📄 আদর্শ পিতা-মাতার যোগ্য সন্তান
এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল। তখন তার স্ত্রী গর্ভবতী। যাবার সময় সে স্ত্রীর কাছে ত্রিশ হাযার স্বর্ণমুদ্রা রেখে গেল। এরপর বহু বছর কেটে যায়। যোদ্ধার ফেরার নাম নেই। অবশেষে দীর্ঘ ঊনত্রিশ বছর পর সে বাড়ি ফিরে আসে। ঘোড়া থেকে নেমে সৈনিক বর্শা নিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টগবগে যুবক বেরিয়ে আসে। যুবক আগন্তুকের হাতে বর্শা দেখে বলল, হে আল্লাহ্র দুশমন! তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছ? লোকটি একথা শুনে তাজ্জব বনে গেল। বলে কি এই যুবক! আমার বাড়ি এটা, অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত করছে? বীর সৈনিক গর্জে উঠে বলল, কে তুমি? তোমার সাহস তো কম নয়? আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকেই ডাকাত বলছ? একথা শুনে যুবকের চোখ ছানাবড়া হওয়ার জো। এই অচেনা-অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মত কথা বলছে। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। তাদের লড়াই ও হুংকারে পাড়ার সব লোক এসে জড়ো হ'ল এবং কোনমতে তাদের থামাতে সক্ষম হ'ল। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বলল, একে কাযীর দরবারে সোপর্দ না করে কিছুতেই ছাড়ছি না। লোকটিও হুংকার ছেড়ে বলল, এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে।
প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা বলল, ভাই আপনি বোধ হয় বাড়ি চিনতে ভুল করেছেন। এই বাড়ি ওদেরই। ওরা বহুদিন ধরে এখানে আছে। লোকটি বলল, হ'তেই পারে না। আমি ঠিক চিনেছি, এ বাড়ি আমার। আমি তো অমুক গোত্রের সর্দার। তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল, রাবী'আহ চুপ কর। উনি তোর বাবা, আমার স্বামী।
মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল। সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল। বলল, আব্বা আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে চিনতে পারিনি। লোকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল। ছেলে বলল, ঘরে চল বাবা, কিছু মনে কর না। ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল, আমার ছেলে এত বড় হয়েছে? স্ত্রী বলল, হবে না। সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন, ফিরলেন এতদিন পরে। লোকটি বলল, আমার সেই ত্রিশ হাযার স্বর্ণমুদ্রা কোথায় রেখেছ? এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল, এখানে আরো চল্লিশ হাযার স্বর্ণমুদ্রা আছে, একসাথে রাখ। স্ত্রী বলল, সেগুলো আমি পুঁতে রেখেছি। কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে ছালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল। ছালাত শেষে লোকটি দেখল, মসজিদ চত্বরে বহু লোকের সমাগম। পাঠচক্র চলছে। কাছে গিয়ে দেখল, এক অল্প বয়সী যুবক জড়সড় হয়ে অধোমুখে দরস দিচ্ছে। আর বহু গণ্যমান্য আলেম-ওলামা একান্ত মনোযোগের সাথে তার দরস শুনছেন। লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করল, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? লোকটি বলল, তিনি হলেন মদীনা নগরীর সবচেয়ে বড় ফক্বীহ ইমাম রাবী'আতুর রায়। বাবা ছেলের পরিচয় পেয়ে যারপর নাই খুশি হ'লেন। হৃদয়ের দুকূল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল। তিনি প্রাণভরে ছেলের জন্য দো'আ করলেন ও আল্লাহ্র শুকরিয়া আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি, যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি। সত্যিই আমি সৌভাগ্যবান। স্ত্রী তখন হেসে বলল, আপনি এই ত্রিশ হাযার মুদ্রা চান, না এই ছেলেকে চান? আপনার রেখে যাওয়া ত্রিশ হাযার স্বর্ণমুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি। আপনি খুশী হয়েছেন? তিনি বললেন, আজ আমার খুশির সীমা নেই। তোমার মত মহীয়সী মা যার আছে, তার এমনটি হওয়া্ইতো স্বাভাবিক। আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছ। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন!
শিক্ষা: আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন আদর্শ মা।
📄 হাতেম তাঈর মহত্ত্ব
হাতেম তাঈ দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর দানশীলতার সুনামে বাদশাহ নওফেল ক্রোধান্বিত হলেন। কারণ তিনিও একজন দাতা ছিলেন। কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে। বাদশাহর দান হাতেমের দানের কাছে ম্লান ও নিষ্প্রভ। যেন চাঁদের আলোর কাছে তারার আলো। বাদশাহ শুধু এ কারণেই ক্রোধান্বিত হয়ে ফরমান জারী করলেন, 'যে কেউ হাতেমকে ধরিয়ে দিতে পারবে, তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে'।
ঘোষণাটি হাতেমও শুনতে পেলেন। তিনি তাঁর অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না। তিনি এক গভীর জংগলে আত্মগোপন করে রইলেন।
পুরস্কারের লোভে অনেকেই হাতেমকে হন্যে হয়ে খুঁজতে লাগল। এক কাঠুরে ও তার স্ত্রী হাতেমের লুকিয়ে থাকা জংগলে কাঠ কাটতে এলো। স্ত্রী বাদশাহর ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল, 'আমরা যদি হাতেমকে পেতাম, তাহ'লে তাঁকে বাদশাহর নিকট হাযির করলে আমাদেরকে আর কাঠ কেটে খেতে হত না'। স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হ'ল এবং স্ত্রীকে ভর্ৎসনা করল। কাঠুরে বলল, 'আমি এভাবে ধনী হ'তে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি'। স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল।
হাতেম স্বামী-স্ত্রীর কথোপকথন শুনছিলেন। তিনি ভাবলেন, 'আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কি? বরং আমি কাঠুরেকে ধরা দিলে তারা আমাকে বাদশাহর নিকট হাযির করে পুরস্কৃত হয়ে উপকৃত হ'তে পারবে'। যেই ভাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরেকে ধরা দিলেন। কাঠুরে তাঁকে নিয়ে বাদশাহর নিকট যেতে অস্বীকৃতি জানালো।
এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হ'ল। তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশাহর নিকট উপস্থিত করল এবং পুরস্কার দাবী করল। কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতেম বললেন, এই কাঠুরেই প্রথমে আমাকে ধরেছে। অতএব, পুরস্কার সেই পাবে। কাঠুরে বলল, 'না, আমি তাঁকে মোটেই ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন। যাতে আমরা তাঁকে আপনার নিকট হাযির করে পুরস্কার পেয়ে উপকৃত হই'। বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন, হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি। তাই তাঁকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন।
শিক্ষা: দানশীলতা অতি উত্তম মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয়। এটি পরকালীন পাথেয় সঞ্চয়ের অন্যতম মাধ্যম।
📄 গণ্য-মান্য-নগণ্য-জঘন্য
আরব দেশের জনৈক সাহিত্যিক বর্ণনা করেন যে, আমি বাগদাদ নগরীর দেশবরেণ্য এক ধনী ব্যক্তির মজলিসে আমন্ত্রিত হ'লাম। আমি যাওয়ার পূর্বে শতাধিক ওলামায়ে কেরাম উক্ত মজলিসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিতিদের অনেকেই আমার পরিচিত ছিলেন, আবার অনেকে ছিলেন অপরিচিত। দাওয়াতদাতা দশ বস্তা 'আখরোট' মঞ্চের সামনে উপস্থিত করলেন। উদ্দেশ্য ছিল, দাওয়াতী মেহমানদেরকে 'আখরোট' দিয়ে বিদায় জানাবেন। ইতিমধ্যে উষ্কখুষ্ক চুলবিবিষ্ট আলখেল্লা পরিহিত এক পাগল এসে সভাপতির সামনে হাযির হ'ল। সে সকলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অভিনব কৌশলে সভাপতিকে লম্বা সালাম ঠুকে বলল, 'মারহাবান বিকা ইয়া রাঈসাল হাফলাহ, মা হাযিহি'? 'মহামান্য সভাপতি! আপনাকে ধন্যবাদ। এগুলি কি'? সভাপতি তার বাক্যালাপের ভাব বুঝতে পেরে তাকে একটা আখরোট দিলেন। ফলটি পেয়ে পাগল খুশীতে বাগবাগ হয়ে একবার ফলের দিকে আর একবার সভাপতির দিকে তাকাতে লাগল।
অতঃপর সে আরেকটি ফল পাবার আশায় বেশ সুর-তাল দিয়ে দু'সংখ্যা বিশিষ্ট কুরআন মাজীদের এই আয়াতাংশ পাঠ করল, ثَانِيَ اثْنَيْنِ 'তিনি ছিলেন দু'জনের দ্বিতীয়জন' (তওবা ৪০)।
সভাপতি পাগলের তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে দ্বিতীয় ফলটি দান করলেন।
পাগল আরেকটি ফল পাবার প্রত্যাশায় গুরুগম্ভীর সুরে فَعَزَّزْنَا بَثَالث 'অতঃপর আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে' (ইয়াসীন ১৪) এই আয়াতাংশ পাঠ করল। সভাপতি তার তেলাওয়াত শুনে খুশী হয়ে তাকে তৃতীয় ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল গ্রহণের জন্য আকর্ষণীয় ভঙ্গিমায় কুরআন মাজীদের ‘চার’ সংখ্যা বিশিষ্ট একটি আয়াতাংশ তেলাওয়াত করল- فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ ‘তাহলে চারটি পাখিকে ধর’ (বাক্বারাহ ২৬০)।
সভাপতিসহ মজলিসের সকলেই তার প্রতি মুগ্ধ হয়ে তাকে ৪র্থ ফলটি দান করলেন। এমনি করে সে পঞ্চম ফলটি পাবার লক্ষ্যে ‘পাঁচ’ উল্লেখ আছে এমন আয়াতাংশ পাঠ করল, هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلائِكَةِ ‘তোমাদের প্রতিপালক তোমাদেরকে পাঁচ হাযার ফেরেশতা দ্বারা সাহায্য করবেন’ (আলে ইমরান ১২৫)। সভাপতি তাকে ৫ম ফলটি প্রদান করলেন।
এবার পাগল পঞ্চম ফলটি পেয়ে খুশীতে আটখানা হয়ে আরেকটি ফল গ্রহণের উদ্দেশ্যে ‘ছয়' সংখ্যা আছে এমন দু'টি আয়াতাংশ পাঠ করল, وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ ‘পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ’ (নিসা ১১)।
الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন' (সাজদাহ ৪)। সভাপতি তার আয়াত পাঠে মুগ্ধ হয়ে তাকে ৬ষ্ঠ ফলটি প্রদান করলেন।
লোভী পাগল লোভ সামলাতে না পেরে আরেকটি ফল পাবার উদ্দেশ্যে এক অভিনব সুরে কুরআন মাজীদের ঐসব আয়াত পাঠ করল, যার মধ্যে ‘সাত’ উল্লেখ আছে। যেমন- (১) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ ‘যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত্রি' (হা-ক্বাহ ৭)। (২) الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا 'তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন' (মুলক ৩)। অতঃপর সভাপতি তাকে ৭ম ফলটি প্রদান করলেন।
পাগল তো পাগলই, সে আরেকটি ফল পাবার প্রত্যাশায় এমন কতগুলি আয়াত পাঠ করতে লাগল যার মাধ্যে ‘আট’ উল্লেখ আছে। যেমন- (১) ثَمَانِيَةَ أَزْوَاجِ 'সৃষ্টি করেছেন আটটি নর ও মাদী' (আন'আম ১৪৩)। (২) وَثَامِنُهُمْ كُلْبُهُمْ ‘তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর' (কাহফ ২২)। সামান্য একজন পাগলের মুখ থেকে কুরআনের এতসব আয়াত শুনে সভাপতি তাকে ৮ম ফলটি প্রদান করলেন। পাগল আবারো আরেকটি ফল প্রাপ্তির আশায় 'নয়' উল্লেখ আছে এমন সব আয়াত তেলাওয়াত করতে লাগল। যেমন- (১) وَلَقَدْ آتَيْنَا مُوْسَى تِسْعَ آيَاتِ بَيِّنَاتٍ 'আমি মূসাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দান করেছি' (বনী ইসরাঈল ১০১)। (২) فِي تِسْعِ آيَاتٍ إِلَى فِرْعَوْنَ وَقَوْمِه 'এগুলি ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্গত' (নামল ১২)। সভাপতিসহ উপস্থিত সকলেই তার তেলাওয়াতে অভিভূত হয়ে তাকে নবম ফলটি দান করলেন।
পাগল এবারে কুরআন মাজীদের ঐ সব আয়াত পাঠ করতে লাগল, যেগুলিতে 'দশ' উল্লেখ আছে। যেমন- (১) تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ 'এভাবে দশটি ছিয়াম পূর্ণ হয়ে যাবে' (বাক্বারাহ ১৯৬)। (২) مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ‘যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ ছওয়াব পাবে' (আন'আম ১৬০) ইত্যাদি। সভাপতি মুগ্ধ হয়ে তাকে 'দশম' ফলটি দিলেন। এতদসত্ত্বেও পাগলের লোভ থামল না। সে আরেকটি ফল পাবার আশায় 'এগার' উল্লেখ আছে এমন আয়াত পড়ল, إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا 'আমি এগারটি তারা দেখেছি' (ইউসুফ ৪)। সভাপতি তাকে একাদশ ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল পাবার আশায় 'বার' সংখ্যা উল্লেখ আছে এমন একটি আয়াত পাঠ করল। যেমন, وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيْبًا 'আমি তাদের মধ্য থেকে বার জন সর্দার নিযুক্ত করেছিলাম' (মায়েদা ১২)। সভাপতি পাগলকে দ্বাদশ ফলটি প্রদান করলেন।
এরপর পাগল চিন্তা করল এভাবে ১-২-৩ করে হবে না; বরং আরো বেশী করে নিতে হবে। এরপর সে আরো বেশী ফল প্রাপ্তির আশায় এমন এক আয়াত পাঠ করল যার মধ্যে 'বিশ'-এর উল্লেখ আছে। যেমন - إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُوْنَ তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল ব্যক্তি থাকে' (আনফাল ৬৫)। সভাপতি তাকে বিশটি ফল দান করলেন।
পাগল আবারও অধিক ফল গ্রহণের জন্য সভার সমস্ত লোককে বিমোহিত করে এমন একটি আয়াত পাঠ করল, যেখানে ৫০ সংখ্যা উল্লেখ আছে। যেমন- إِلَّا خَمْسِيْنَ عَامًا তবে ৫০ বছর ছাড়া' (আনকাবূত ১৪)। সভাপতি আয়াত শুনে ৫০টি ফল প্রদান করলেন। পাগল এর চেয়ে বেশী নেওয়ার জন্য আরো কিছু আয়াত পাঠ করল, যাতে ১০০ সংখ্যার উল্লেখ আছে। যেমন- (১( فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ‘অতঃপর আল্লাহ তাকে একশ' বছর মৃত অবস্থায় রাখলেন' (বাক্বারাহ ২৫৯) । (২( فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ 'প্রত্যেক শীষে একশ' করে দানা থাকে' (বাক্বারাহ ২৬১)। সভাপতি পাগলের মতলব বুঝে ১০০টি ফল দান করলেন।
পাগল এবার ২০০ সংখ্যা বিশিষ্ট কুরআনের আয়াত পাঠ করল, يَغْلِبُوا مَائَتَيْنِ 'তবে তারা জয়ী হবে দু'শ ব্যক্তির উপর' (আনফাল ৬৬)। সভাপতি আয়াত শুনে ২০০ ফল প্রদান করলেন। পাগল আবারো অধিক পরিমাণে ফল লাভ করার জন্য ৫০ হাযার সংখ্যার আয়াত পাঠ করে বিমোহিত করল। যেমন- كَانَ مِقْدَارُهُ خَمْسِيْنَ أَلْفَ سَنَةِ 'যার পরিমাণ পঞ্চাশ হাযার বছর' (মা'আরিজ ৪)। সভাপতি তাকে সবশেষে আখরোটের দশ বস্তা ফল দিয়ে বললেন, নাও পেটুক, তুমি একাই সব খাও।
পাগল জবাবে বলল, মাননীয় সভাপতি! আপনি আমাকে বদদো'আ দিচ্ছেন কেন? আমি তো কুরআনের আয়াত পাঠ করেই আপনাদের উপকার করছিলাম। আপনি যদি বিরক্ত না হ'তেন, তাহলে আপনার নিকট থেকে এভাবে পবিত্র কুরআনের আয়াতাংশ পাঠ করে লক্ষাধিক ফল গ্রহণ করতাম (ছাফফাত ৩৭/১৪৭)।
অতঃপর পাগল সভাপতিকে লক্ষ্য করে বলল, মহামান্য সভাপতি! আমি সম্বলহীন একজন পবিত্র কুরআনের হাফেয ও নিঃস্ব গরীব। এইভাবে পাগলের বেশে আমি নিজের জীবিকা অন্বেষণ করে থাকি। এই ভরা মজলিসে আপনারা সকলেই গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর আমি নগণ্য-জঘন্য। আমার পরিচয় আপনারা কেউ নিলেন না। এই বলে সে মজলিস ত্যাগ করে বিদায় নিল।
শিক্ষা : প্রতিভা আল্লাহ্র দান। বাহ্যিক বেশ-ভূষায় অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় না।
📄 উচিত জবাব
একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এ চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন চারটি হ'ল :
(১) বলা হয় যে, আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয়, তবে আমরা তাঁকে দেখতে পাই না কেন?
(২) না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন?
(৩) ইবলীস তথা জিন জাতি আগুনের তৈরী। সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে?
(৪) বলা হয় যে, আল্লাহ্র ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাই যদি হয়, তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন?
দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ঐ নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব।
অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাযীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাযী ঐ নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, 'আপনি ঐ ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন'?
উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হ'ল, এ রহস্য উদঘাটন করার অনুরোধ করা হ'লে দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সবকিছুর স্রষ্টা অথচ তাঁকে দেখা যায় না কেন? জবাব হ'ল, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে। এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাঁকে চর্মচোখে দেখা যায় না।
তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন?
চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়?
তার তৃতীয় প্রশ্ন ছিল- শয়তান ও জিন আগুনের তৈরী হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? উত্তর: মানুষও মাটির তৈরী। মাটির তৈরী মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায়, তবে আগুনের তৈরী জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন?
তার চতুর্থ প্রশ্ন ছিল- আল্লাহ্র ইচ্ছা ছাড়া কোন কিছুই ঘটে না, তাহ'লে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন?
উত্তর: আল্লাহ্র ইচ্ছায় যখন সবকিছু হয়, তবে ঢিল ছুঁড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবইতো তাঁর ইচ্ছাতেই হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার, সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে?
দরবেশের এ অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল।
শিক্ষা : 'আল্লাহ আরশে সমাসীন' (ত্ব-হা ৫)। তিনি সেখান থেকে গোটা সৃষ্টিজগত পরিচালনা করছেন। তাঁর এখতিয়ারের বাইরে কোন কিছুই নেই। তাঁকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সবকিছুই তাঁর আয়ত্বাধীন। তিনি 'কুন' (হও) বললেই হয়ে যায়। তিনি অসীম, সর্বময় ক্ষমতার অধিকারী। সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তাঁর সৃষ্টির বিশালত্বকে আয়ত্ব করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয়।