📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 সবচেয়ে দামী আমল : গুনাহ থেকে বেঁচে থাকা

📄 সবচেয়ে দামী আমল : গুনাহ থেকে বেঁচে থাকা


হাদীসে এসেছে, আয়শা রাযি. একদিন নবীজি ﷺ-কে বললেন, পুরুষের তুলনায় মহিলাদের ঘুম বেশি। তাই আমি রাত জেগে ইবাদত করতে পারি না। ঘুম আসে। ফলে যারা রাত জেগে ইবাদত না করে তাদের থেকে তো পিছনে পড়ে গেলাম! তখন নবীজী আয়শা রাযি.-কে সান্ত্বনা দিয়ে বললেন—

“যে ব্যক্তি খুব ইবাদতকারী চেয়েও অগ্রসর হয়ে আনন্দ পেতে চায় তার জন্য উচিত হল, গুনাহসমূহ থেকে বেঁচে থাকা।”

আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. বলেন—
“গুনাহ থেকে নিরাপদ থাকার মত সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না।”

টিকাঃ
২৬ মুসনাদ আবু ইয়া'লা: ৪৯৫০
২৭ আদাবুদদুনয়া ওয়াদদীন: ১/৯৮

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 একটি চমৎকার ঘটনা

📄 একটি চমৎকার ঘটনা


কাজী আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহ.। যিনি ছিলেন একজন তাবে-তাবিয়ী। বিখ্যাত তাবিয়ী হাসান বসরী রহ. এবং মালেক ইবনু দীনার রহ.-এর শাগরিদ ছিলেন। আল্লাহর বড় অলি ছিলেন। তিনি বলেন— আমি একদিন বৃহস্পতিবার দিবাগত রাতে বাইতুল মুকাদ্দাসে সারারাত ইবাদত করলাম। ভোর রাতের দিকে মসজিদের দরজা খুললাম। মসজিদে তখন আমি ছাড়া আর কেউ ছিল না।

ইত্যবসরে কয়েকজন লোক একসঙ্গে প্রবেশ করল। প্রত্যেকের পরনে ছিল লোহা-জাতীয় পোশাক। পায়ে খেজুর পাতা দিয়ে বানানো জুতো। গলায় ঝুলানো ছিল কুরআন মাজীদ। আমি গুণে দেখলাম তাঁরা মোট আঠারো জন। তাঁদের চেহারা থেকে একপ্রকার নূরের ঝলক প্রতিভাত হচ্ছিল।

এটা দেখে আমি অভিভূত হলাম এবং প্রভাবিত হলাম। জিজ্ঞেস করলাম, আপনারা এত বড় মর্যাদা পেলেন কীভাবে? কীভাবে এত বেশি সম্মানিত হলেন? তাঁদের একজন উত্তর দিলেন—
“হে আব্দুল ওয়াহিদ! নফস-তাড়িত গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না।”

আরেকজন বললেন—
“যে ব্যক্তি নির্জনতার সময়গুলোতে আল্লাহকে লজ্জা করেনি, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি।”

আল্লাহ তাআলার কাছে বিনীত প্রার্থনা—
মাওলা আমার! আমি পরীক্ষার যোগ্য নই, আমাকে গুনাহ করার সুযোগ দিবেন না।

টিকাঃ
২৮ জামিউল উলুম ওয়াল হিকাম: ২৯৬
২৯ আযযাহির; আবুল হাসান আলী আলকুরতুবী: ৩২, ৩৩

ফন্ট সাইজ
15px
17px