📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 গণ্য-মান্য-নগণ্য-জঘন্য

📄 গণ্য-মান্য-নগণ্য-জঘন্য


আরব দেশের জনৈক সাহিত্যিক বর্ণনা করেন যে, আমি বাগদাদ নগরীর দেশবরেণ্য এক ধনী ব্যক্তির মজলিসে আমন্ত্রিত হ'লাম। আমি যাওয়ার পূর্বে শতাধিক ওলামায়ে কেরাম উক্ত মজলিসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিতিদের অনেকেই আমার পরিচিত ছিলেন, আবার অনেকে ছিলেন অপরিচিত। দাওয়াতদাতা দশ বস্তা 'আখরোট' মঞ্চের সামনে উপস্থিত করলেন। উদ্দেশ্য ছিল, দাওয়াতী মেহমানদেরকে 'আখরোট' দিয়ে বিদায় জানাবেন। ইতিমধ্যে উষ্কখুষ্ক চুলবিবিষ্ট আলখেল্লা পরিহিত এক পাগল এসে সভাপতির সামনে হাযির হ'ল। সে সকলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অভিনব কৌশলে সভাপতিকে লম্বা সালাম ঠুকে বলল, 'মারহাবান বিকা ইয়া রাঈসাল হাফলাহ, মা হাযিহি'? 'মহামান্য সভাপতি! আপনাকে ধন্যবাদ। এগুলি কি'? সভাপতি তার বাক্যালাপের ভাব বুঝতে পেরে তাকে একটা আখরোট দিলেন। ফলটি পেয়ে পাগল খুশীতে বাগবাগ হয়ে একবার ফলের দিকে আর একবার সভাপতির দিকে তাকাতে লাগল।
অতঃপর সে আরেকটি ফল পাবার আশায় বেশ সুর-তাল দিয়ে দু'সংখ্যা বিশিষ্ট কুরআন মাজীদের এই আয়াতাংশ পাঠ করল, ثَانِيَ اثْنَيْنِ 'তিনি ছিলেন দু'জনের দ্বিতীয়জন' (তওবা ৪০)।
সভাপতি পাগলের তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে দ্বিতীয় ফলটি দান করলেন।
পাগল আরেকটি ফল পাবার প্রত্যাশায় গুরুগম্ভীর সুরে فَعَزَّزْنَا بَثَالث 'অতঃপর আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে' (ইয়াসীন ১৪) এই আয়াতাংশ পাঠ করল। সভাপতি তার তেলাওয়াত শুনে খুশী হয়ে তাকে তৃতীয় ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল গ্রহণের জন্য আকর্ষণীয় ভঙ্গিমায় কুরআন মাজীদের ‘চার’ সংখ্যা বিশিষ্ট একটি আয়াতাংশ তেলাওয়াত করল- فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ ‘তাহলে চারটি পাখিকে ধর’ (বাক্বারাহ ২৬০)।
সভাপতিসহ মজলিসের সকলেই তার প্রতি মুগ্ধ হয়ে তাকে ৪র্থ ফলটি দান করলেন। এমনি করে সে পঞ্চম ফলটি পাবার লক্ষ্যে ‘পাঁচ’ উল্লেখ আছে এমন আয়াতাংশ পাঠ করল, هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلائِكَةِ ‘তোমাদের প্রতিপালক তোমাদেরকে পাঁচ হাযার ফেরেশতা দ্বারা সাহায্য করবেন’ (আলে ইমরান ১২৫)। সভাপতি তাকে ৫ম ফলটি প্রদান করলেন।
এবার পাগল পঞ্চম ফলটি পেয়ে খুশীতে আটখানা হয়ে আরেকটি ফল গ্রহণের উদ্দেশ্যে ‘ছয়' সংখ্যা আছে এমন দু'টি আয়াতাংশ পাঠ করল, وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ ‘পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ’ (নিসা ১১)।
الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন' (সাজদাহ ৪)। সভাপতি তার আয়াত পাঠে মুগ্ধ হয়ে তাকে ৬ষ্ঠ ফলটি প্রদান করলেন।
লোভী পাগল লোভ সামলাতে না পেরে আরেকটি ফল পাবার উদ্দেশ্যে এক অভিনব সুরে কুরআন মাজীদের ঐসব আয়াত পাঠ করল, যার মধ্যে ‘সাত’ উল্লেখ আছে। যেমন- (১) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ ‘যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত্রি' (হা-ক্বাহ ৭)। (২) الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا 'তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন' (মুলক ৩)। অতঃপর সভাপতি তাকে ৭ম ফলটি প্রদান করলেন।
পাগল তো পাগলই, সে আরেকটি ফল পাবার প্রত্যাশায় এমন কতগুলি আয়াত পাঠ করতে লাগল যার মাধ্যে ‘আট’ উল্লেখ আছে। যেমন- (১) ثَمَانِيَةَ أَزْوَاجِ 'সৃষ্টি করেছেন আটটি নর ও মাদী' (আন'আম ১৪৩)। (২) وَثَامِنُهُمْ كُلْبُهُمْ ‘তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর' (কাহফ ২২)। সামান্য একজন পাগলের মুখ থেকে কুরআনের এতসব আয়াত শুনে সভাপতি তাকে ৮ম ফলটি প্রদান করলেন। পাগল আবারো আরেকটি ফল প্রাপ্তির আশায় 'নয়' উল্লেখ আছে এমন সব আয়াত তেলাওয়াত করতে লাগল। যেমন- (১) وَلَقَدْ آتَيْنَا مُوْسَى تِسْعَ آيَاتِ بَيِّنَاتٍ 'আমি মূসাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দান করেছি' (বনী ইসরাঈল ১০১)। (২) فِي تِسْعِ آيَاتٍ إِلَى فِرْعَوْنَ وَقَوْمِه 'এগুলি ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্গত' (নামল ১২)। সভাপতিসহ উপস্থিত সকলেই তার তেলাওয়াতে অভিভূত হয়ে তাকে নবম ফলটি দান করলেন।
পাগল এবারে কুরআন মাজীদের ঐ সব আয়াত পাঠ করতে লাগল, যেগুলিতে 'দশ' উল্লেখ আছে। যেমন- (১) تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ 'এভাবে দশটি ছিয়াম পূর্ণ হয়ে যাবে' (বাক্বারাহ ১৯৬)। (২) مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ‘যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ ছওয়াব পাবে' (আন'আম ১৬০) ইত্যাদি। সভাপতি মুগ্ধ হয়ে তাকে 'দশম' ফলটি দিলেন। এতদসত্ত্বেও পাগলের লোভ থামল না। সে আরেকটি ফল পাবার আশায় 'এগার' উল্লেখ আছে এমন আয়াত পড়ল, إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا 'আমি এগারটি তারা দেখেছি' (ইউসুফ ৪)। সভাপতি তাকে একাদশ ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল পাবার আশায় 'বার' সংখ্যা উল্লেখ আছে এমন একটি আয়াত পাঠ করল। যেমন, وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيْبًا 'আমি তাদের মধ্য থেকে বার জন সর্দার নিযুক্ত করেছিলাম' (মায়েদা ১২)। সভাপতি পাগলকে দ্বাদশ ফলটি প্রদান করলেন।
এরপর পাগল চিন্তা করল এভাবে ১-২-৩ করে হবে না; বরং আরো বেশী করে নিতে হবে। এরপর সে আরো বেশী ফল প্রাপ্তির আশায় এমন এক আয়াত পাঠ করল যার মধ্যে 'বিশ'-এর উল্লেখ আছে। যেমন - إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُوْنَ তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল ব্যক্তি থাকে' (আনফাল ৬৫)। সভাপতি তাকে বিশটি ফল দান করলেন।
পাগল আবারও অধিক ফল গ্রহণের জন্য সভার সমস্ত লোককে বিমোহিত করে এমন একটি আয়াত পাঠ করল, যেখানে ৫০ সংখ্যা উল্লেখ আছে। যেমন- إِلَّا خَمْسِيْنَ عَامًا তবে ৫০ বছর ছাড়া' (আনকাবূত ১৪)। সভাপতি আয়াত শুনে ৫০টি ফল প্রদান করলেন। পাগল এর চেয়ে বেশী নেওয়ার জন্য আরো কিছু আয়াত পাঠ করল, যাতে ১০০ সংখ্যার উল্লেখ আছে। যেমন- (১( فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ‘অতঃপর আল্লাহ তাকে একশ' বছর মৃত অবস্থায় রাখলেন' (বাক্বারাহ ২৫৯) । (২( فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ 'প্রত্যেক শীষে একশ' করে দানা থাকে' (বাক্বারাহ ২৬১)। সভাপতি পাগলের মতলব বুঝে ১০০টি ফল দান করলেন।
পাগল এবার ২০০ সংখ্যা বিশিষ্ট কুরআনের আয়াত পাঠ করল, يَغْلِبُوا مَائَتَيْنِ 'তবে তারা জয়ী হবে দু'শ ব্যক্তির উপর' (আনফাল ৬৬)। সভাপতি আয়াত শুনে ২০০ ফল প্রদান করলেন। পাগল আবারো অধিক পরিমাণে ফল লাভ করার জন্য ৫০ হাযার সংখ্যার আয়াত পাঠ করে বিমোহিত করল। যেমন- كَانَ مِقْدَارُهُ خَمْسِيْنَ أَلْفَ سَنَةِ 'যার পরিমাণ পঞ্চাশ হাযার বছর' (মা'আরিজ ৪)। সভাপতি তাকে সবশেষে আখরোটের দশ বস্তা ফল দিয়ে বললেন, নাও পেটুক, তুমি একাই সব খাও।
পাগল জবাবে বলল, মাননীয় সভাপতি! আপনি আমাকে বদদো'আ দিচ্ছেন কেন? আমি তো কুরআনের আয়াত পাঠ করেই আপনাদের উপকার করছিলাম। আপনি যদি বিরক্ত না হ'তেন, তাহলে আপনার নিকট থেকে এভাবে পবিত্র কুরআনের আয়াতাংশ পাঠ করে লক্ষাধিক ফল গ্রহণ করতাম (ছাফফাত ৩৭/১৪৭)।
অতঃপর পাগল সভাপতিকে লক্ষ্য করে বলল, মহামান্য সভাপতি! আমি সম্বলহীন একজন পবিত্র কুরআনের হাফেয ও নিঃস্ব গরীব। এইভাবে পাগলের বেশে আমি নিজের জীবিকা অন্বেষণ করে থাকি। এই ভরা মজলিসে আপনারা সকলেই গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর আমি নগণ্য-জঘন্য। আমার পরিচয় আপনারা কেউ নিলেন না। এই বলে সে মজলিস ত্যাগ করে বিদায় নিল।

শিক্ষা : প্রতিভা আল্লাহ্র দান। বাহ্যিক বেশ-ভূষায় অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় না।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 উচিত জবাব

📄 উচিত জবাব


একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এ চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন চারটি হ'ল :
(১) বলা হয় যে, আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয়, তবে আমরা তাঁকে দেখতে পাই না কেন?
(২) না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন?
(৩) ইবলীস তথা জিন জাতি আগুনের তৈরী। সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে?
(৪) বলা হয় যে, আল্লাহ্র ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাই যদি হয়, তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন?
দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ঐ নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব।
অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাযীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাযী ঐ নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, 'আপনি ঐ ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন'?
উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হ'ল, এ রহস্য উদঘাটন করার অনুরোধ করা হ'লে দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সবকিছুর স্রষ্টা অথচ তাঁকে দেখা যায় না কেন? জবাব হ'ল, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে। এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাঁকে চর্মচোখে দেখা যায় না।
তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন?
চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়?
তার তৃতীয় প্রশ্ন ছিল- শয়তান ও জিন আগুনের তৈরী হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? উত্তর: মানুষও মাটির তৈরী। মাটির তৈরী মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায়, তবে আগুনের তৈরী জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন?
তার চতুর্থ প্রশ্ন ছিল- আল্লাহ্র ইচ্ছা ছাড়া কোন কিছুই ঘটে না, তাহ'লে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন?
উত্তর: আল্লাহ্র ইচ্ছায় যখন সবকিছু হয়, তবে ঢিল ছুঁড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবইতো তাঁর ইচ্ছাতেই হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার, সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে?
দরবেশের এ অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল।

শিক্ষা : 'আল্লাহ আরশে সমাসীন' (ত্ব-হা ৫)। তিনি সেখান থেকে গোটা সৃষ্টিজগত পরিচালনা করছেন। তাঁর এখতিয়ারের বাইরে কোন কিছুই নেই। তাঁকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সবকিছুই তাঁর আয়ত্বাধীন। তিনি 'কুন' (হও) বললেই হয়ে যায়। তিনি অসীম, সর্বময় ক্ষমতার অধিকারী। সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তাঁর সৃষ্টির বিশালত্বকে আয়ত্ব করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয়।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 সিংহ ও ইঁদুর

📄 সিংহ ও ইঁদুর


এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হ'ল। ইঁদুরটি অত্যন্ত বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। একথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি? যাক সিংহটি তাকে ছেড়ে দিল।
এর কিছুদিন পরের ঘটনা। সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করল। কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করল। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সংগে বলল, 'তোকে আমি অবজ্ঞা করেছিলাম। কিন্তু বুঝলাম, কাউকে অবজ্ঞা করতে নেই'।

শিক্ষা: ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। বিপদে যে কেউ উপকারে আসতে পারে।

📘 গল্পের মাধ্যমে জ্ঞান > 📄 শিকারী ও ঘুঘু

📄 শিকারী ও ঘুঘু


নদীর তীরের একটি গাছের উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে। সে দেখতে পেল, একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পিঁপড়ার প্রতি তার দয়া হ'ল। তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল।
পিঁপড়াটির বাসা ঐ গাছের কাছেই। একদিন সে গাছে ঘুঘুটি বসে রয়েছে। এক শিকারী ঘুঘুকে লক্ষ্য করে তার ধনুকে তীর সংযোগ করল। সে তীর ছুঁড়তে যাচ্ছে, এমন সময় ঐ পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে সে জোরে 'উহ' করে উঠল। পাখীটি শব্দ শুনে উড়ে গেল। তীর লক্ষ্যভ্রষ্ট হ'ল।

শিক্ষা: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00