📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 বানর ও কাঠমিস্ত্রী

📄 বানর ও কাঠমিস্ত্রী


কোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রী করাত দিয়ে গাছ ফাড়ছিল এবং দু'টি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত চালনা ও খিল মারা দেখছিল। বানরের মনে এসব দেখে ইচ্ছা হ'ল, সেও গাছ ফাড়বে। কাঠমিস্ত্রী খাওয়ার জন্য চলে গেলে বানর এসে গাছটির উপর এমনভাবে বসল যে, তার লেজটি তক্তার ফাঁক দিয়ে নীচে ঝুলে পড়ল। বানর করাতের কাছে ঘেঁষে যেমনি তক্তার খিল ধরে টান দিল, অমনি খিল খুলে গিয়ে দু'টি তক্তা পরস্পর মিলে গেল। আর বানরের লেজ তক্তার ফাঁকে আটকা পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল, আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো। আমি কেন করাত চালাতে আসলাম। ইতিমধ্যে কাঠমিস্ত্রী এসে উপস্থিত হ'ল এবং লাঠি দিয়ে পিটিয়ে বানরের বাঁদরামি শেষ করে দিল।

শিক্ষা: যার কাজ তার সাজে, অন্যের নয়।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 খরগোশ ও শিয়াল

📄 খরগোশ ও শিয়াল


এক নেকড়ে বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জেগে দেখল, সে মৃত্যুর কবলে। তার অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তখন অনুনয়-বিনয় করে বলতে লাগল, আমি খুব ভালো করেই জানি, আমার মতো এত দুর্বল প্রাণী জাঁহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাঁহাপনা এই এক লোকমার আশা ত্যাগ করেন, তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি, যা শিকার করলে জাঁহাপনার তৃপ্তি হবে। আর যদি তা না হয়, তাহলে বান্দাতো জাঁহাপনার খেদমতে হাযির আছেই।
কথাটা নেকড়ে বাঘের মনঃপূত হ'ল। সে খরগোশের সাথে রওয়ানা হ'ল। কাছেই শিয়ালের একটি গর্ত ছিল। খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকে, তাহ'লে এখনি সাক্ষাতের সুযোগ দিন; নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাযির হবেন।
শিয়াল ওর মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টো ধোঁকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে, এমন বুযুর্গব্যক্তি আমার মতো নাচীযের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে। কারণ আমি ঘরটিকে ঝেড়ে-মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ নেকড়ে বাঘকে এ সংবাদ জানাল এবং সে একথা শুনে খুব খুশি হ'ল। শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল। তাই নতুন করে লতা-পাতা দিয়ে ঐ গর্তটি ঢেকে দিল। খরগোশ নেকড়ে বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপে পড়ে গেল। নেকড়ে বাঘ এ ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলল।

শিক্ষা: বুদ্ধিমানকে কখনো ধোঁকা দেয়া যায় না।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 মাছের বুদ্ধিমত্তা

📄 মাছের বুদ্ধিমত্তা


কোনো এক জলাশয়ে তিনটি মাছ বাস করতো। তাদের মধ্যে একজন অতীব বুদ্ধিমান, একজন মাঝারি মানের বুদ্ধিমান এবং একজন নির্বোধ। একদিন সেখানে কয়েকজন জেলে এসে পরামর্শ করল, জাল এনে কিভাবে সেখান থেকে মাছ ধরে নেওয়া যায়। জেলেদের কথা শুনে সবচেয়ে বুদ্ধিমান মাছটি তৎক্ষণাৎ নালা দিয়ে অন্য জলাশয়ে চলে গেল। ইতিমধ্যে জেলেরা জাল এনে চারিদিক বন্ধ করে দিলো। দ্বিতীয় মাছটি যখন দেখল যে, সে আটকা পড় গেছে তখন তার অর্ধেক বুদ্ধির জোরে নিজেকে মরার মতো করে পানির উপর ভাসিয়ে দিলো। জেলেরা ওকে মরা মনে করে জালের বাইরে ফেলে দিল। ফলে সেও বেঁচে গেল। আর তৃতীয় নির্বোধ মাছটি ওদের জালে আটকা পড়ল।

শিক্ষা: বিপদে পড়েও যে নিজেকে রক্ষার উপায় অবলম্বন করে না, সে মূর্খ।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 কচ্ছপ ও হাঁস

📄 কচ্ছপ ও হাঁস


এক পুকুরে দু'টি হাঁস এবং একটি কচ্ছপ বাস করতো। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। পুকুরের পানি শুকিয়ে গেলে হাঁস দু'টি কচ্ছপকে বলল, বন্ধু! এখানে আর আমাদের থাকা সম্ভব নয়। কাজেই এবার আমাদের বিদায় নিতে হবে।
কচ্ছপ বলল, তা কি করে হয়? তোমাদেরকে বিদায় দিয়ে আমি একা এখানে থাকব কিভাবে? তোমাদের বিরহ-বেদনা সহ্য করার ক্ষমতা আমার নেই। তাই আমিও ভাবছি, পুকুরের পানি একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথে চলে যাব। হাঁস দু'টি বলল, কিন্তু আমাদের সাথে তুমি যাবে কি করে? কারণ আমরা উড়তে পারি, তুমি তো আকাশে উড়তে পারো না?
কচ্ছপ বলল, এর উপায়ও তোমরাই চিন্তা করো। হাঁস দু'টি কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে। কিন্তু শর্ত হ'ল সর্বদা আমাদের কথা মেনে চলতে হবে। আমরা তোমাকে নিয়ে যখন উড়াল দিব, তখন তা দেখে নিচের লোকেরা চেঁচামেচি করবে, কিন্তু সাবধান! তুমি টু শব্দটিও করতে পারবে না।
কচ্ছপ এ শর্ত মেনে নিল। হাঁস দু'টি বুদ্ধি করে একটি কাঠি এনে কচ্ছপের মুখে দিয়ে বলল, একে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবে। এ বলে দু'দিক থেকে দুই হাঁস কাঠিটি ঠোঁটে চেপে ধরে আকাশে উড়ল। যাওয়ার পথে ওরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল। লোকেরা এভাবে তাদেরকে উড়তে দেখে চিৎকার করে বলতে শুরু করল, আরে কি মজার ব্যাপার, দেখো দু'টি হাঁস একটি কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ চুপ করেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না। সে বলতে চাইল যে, তাতে তোদের কি? কিন্তু কথা শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠি ছুটে গেল, আর সে মাটিতে পড়ে পটল তুলল। হাঁস দু'টি চিৎকার করে বলল, বন্ধুর কাজ হ'ল উপদেশ দেয়া আর যারা সৌভাগ্যবান, তারাই শুধু সে উপদেশ থেকে লাভবান হয়।

শিক্ষা: যারা হিতাকাঙ্খী বন্ধুর কথা শোনে না তারা বিপদে পড়ে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00