়ে ঘরে ফিরে আসলেন। প্রদীপের আলোয় হঠাৎ আমার চোখ পড়ল তাঁর চেহারার দিকে। দেখলাম চোখের পানিতে তাঁর দাঁড়ি ভিজে গেছে। মনে মনে বললাম, এই সেই আল্লাহভীতি, যা আমাদের সবার থেকে তাঁর মর্যাদাকে পৃথক করে দিয়েছে।
কারণ যখন ঘরে আলো নিভে গিয়ে চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, ইবনুল মুবারক তখন আখেরাতের অন্ধকারের কথা ভেবে অঝোর নয়নে কাঁদছিলেন। ৪৫
ساری چمک دمک تو انہی موتیوں سے ہے آنسو نہ ہوں تو عشق میں کچھ آبرو نہیں
সকল চমক সকল ঝলক পড়ে আছে এই মোতির ভেতর। চোখ যদি এই; অশ্রু না দেয় ইশকের ঘর হয় চুরমার।
টিকাঃ
৪৫ সিফাতুস সাফওয়াহ: ৪/১৪৫-১৪৬