📘 গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাঃ > 📄 সুসংবাদ

📄 সুসংবাদ


খাদিজা বিষয়টি আঁচ করতে পারলেন। লাজরাঙা মুখে দাঁড়িয়ে রইলেন। মুখে মৃদু হাসির স্নিগ্ধ প্রভা। খোআইলিদ খাদিজার দিকে তাকালেন, তার কাজল-কালো ডাগর চোখের দিকে তাকালেন। মৃদু হাসির উজ্জ্বল দ্যুতিতে দ্যোতিত তার সুবিন্যস্ত দন্তরাজির দিকে তাকালেন। তারপর স্নেহভরা কণ্ঠে বললেন:

—খাদিজা! কয়েক দিনের মধ্যেই তো আমাদের বাণিজ্য-কাফেলা শাম যাচ্ছে বিপুল পণ্য নিয়ে। তুমি তো সবকিছুর ওপর চোখ রাখছো। আমাদের সার্বিক প্রস্তুতি ও অবস্থা নিয়ে তোমার মন্তব্য কী?

খাদিজার মণিমুক্তা-সদৃশ দন্তরাজি ঝলমল করে উঠলো। মৃদুল হাসির পরাগে পরাগে বিনয়-নম্রতা ও আদবের সৌরভ ছড়িয়ে খাদিজা বললেন:

—চমৎকার এক কাফেলা! সাফল্য বয়ে আনবেই! লাভজনক ব্যবসা, কিছুতেই ব্যর্থ হবে না! আমাদের দক্ষ শ্রমিকরা ওখানে যে-সব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে তার সবই নিয়েছে। সব মিলিয়ে চমৎকার প্রস্তুতি। সুশৃঙ্খল ব্যবস্থাপনা।

খোআইলিদ অপলক তাকিয়ে মেয়ের কথা শুনলেন। তাঁর ঠোঁটে তৃপ্তির, সন্তুষ্টির মৃদু হাসি! বললেন:

—খাদিজা! আমাদের কাফেলায় যে-সব শ্রমিক ও ব্যবস্থাপক যাচ্ছে তাদের ব্যাপারে তোমার মত কী?

বাবার এ প্রশ্নটায় খাদিজা একটু অবাক হলেও মুখে হাসি ছড়িয়ে বললেন:

—তারা দক্ষ। তারা জানে কী করণীয় আর কী বর্জনীয়। পাশাপাশি সবাই আমানতদার ও বিশ্বস্ত।

খোআইলিদ পাশে-বসা স্ত্রীর দিকে একবার দেখলেন তারপর মেয়ের দিকে গভীর করে তাকালেন। তারপর মমতাঝরা কণ্ঠে বললেন:

—খাদিজা! তুমি কি জানো, মক্কার সবচেয়ে সুদক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী কে? জানো, কে পারে অনায়াসে লাভ তুলে আনতে?

খাদিজা একটু ভাবলেন। তারপর বিনয়ের সাথে জানতে চাইলেন:

—কোন লাভের কথা বলছেন বাবা! হারাম না হালাল?

—নিঃসন্দেহে হালাল! হারাম তো বিলীয়মান ছায়া, কোনো স্থায়িত্ব নেই! হারাম-পথে একবার কেউ লাভের মুখ দেখে ফেললেও পরবর্তীতে তা কেবল তার ক্ষতিকেই টেনে আনে! মূলধনের বরকতটাও সেই সাথে নষ্ট হয়ে যায়! আমি হালাল লাভের কথাই বলছি! এ-হালাল ব্যবসায় মক্কায় কে সবচেয়ে বেশি সফল ও অগ্রগণ্য, তা-ই আমাকে বলো!

খাদিজা এবার একে একে নাম বলে যেতে লাগলেন মক্কার সৎ ও আমানতদার সফল ব্যবসায়ীদের। খাদিজা চুপ করলেই খোআইলিদ ‘আরও বলে যাও’ বলে তাগিদ দিয়ে যেতে লাগলেন। এভাবে খাদিজা যখন ‘কাঙ্ক্ষিত’ নামটাও বলে ফেললেন এবং বলা শেষ করে থেমে পড়লেন তখন খোআইলিদ স্ত্রী-ফাতেমার দিকে তাকালেন। আবার খাদিজার দিকে তাকালেন। তারপর মুখে মিষ্টি হাসির টুকরো নিয়ে খাদিজাকে বললেন:

—খাদিজা! আতিক বিন আবিদের ব্যাপারে তোমার কী মত?

খাদিজা বেশ আস্থার সাথে জবাব দিলেন:

—তিনি বনু মাখযূমের সফল ব্যবসায়ী। কোন পথে লাভ আসে তা তাঁর বেশ জানা। এখন তিনি সুসচ্ছল। তার ব্যবসায় সাফল্য বেড়েই চলেছে।

খোআইলিদ মাঝখানে জানতে চাইলেন:

—তার সব আয় কি হালাল পথেই?

খাদিজা এবার বাস্তব-জানা মানুষের মতোই উত্তর দিলেন:

—আমার বিশ্বাস, হালাল পথেই এসেছে তাঁর এ-খ্যাতি। হারামের ধারে-কাছেও তাঁর যাওয়ার কথা না। তা ছাড়া তিনি একজন বীরপুরুষ। আমার জানামতে, পরিবারের কাছে তিনি যেমন প্রিয়, আত্মীয়-অনাত্মীয় সবার কাছেই তেমন প্রিয়।

খাদিজা থামলেন। কিছুক্ষণ পর অবাক-কণ্ঠে জানতে চাইলেন:

—বাবা! তুমি কি আমাদের বাণিজ্য-কাফেলার দায়িত্বটা এবার তাঁর ওপরই ন্যস্ত করতে চাইছো?

খোআইলিদ মেয়ের দিকে তাকালেন গুণমুগ্ধ চোখে, বললেন মমতাভরে:

—হ্যাঁ, তাঁর ওপর একটা দায়িত্ব আমি অর্পণ করবো, সেটা এ-ব্যবসার চেয়ে, সম্পদের চেয়ে অনেক দামি! সম্পদ দিয়ে এর মূল্যমান নির্ধারণ সম্ভব নয়!

খাদিজা আনত-মুখে আকাশ-পাতাল ভাবতে লাগলেন। তাঁর মনে পড়ে গেল গত রাতের অতিথিদের দীর্ঘ বৈঠকের কথা! খাদিজার আর বুঝতে বাকি রইলো না—বাবার কথার কী অর্থ! লজ্জায় তাঁর রাঙা চেহারা আরও রবিরাঙা হয়ে উঠলো! তাঁর নতমুখ আরও নত হয়ে গেল! তাঁর মুখে কোনো কথাই সরলো না!

খাদিজার মা ফাতেমা ভাঙতে চাইলেন সে লাজরাঙা নীরবতা!

—মা খাদিজা! বলো না, আতিকের ব্যাপারে তোমার কী মত!

খাদিজার চেহারা আরও লাজরাঙা হয়ে উঠলো। সকাল বেলার টুকটুকে লাল সূর্যের মতো। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন। অনায়াসে ভাবপ্রকাশের যে-স্বভাবজাত গুণটি তাঁর ভেতরে সযত্নে রক্ষিত আছে, তার প্রতিটি কিনারা ধরেই তিনি টান দিলেন, শক্তি ও সাহস সঞ্চয়ের চেষ্টা করলেন, তবুও আজ কথা বলতে পারলেন না। কী যেনো বার বার তাঁর কথা বলার শক্তি কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে। উচ্চারণের পূর্বলগ্নেই সব কথা যেনো জড়িয়ে যাচ্ছে! এদিকে মা-বাবা অনিমেষ তাকিয়ে আছেন তাঁর দিকে, তাঁর সাহসী মতামত শুনতে।

এভাবে কেটে গেল আরও অনেকগুলো নীরব প্রহর। খাদিজা সেই নিশ্চুপ দাঁড়িয়েই আছেন। খোআইলিদ কোমলকণ্ঠে আবার জানতে চাইলেন তাঁর ইচ্ছের কথা। খাদিজাও আবার লাজুকতার লালিমার ছায়ায় একটু শক্তি সঞ্চয়ের চেষ্টা করলেন। ক্ষীণকণ্ঠে পিতাকে বললেন:

—বাবার মতই আমার মত!

খোআইলিদ অমন জওয়াবই আশা করছিলেন। তিনি মেয়েকে কাছে বসালেন। তাঁর লাজ-রক্তিম কপালে স্নেহ-চুম্বন এঁকে দিলেন! আনন্দঝরা কণ্ঠে বললেন:

—আমি আস্থার সাথেই বলতে পারি, তুমি আতিকের উপযুক্ত! আতিকও তোমার উপযুক্ত! আল্লাহই সব কল্যাণের আধার। তিনিই মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নারীর জন্যে শ্রেষ্ঠ বর। শ্রেষ্ঠ বরের জন্যে শ্রেষ্ঠ নারী। আমি তোমার জন্যে তাঁকে নির্বাচন করেছি আল্লাহ তাঁকে তোমার জন্যে নির্বাচন করার পর! আল্লাহর নির্বাচনই বড় নির্বাচন। আশা করছি, ‘এ বন্ধনে’ তিনি বরকত দান করবেন। আমি আরও আশা করছি, আল্লাহর ইচ্ছায় তুমি আতিককে নিয়ে সুখী হবে!

ফাতেমা খাদিজাকে স্নেহ-পরশে টেনে আদর করলেন। সোহাগভরে চুমু খেলেন। তারপর স্বামী খোআইলিদের দিকে তাকিয়ে স্পষ্টকণ্ঠে বললেন:

—কিন্তু আমরা এক্ষুনি বিবাহ-অনুষ্ঠান করতে পারবো না, যেমনটা চাইছে আতিকের খানদান। একটু সময় নিতে হবে। অনেক জাঁকজমকের সাথে আমি মেয়ের বিবাহ দিতে চাই। এ জন্যে আমাদের অনেক পূর্ব-প্রস্তুতির প্রয়োজন!

খোআইলিদ বললেন:

—আমি দুয়েক মাস পেছানোর চেষ্টা করবো আতিককে বুঝিয়ে। যাতে আমাদের শাম ও ইয়ামেনের বাণিজ্য-কাফেলা আমাদের চাহিদামতো সবকিছু নিয়ে আসতে পারে। তা ছাড়া আমাদের সঞ্চয়-ভাণ্ডারে তো কম নেই! আল্লাহ অনেক দিয়েছেন! সুতরাং হে ফাতেমা, মেয়ের বিবাহের প্রস্তুতি নিতে হাত খুলে খরচ করো। আমার সব সম্পদ খাদিজার জন্যে!

এরপর তিনি হাসতে হাসতে বললেন:

—আমি এরচে’ বেশি দেরি করতে চাই না!

ফাতেমা এ কথা শুনে হাসলেন। এদিকে খাদিজার গাল গোলাপরাঙা হয়ে উঠলো। এরপর খোআইলিদ ও ফাতেমা বিশ্রামে চলে গেলেন, মেয়ের আগামী দিনের নতুন জীবনের কথা ভাবতে ভাবতে। আহারে! মেয়েকে এখন অন্যের হাতে তুলে দিতে হবে। মেয়েকে এখন অন্যের বাড়িতে পাঠাতে হবে! যার সাথে এবং যে বাড়ির সাথে তার বিশেষ কোনো পূর্ব-পরিচয় নেই।

এদিকে খাদিজার মনে তখন না-জানি আগামী জীবনের কতো ছবি ভেসে উঠছিল। পিত্রালয়ের হাজারো সুখ-স্মৃতি নিশ্চয়ই তাঁর মনে ভেসে ভেসে উঠছিল। শৈশব-কৈশোরের কতো স্মৃতি মিশে আছে এ বাড়িতে। এ বাড়ির আঙিনায়। একটু দূরের ওই পাহাড়টার কাছে। এ-সব ছেড়ে এখন চলে যেতে হবে আরেক নতুন ঠিকানায়। প্রায় অজানা, অচেনা। কিন্তু কী আর করা! মেয়ে হয়ে জন্মালে পিত্রালয় ছাড়তেই হয়। স্বামীগৃহই হয়ে যায় আসল ঠিকানা। সেখানে পরজনকেই করে তুলতে হয় আপনজন। এ-ই নিয়ম। আল্লাহর অমোঘ বিধান।

📘 গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাঃ > 📄 কুরাইশের নববধু

📄 কুরাইশের নববধু


একদিন মক্কার বাণিজ্য-কাফেলা ফিরে এলো। সাথে নিয়ে এলো রঙ-বেরঙের পণ্য। খাদ্য, ফল, সুগন্ধি, পরিধেয় বস্ত্র, নানা রকমের অলঙ্কার। আরও কতো কী! এ কাফেলায় খোআইলিদ ও আতিকের উট-বহরও ছিল। বয়ে-আনা পণ্যের ভেতরে সবচেয়ে দামি ও মূল্যবান পণ্য ছিল—খাদিজার বিবাহ উপলক্ষে নিয়ে আসা অভিনব সব পাত্র, পোশাক ও বিছানা, পারসিক বিছানা, নানা রকমের সুগন্ধি ও গালিচা, এ-সবই বিবাহ উপলক্ষে খোআইলিদের ফরমায়েশি মালামাল। সব তিনি পাঠিয়ে দিয়েছেন আতিকের বাড়িতে। অপরদিকে আতিকও খাদিজার উপযোগী মহামূল্যবান সামগ্রী এনেছেন। পাঠিয়ে দিয়েছেন খাদিজাদের বাড়িতে।

সারা মক্কা অধীরচিত্তে অপেক্ষা করছিল আতিক-খাদিজার বন্ধন-রজনী—লাইলাতুয যাফাফের! দরিদ্র ও অসহায়রাও অপেক্ষা করছে এ-কাঙ্ক্ষিত দিনটির। ওদের চিন্তায় কাজ করছে কেবল এ চিন্তা—কয়েকদিন খুব মজা করে খাওয়া যাবে। খাবার-দাবারের একটা আচ্ছা ধুম পড়বে। মোটা মোটা উট জবাই হবে। গোশত যেমন খাওয়া যাবে, সাথে করে নিয়েও যাওয়া যাবে। অবাধে। কেউ বাধা দেবে না। এ বাড়ির দরোজা আগে যেমন খোলা ছিল, এখনো খোলা। এখন আরও বেশি করে খুলে যাবে। মুক্ত অবারিত হয়ে যাবে।

তরুণ-যুবারাও ওই দিনটির জন্যে অধীর প্রতীক্ষায় সময় কাটাচ্ছে। এ ধরনের অনুষ্ঠানে ওদের মজাটাই তো সবচেয়ে বেশি হয়! তৃপ্তিভরে খাওয়া-দাওয়া শেষে অসি-চালনায় নিজের যোগ্যতা ও দক্ষতা উজাড় করে দাও! আঘাত করো! আবার আঘাত করো! আঘাতের জবাবে পাল্টা আঘাত করো, আরও জোরে, আরও শাণিতভাবে। আনন্দঘন রুপোলি রাতের মায়াবি পর্দায় বসে খুলে দাও নৈশালাপের ঝুলি। পিপাসায় পান করো তৃপ্তিভরে। ধনীদের বিবাহ-অনুষ্ঠানগুলো অমন জাঁকজমকপূর্ণই হয়ে থাকে। থাকে সাজ-সজ্জার বাহার! খাওয়া-দাওয়ার ধুম! আনন্দ-উল্লাসের অবাধ প্রকাশ! নির্ঘুম রাতের আনন্দভরা গল্পের আসর জমে ওঠেই! আকাশে রুপালি জোছনা থাকুক কিংবা না থাকুক!

বুড়োরাও খাদিজা-আতিকের অনুষ্ঠানের অপেক্ষায় প্রহর গুনছে। তারাও বাদ পড়তে চায় না এ ধরনের অনুষ্ঠানের প্রাণময়তা থেকে। তারাও চায় প্রাণোচ্ছ্বলতায় একটু ‘সিক্ত’ হতে। তা ছাড়া খোআইলিদের অমন উদার সুন্দর নিমন্ত্রণ কি ‘বয়কট’ করা যায়? মক্কায় অমন সুন্দর করে কে আর দাওয়াত দেবে?

এ-সকল মানুষের বাইরে আরও একটা দল অপেক্ষা করছিল এ দিনটির। এরা আতিকের প্রতি হিংসাপরায়ণ। ওরা খাদিজাকে পাওয়ার জন্যে অনেক দৌড়ঝাঁপ করেছে। কিন্তু শেষটায় আতিক সবাইকে পেছনে ফেলে আগে চলে গেছেন। এ জন্যে দুঃখে-আফসোসে হৃদয় ওদের কেবলই পুড়ছিল—হিংসার আগুনে। দিনক্ষণ যতোই এগিয়ে আসছিল ওদের জ্বলনও ততোই বাড়ছিল। অবশ্য বাইরে বাইরে ওরাও সবাইকে এ কথা বোঝানোর চেষ্টা করছিল যে খাদিজার শুভদিনটির অপেক্ষায় আমরাও প্রহর গুনছি। আমরাও চাই এ আনন্দে অংশ নিতে।

হ্যাঁ.. অপেক্ষা ছিল পুরুষের মতো নারীমহলেও। কেমন পোশাকে খাদিজার অনুষ্ঠানে ওরা যাবে? কেমন পোশাকে গেলে মান রক্ষা হবে? এ ভাবনাই হয়ে দাঁড়ালো ওদের নিত্যভাবনা। আরেকদল নারী ভাবছিল অন্য কথা। এরা অভাবী। দারিদ্র্যপীড়িত। এই আনন্দের দিনে নিশ্চয়ই ফাতেমা তাদের কথা ভুলবেন না। তাঁর দান ও দয়া পাওয়ার অমন উপযুক্ত উপলক্ষ আর কী হতে পারে? সব সময়ই তো তিনি তাদেরকে দিয়ে এসেছেন! আজ আরও দেবেন; ভরে দেবেন! আজ তো ভরে দেবারই দিন! আজ তো মনভরে পাবারই দিন! আজ আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি নামবে, কেঁপে কেঁপে! আজ ফাতেমার আকাশ শুধুই দানের আকাশ! দানবৃষ্টিতে আজ তারা সিক্ত হবে, ভিজে যাবে! আজ ভিজে যাবারই দিন!

ফাতেমা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যাদেরকে মূল্যবান উপহার দিয়েছেন তারাও এখন সে ঋণ শোধ করতে চাইছে। এ জন্যে খাদিজাকে দেয়ার জন্যে দামি দামি উপহার ক্রয় করছে। আজ তো বদলা দেবার দিন! আজ ফাতেমার মতো মহীয়সীর কৃতজ্ঞতা আদায় করার দিন। আজ দাতাকে ফেরত দেবার দিন। আজ বিনিময়ের বিনিময় দেওয়ার দিন।

না, শেষ হয়নি! অপেক্ষার তালিকায় আরও কিছু মানুষ আছে! ওরা হলো কা’বার খাদেম! ওরা কেন বঞ্চিত হবে? সাধারণত সব ধনীদের বিবাহ-অনুষ্ঠানেই কিছু না-কিছু ওরা পায়। কিন্তু খোআইলিদ-তনয়ার বিবাহ অনুষ্ঠানটা ওদের চোখে একদম ভিন্ন। আজ প্রাপ্তির দেখা মিলবে না শুধু। আজ প্রাপ্তির রিমঝিম বৃষ্টি নামবে! নাহ! ঢল নামবে! নাকি বন্যাই বয়ে যাবে?! হোক সে ‘বন্যা’ মরু-মক্কাতেই!

ওরা ফুরফুরে মেজাজে কা’বাকে সাজাতে লাগলো সে দিনটির জন্যে!

খাদিজার আম্মা ফাতেমা এখন কী করছেন? কী ভাবছেন? একটু খোঁজ নেয়া যাক! তাঁর অনেক কাজ! দায়িত্বটা যে বিশাল! তিনি দু’হাতে সব গুছাচ্ছিলেন। অনুষ্ঠানের আয়োজন ও উপকরণ—সব! ভাবছিলেন ছোট-বড় সব বিষয় নিয়ে। মনে মনে তিনি রচনা করছিলেন প্রিয় মেয়ে খাদিজার ঘর-সংসারের কতো লাল-সবুজ চিত্র! আর বাস্তবেও তিনি তা থরে থরে সাজাতে লাগলেন। তাঁর একটাই চিন্তা, খাদিজার যেন কষ্ট না হয়। খাদিজার যেন আরাম হয়। খাদিজার মনে যেন না থাকে কোনো অভাব ও শূন্যতাবোধ। পারিবারিক সুখ-শান্তি ও স্বস্তি হোক খাদিজার নিত্য পাওয়া। তিনি এসব নিয়ে ভাবেন, ভাবতেই থাকেন। মেয়ে খাদিজার আসবাবপত্রে কোনো কমতি থাকতে পারবে না। তাহলে মানুষ বলাবলি করবে, খাদিজার চেয়ে ‘ঐ মেয়ের’ বিবাহ-আয়োজনটা আরও সুন্দর ছিল। উপায়-উপকরণ অনেক বেশি ছিল। আরও জাঁকজমকপূর্ণ ছিল।

ভাবছিলেন খাদিজাও—নতুন জীবনের দায়িত্বভারের কথা। আরও ভাবছিলেন কেমন হবে আগামী দিনগুলো; সুখের না দুঃখের। কারও কারও জীবনে তো দুঃখও আসে। কেউ হাসে সুখের হাসি। কেন এ দুঃখ? কেন ওই সুখ? কারণ আছে। দুঃখের যেমন কারণ আছে, সুখেরও কারণ আছে। দুঃখের কারণ বর্জন করতে হয়, সুখের কারণ অর্জন করতে হয়। খাদিজা বর্জন করবেন দুঃখের কারণ। অর্জন করবেন সুখের কারণ।

এবার বলি খাদিজার বাঁদিদের কথা। ওরা সীমাহীন আনন্দিত। একবার আসছে একবার যাচ্ছে। খাদিজাকে উপলক্ষ করে ওরা সুরেলাকণ্ঠে গুনগুন করছে, সময়ের ধারায় সময়ের ভাষায়। খাদিজাদের বাড়িটি সুরময় হয়ে উঠেছে। সুরের গুঞ্জরন কখনো বাড়ে দুতলায়, কখনো তিনতলায়। কখনো মূর্ছনা ছুঁয়ে যায় আঙিনায় বিচরণ করা মানুষের কান। ওদের কেউ যখন খাদিজার কাছে চলে আসে, ওর কণ্ঠটা তখন আরও বেশি বেজে ওঠে, বাঙ্ময় হয়ে ওঠে। ওরা যেন খাদিজার বাঁদি নয়, সখী! যেন কেন? খাদিজা তো ওদের সঙ্গে সখীর মতোই আচরণ করেন! হ্যাঁ, ঠিক সখীই ভাবেন! কে বলতে পারবে—খাদিজার দুর্ব্যবহার কারও চোখে আঁসু এনেছে? মনের আকাশে জমিয়েছে কারও কালো মেঘ?

এ জন্যেই খাদিজার এইসব ‘সখীদের’ প্রত্যেকই এখন কামনা করছে—হায়! খাদিজা যদি আমাকে, শুধু আমাকে নিয়ে যেতেন স্বামীগৃহে—আতিকালয়ে!

খাদিজার মনে বাজছে চিরন্তন ‘বিরহ-সুর’! উদাস (হয়তো ছলছল) চোখে দেখছিলেন তিনি বাবার বিশাল বাড়ি। তার আশপাশ। সবকিছু। আহা, সবকিছু কী মায়া-জড়ানো! স্মৃতি-মোড়ানো! এখন সবকিছু ছেড়ে চলে যেতে হবে এমন এক বাড়িতে, যা তাঁর কাছে অজানা অচেনা! এমন এক মানুষের কাছে, যাঁর সঙ্গে তাঁর পরিচয় নেই—কেবল দূর থেকে শোনা-শোনা! কেমন হবে সেই বাড়ি? কেমন হবে সেই মানুষটি? খাদিজার একটু ভয়ভয় করে। কিন্তু খাদিজা সে ভয়কে মনে জায়গা দেন না। মনে শক্তি সঞ্চয় করেন। ভয়কে ঠেলে অনেক দূরে সরিয়ে দেন। তারপর মনের সাথে কথা বলেন ফিসফিস কণ্ঠে:

—কেন আমি অমন ভয় পাচ্ছি ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ তো আল্লাহর হাতে! দাম্পত্যজীবনে আমার কাছে কী চাওয়া হবে? বিবাহ হলো স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা। আমি মনেপ্রাণে আমার স্বামীকে সহযোগিতা করবো। আমি নিজেকে তাঁর কাছে সঁপে দেবো। আমি তাঁর বাঁদি হয়ে যাবো! অপরদিকে আমার আনুগত্যের ‘যাদু’ দিয়ে তাঁকে বশীভূত করে ফেলবো, আমার ‘গোলামে’ পরিণত করবো! তাঁর সন্তুষ্টি অর্জনই হবে আমার সাধনা। আমি তাঁর প্রতি থাকবো চিরবিশ্বস্ত, সবকিছুতে। আমার হাতে তাঁর কিছুই নষ্ট হবে না। না মাল নষ্ট হবে, না বিশ্বাস নষ্ট হবে।

খাদিজা থামলেন। কিছুক্ষণের জন্যে তাঁর ‘নিজেরে নিয়ে নিজের কথা’ বন্ধ হলো। একটু পর আবার তিনি সবাক হলেন। আবার তিনি মনকে লক্ষ করে বললেন:

—কেন আমি ভয় পাবো? পিত্রালয়ে সবকিছু তো আমিই আঞ্জাম দিয়ে এ পর্যন্ত এসেছি! বাবার আস্থা ও বিশ্বাস কুড়িয়েছি! সবকিছুতেই ঝিলমিল করছে আমার কর্ম ও কর্মপরিচালনার ছাপ! এতোদিন এখানে যা শিখেছি তা-ই ওখানে গিয়ে প্রয়োগ করবো। কাজে লাগাবো। এখানে যেমন আমি সফল হয়েছি ওখানেও আমি সফল হবো! এখানে যেমন আমি সন্তুষ্টি অর্জনে সফলকাম হয়েছি ওখানেও আমি সফলকাম হতে পারবো! আমাকে আল্লাহ দান করেছেন বুদ্ধি। দিয়েছেন বিচারক্ষমতা। প্রবল অনুভূতিশক্তি। সব আমি কাজে লাগাবো। সব কাজে লাগালে কেন আমার স্বামী আমার ওপর রাগ করবেন? কেন আমি তাঁকে অসন্তুষ্ট করবো? তাঁর জন্যে সমস্যা হয়ে দাঁড়াবো? তাঁর জীবন-যাপনকে সুখঘেরা না-করে কেবল বিষিয়ে তুলবো?

খাদিজা এমন অনেক যুবতীর কথাই ভাবেন, যারা দাম্পত্যজীবনে সফল হয় নি। খাদিজা এ জন্যে ওদেরই দোষ দেন, স্বামীদের নয়। কেননা, এ যুবতীরা স্বামীদের আরাম ও স্বস্তি দিতে পারে নি, ব্যর্থ হয়েছে। ওরা ভাবে নি, ভেবে দেখে নি, কেন এ বিবাহ-বন্ধন? কেন ওরা পিত্রালয় ছেড়ে অজানা অচেনা পরিবেশে এসেছে।

হ্যাঁ এসব ভাবতে ভাবতে খাদিজা এখন অনেক স্বস্তি অনুভব করছেন। না, ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা নেই। আর কোনো ভয় নেই। আল্লাহই সব সহজ করে দেবেন। ভয় নেই আর ‘লাইলাতুয যাফাফ’ (দু’টি পৃথক মানুষ আল্লাহর নামে এক হয়ে যাওয়ার রাত) নিয়ে, যা এখন খুবই কাছে, হাতে গোনা কয়েকটা দিনরাত্রি।

খাদিজার মা ফাতেমা খাদিজাকে সুযোগ পেলেই বলে দিচ্ছেন দাম্পত্যজীবনের ছোট-বড় সব কর্তব্যের কথা। কী করণীয় এবং কেন করণীয়, কী বর্জনীয় এবং কেন বর্জনীয়—সব খুলে-খুলে তিনি মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন। বিবাহের বাকি এ দিনগুলো যেন হয়ে উঠেছে—‘পাঠশালা’। ছাত্রী হলেন খাদিজা আর শিক্ষিকা হলেন ফাতেমা। কী সুন্দর পাঠশালা! কী উত্তম বিষয়বস্তু! সুবোধিনী খাদিজার সামনে সুহাসিনী ফাতেমা সব মেলে ধরছেন। খাদিজার সামনে খুলে যেতে লাগলো একের পর এক বদ্ধ কপাট। অস্পষ্ট ভবিষ্যৎ এখন কী স্পষ্ট! খাদিজার মন এখন শান্ত-প্রশান্ত। খাদিজার হৃদয় এখন আলোকোদ্ভাসিত। কেননা একের সাথে এখন আরেক মিলিত হয়ে যোগ সংখ্যা দুই হয়েছে! অর্থাৎ খাদিজা যা যা ভাবছিলেন করণীয় ও বর্জনীয় সম্পর্কে, মা-ও ঠিক তা-ই তা-ই বলেছেন। তার চিন্তার সাথে মিলে গেছে, বরং মিশে গেছে মায়ের চিন্তা।

অবশেষে এলো বিবাহের প্রতীক্ষিত সেই দিন। অনুষ্ঠানের কাঙ্ক্ষিত লগ্ন। খোআইলিদ-গৃহ পূর্ণ হয়ে গেল আত্মীয়-স্বজনে। সখী ও বান্ধবীদের ভিড়ে ভরে গেল। বনু মাখযূমের মহিলারা এলো আতিক-প্রেরিত মূল্যবান উপঢৌকন নিয়ে। এলো কুরাইশ নারীরাও নিজেদের উপহারসামগ্রী নিয়ে। তারপর কতো-যে উট জবাই হলো, সারা মক্কার কতো-যে মানুষ খেতে এলো, তার কোনো হিসাব রইলো না।

খোআইলিদ-গৃহে গীত হতে লাগলো নারীকণ্ঠের বিবাহ ও আনন্দ সঙ্গীত। কন্যা-সাজানেরা লেগে গেল সাজানোয়। সুন্দর নববধূকে আরও সুন্দর ও রূপবতী করে তুলতে। সুন্দরের ওপর আরও সুন্দর। দিনটাও ছিল আশ্চর্য সুন্দর। প্রকৃতি ছিল স্থির শান্ত। চারদিকে বইছিল ঝিরঝিরে বাতাস। সারা মক্কা আজ উৎসবে মেতে উঠেছে। খোআইলিদ-গৃহকে কেন্দ্র করে তা আবর্তিত হচ্ছে। মক্কার উৎসবমুখর সময় এগিয়ে চলেছে সামনে।

দিবাবসানে এলো সন্ধ্যা। চারদিক ছেয়ে গেল রাতের আঁধারে। আজকের আঁধারেও যেন আলোর ঝিলিমিলি। অবশ্য আকাশেও আছে তারকার মিটিমিটি। এ সময়েই কা’বার সন্নিকটে ‘আকদ’ সম্পন্ন হলো। আক্দের পর সবার মুখাবয়বে খুশির আলো ঝলমলিয়ে উঠলো। সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কা’বা তাওয়াফ করতে লাগলো। খাদিজা-আতিকের সুখময় শান্তিময় দাম্পত্যজীবনের জন্যে দু’আ করতে লাগলো। খোআইলিদ-গৃহ থেকে ভেসে আসছে মিষ্টি-মধুর হর্ষোল্লাসধ্বনি। মক্কার এখানে ওখানে তা গড়িয়ে পড়ছে। মক্কার মানুষের মনে আনন্দের হিল্লোল বইয়ে দিচ্ছে।

খাওয়া-দাওয়ার পর্ব শেষ হলে সবাই আসর জমিয়ে বসলো। গোল আসরের মধ্যমণি হয়ে বসলো মক্কার নেতা ও সরদারেরা। মধ্যিখানে এসে হাজির হলো মক্কার বীর সন্তানেরা, অসি ও নেযা চালনায় যাদের জুড়ি মেলা ভার। শুরু হলো যুদ্ধ-যুদ্ধ খেলা। চললো আক্রমণ প্রতিআক্রমণ। পাশাপাশি জ্বলে জ্বলে উঠলো প্রতিরোধ। প্রকৃত লড়াইয়ের মতো এখানেও ছিল ‘হারজিত’। যারা জিতলো তারা পেল উষ্ণ অভিনন্দন ও বাহবা। যারা হারলো তারা মাথাটা নিচু করে বাইরে বেরিয়ে এলো। হতাশ-ছাওয়া চেহারা নিয়ে। কপালের দরদর ঘাম মুছতে মুছতে। পরবর্তী লড়াইয়ে লজ্জার আবির থেকে মুক্তি পাওয়ার গজগজে (ক্রুদ্ধতা মেশানো) সংকল্প নিয়ে।

📘 গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাঃ > 📄 মক্কার ধর্মযাজক

📄 মক্কার ধর্মযাজক


উচ্ছ্বাসমাখা হাসি-আনন্দে আর মন ছুঁয়ে-যাওয়া সঙ্গীতে সবাই মুগ্ধ। সবার চেহারায় ঝলমল করছে স্বল্পালোকিত রাতের মায়াবি দ্যুতি। কিন্তু একজন বসে আছেন তাদের কাছে, একটু দূরে গম্ভীর হয়ে। এই গণআনন্দেও তাঁর যেন আনন্দ নেই। এই গণজোয়ারেও তাঁর যেন কোনো প্রবহমানতা নেই। কেমন নীরব নিস্তব্ধ ভাবলেশহীন। আপন ভুবনে নিমজ্জিত। নিজের চিন্তায় সমাহিত। কখনো তাকাচ্ছেন গভীর দৃষ্টিতে এদের দিকে.. ওদের দিকে। আসরের কাছে তিনি যে অপরিচিত তা নয়, মক্কার সবাই তাঁকে জানে, চেনে। মক্কার পাহাড়-পর্বত-উপত্যকা—সব তাঁকে চেনে। এ জন্যে সবাই তাঁকে কাছে আসতে বললো। আজকের এ আনন্দে শরিক হতে বললো। পান করতে বললো। সঙ্গীত উপভোগ করতে বললো। খোআইলিদ তাঁকে ডেকে উঠলেন এই বলে:

—ওয়ারাকা! অমন গম্ভীর হয়ে বসে আছো যে! এসো, কাছে এসো! আজ আনন্দের দিন। চাচাতো বোন খাদিজার আনন্দে কেন তুমি অংশ নেবে না?!

ওয়ারাকা চাচার কথায় মৃদু হেসে বললেন:

—চাচা! আপনি তো জানেন, এসব গান-আনন্দ আমার ভালো লাগে না। আপনাদের জগৎ থেকে আমার জগৎ আলাদা!

খোআইলিদের পাশের একজন বলে উঠলো:

—ওয়ারাকা! তুমি যে কী! তুমি কি বদলাবে না? এক কাজ করো তাহলে, মক্কা ছেড়ে চলে যাও! সমাজ থেকে আলাদা হয়ে যাও! মক্কার মানুষের সাথে তোমার কী সম্পর্ক? মক্কার ধর্ম মানো না তুমি! মক্কার সমাজ মানো না তুমি!

তার সাথে যোগ দিলো আরেক লোক:

—ওয়ারাকা! তুমি মক্কার নও, মক্কাও তোমার নয়! তোমার দীন-ধর্ম ভিনদেশি—রোম থেকে পাওয়া! আমাদের উপাস্যদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। কেন তুমি পড়ে আছো এখানে? আমাদের উপাস্যরা তোমার চোখে মূল্যহীন? মোটেই তা ভেবো না! আমাদের উপাস্যরা আমাদের সাহায্য করে। দেখে দেখে রাখে। বিপদে সাহায্য করে। আমাদের ‘গায়ে’ মঙ্গল ও কল্যাণ ঢেলে দেয়। ওয়ারাকা! এই যে দেখতে পাচ্ছো না, আজ আমাদের কী আনন্দ? এ আনন্দ আমাদের উপাস্যদেরই দয়া ও দান! আজ তো খোআইলিদ-কন্যা খাদিজার বিবাহ-অনুষ্ঠান। আজ খাদিজা চলে যাবে আতিক বিন আবিদের গৃহে। এ উপলক্ষে তুমি যে খাওয়া-দাওয়ার আয়োজন দেখছো, তাতে কে মজা ও রস ঢেলে দিয়েছে—জানো? সে আমাদেরই এই উপাস্যরা! আমাদের এই যে আজকার হাসি-আনন্দ, তাও বাঙ্ময় হয়ে উঠেছে এই উপাস্যদেরই বরকতে! সুতরাং হে ওয়ারাকা! তুমি তোমার নিরস জগৎ ছেড়ে আমাদের সরস জগতে প্রবেশ করো! ভোগ করো আনন্দ, আমাদের সাথে মিশে যাও! নইলে তুমি পস্তাবে, কঠিন মাশুল দেবে! অনেক কল্যাণ তোমার হাতছাড়া হয়ে যাবে!

আরেকটা বিদ্রূপ-কণ্ঠ বেজে উঠলো পাশ থেকে:

—ওয়ারাকা! কবে থেকে তুমি অমন সাধু বনে গেলে? কেন ‘ধর্ম নিয়ে’ এতো খোঁজাখুঁজি করছো? কেন দেশে-দেশে এতো ঘোরাঘুরি করছো? এ সবই আত্মপ্রতারণা, বুঝলে হে ওয়ারাকা? আশ্চর্য! বাপ-চাচাদের কাছ থেকে কিছুই তুমি শিখলে না! তুমি কী চাও আসলে? তুমি কি আমাদের সবকিছু নষ্ট করে দিতে চাও?

আরও অনেকেই এ বিদ্রূপমাখা আলোচনায় অংশ নিলো। কিন্তু ওয়ারাকা তেমন কিছুই বললেন না। দীর্ঘশ্বাসজড়িত কণ্ঠে কেবল উচ্চারণ করলেন:

—করো, যতো পারো বিদ্রূপ করো আমাকে নিয়ে! এমন একদিন আসবে, যখন আমি বিদ্রূপ করবো তোমাদের নিয়ে! জানো, সে সময়টা কখন? সে সময়টা হলো নবীর আগমনের মহালগ্ন! হ্যাঁ.. সে নবী আসবেন এই তোমাদেরই মধ্য থেকে! তিনি এসে তোমাদের এ-সব মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেবেন! তোমাদের বাতুলতাকে ধূলোয় মিশিয়ে দেবেন!

ওয়ারাকার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়লো, ওয়ারাকা যেন পাগল! তার মুখে যেন পাগলের অসংলগ্ন উক্তি! একজন চিৎকার করে বলে উঠলো—কে সেই নবী, ওয়ারাকা? কোন বংশে তাঁর আগমন? তুমিই তো নও?! তুমি পাগল হয়ে গেছো ওয়ারাকা, তুমি পাগল হয়ে গেছো! তুমি দ্রুত মক্কা ছাড়ো, আবার তোমার ‘দেশভ্রমণে’ বের হও! ধর্মচর্চা করোগে গিয়ে! কিন্তু মনে রাখবে, অন্য কোনো ধর্মটর্ম মক্কায় আমদানি করলে আমরা তোমাকে ছাড়বো না! আমাদের ধর্ম শুধু আমাদের বাপ-দাদাদের ধর্ম!

হঠাৎ শোনা গেল একজন নেতৃস্থানীয় ব্যক্তির গম্ভীর কণ্ঠ, এই.. থামো তো! কী তর্ক শুরু করলে তোমরা? তোমরা তো দেখছি আজকের আনন্দের রাতটাকেই বাসি করে দিচ্ছো! সাবধান! আর একটা কথাও নয়! এখন চলবে শুধু গান! শুধু পান!

আবার শুরু হলো গান আর পান! হর্ষোল্লাস আর দফের আওয়াজে আবার নেমে এলো আসরীয় মাদকতা!

মান্যবর কুরাইশ সরদার আবদুল মুত্তালিবও এ আনন্দ-অনুষ্ঠানে হাজির ছিলেন। আজকের এ আনন্দ-অনুষ্ঠানের পূর্বে কুরাইশ কোনো আনন্দ-অনুষ্ঠান করে নি। আর এর কারণ ছিল আবদুল মুত্তালিবের প্রতি সমবেদনা প্রকাশ। প্রিয় ছেলে আবদুল্লাহকে তিনি খুব ঘটা করে বিবাহ করিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই আবদুল্লাহ চলে গেলেন! আবদুল্লাহর শোকে আবদুল মুত্তালিব ভীষণ কাতর হয়ে পড়েছিলেন। তাঁর শোকে সারা মক্কা শোকের চাদর পরলো। সব আনন্দ-অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে নিলো। নেতা যদি শোক-বিহ্বল থাকে, অন্যরা কেমন করে আনন্দ করবে? আজ অনেক দিন পর মক্কা আবার আনন্দ দেখলো। আনন্দের পরিবেশ উপভোগ করলো। স্বয়ং আবদুল মুত্তালিবও তাতে অংশ না নিয়ে পারলেন না। কিসের টানে শোকাকুল আবদুল মুত্তালিব এখানে আকুলচিত্তে ছুটে এলেন—তা নিজেও পুরোপুরি বুঝতে পারলেন না। এখানে এসে যেন সব শোক তিনি কাটিয়ে উঠেছেন! নাহ! শুধু শোক কাটিয়ে উঠেছেন বলছি কেন? তিনি অফুরন্ত আনন্দও অনুভব করছেন! হৃদয়টা ভরে গেছে স্বস্তি ও প্রশান্তিতে। কারণ আছে। এখানে এসেছেন বলেই যে তাঁর মনটা শান্ত ও প্রশান্ত হয়েছে, কেবল তা-ই না, আরও কারণ আছে। তা হলো আল্লাহ আবদুল্লাহর বিনিময় দান করেছেন তাঁকে। আবদুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে জন্ম নিয়েছে এক শিশু। তার নাম রেখেছেন তিনি আদর করে—মুহাম্মদ।

এ মুহাম্মদের বরকতেই এখন তাঁর শোক পরিণত হয়েছে আনন্দে। স্বস্তিতে। প্রশান্তিতে। সবাই মুহাম্মদের আগমনে আবদুল মুত্তালিবকে মুবারকবাদ জানাচ্ছিল। আর খাদিজার এ বিবাহ-অনুষ্ঠানে বসে সবাই আবদুল মুত্তালিবের উদ্দেশে এ কামনাও করছিল যে আল্লাহ যেন তাঁর হায়াতকে দারাজ করে দেন, যেন তিনি প্রিয় নাতি মুহাম্মদের বিবাহ-অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন! জবাবে আবদুল মুত্তালিব হাসেন কৃতজ্ঞতার হাসি, যে হাসিতে লুকোনো আছে এই নীরব ভাষা—সে কী করে হবে! আমার যে এখন অনেক বয়স হয়েছে! আমি পারবো এই দুধশিশুর বিবাহ দেখে যেতে? আহ! আল্লাহ যদি এমনটি করতেন!

নৈশালাপ চললো ফজর-অবধি। এর মধ্যে নববধূ বনু মাখযূমে আতিক-গৃহে যাত্রা করেছেন। আতিক অনেক সুন্দর করে সাজিয়েছেন নিজের বাড়িটি, খাদিজার উপযুক্ত করে। এদিকে ধীরে ধীরে অন্যরাও চলে গেল নিজেদের বাড়িতে, খুশির রাঙা আবির মেখে।

খাদিজা প্রবেশ করলেন নতুন জীবনে। এ জীবনের কতো স্বপ্ন এঁকেছেন তিনি মনে মনে। এ জীবন নিয়ে কতো আশা বাসনা লুকিয়ে ছিল তাঁর মনোজগতে। কিন্তু তবুও তিনি স্বস্তি অনুভব করতে পারছেন না, কোনো অদৃশ্য ইশারা কি তাঁর দিকে তাকিয়ে তাকিয়ে বাঁকা চোখে হাসছে?! আল্লাহই ভালো জানেন। তিনিই সবকিছুর খবর রাখেন—আল্লামুল গয়ুব।

📘 গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাঃ > 📄 তাকদীর

📄 তাকদীর


খাদিজা এখন স্বামীগৃহে। পিত্রালয়ের শৈশব-কৈশোরের মধুময় স্মৃতি থেকে-থেকে তাঁকে হাতছানি দিয়ে ডাকলেও এখন এ গৃহই তাঁর আসল গৃহ। এখানে এখন বাসা বেঁধেছেন তিনি আর তাঁর হৃদয়ে বাসা বেঁধেছেন তাঁর স্বামী। স্নেহ-মমতা ও ভালোবাসা-আনুগত্য দিয়ে স্বামীর মন জয় করতে একটুও বেগ পেতে হয় নি, কষ্ট করতে হয় নি। বিনিময়ে স্বামীর কাছেও পেয়েছেন তিনি সম্মান ও ভালোবাসা। পেয়েছেন স্বস্তির ঠিকানা। প্রশান্তির ‘সবুজ’ নীড়।

স্বামী আতিক বিন আবিদ খাদিজাকে পেয়ে সীমাহীন আনন্দিত। পুলকিত। তিনি স্ত্রী হিসাবে খাদিজার কাছে যা যা আশা করেছিলেন তা পেয়েছেন, যা আশা করেন নি তাও পেয়েছেন। মুগ্ধ ও তৃপ্ত হয়েছেন। স্বস্তি ও প্রশান্তিতে আপ্লুত হয়েছেন।

আতিকের এ বাড়ি যেন তাঁর আগের সেই নিজেরই বাড়ি। সব তাঁর অনুকূল। আগে ছিলেন তিনি ওই বাড়ির শোভা। এখন তিনি এ বাড়িরও শোভা। খাদিজারা সব বাড়িরই শোভা। শুধু ঘরের প্রতিই খাদিজার মন নেই, বাইরেও তিনি চোখ রাখেন। সতর্ক দৃষ্টি রাখেন। আতিকের বিশাল ব্যবসা-বাণিজ্য পরিচালনায় প্রধান পরামর্শক তিনিই।

খাদিজা ও আতিক দাম্পত্য একটি আদর্শ দাম্পত্য। সবার জন্যে আদর্শ। এ দাম্পত্য এখন মক্কার গর্ব। সুখ-শান্তি-আনন্দ-ভালোবাসায় প্লাবিত এ দম্পতি। নেই অশ্রদ্ধা। নেই অবহেলা। নেই অভিযোগ ও বিরোধ।

মেয়ের জন্যে এ সুন্দর নীড় রচিত হওয়াতে বাবা খোআইলিদও খুশি। বারবার তিনি ছুটে যান খাদিজাকে দেখতে—তাঁর ভালোবাসায়, তার মায়ায়। অনেকক্ষণ বসে থেকে.. অনেক কথা বলে তারপর রওনা হন নিজের বাড়িতে, নিজের কাজে। বের হতে হতে মেয়েকে কৃতজ্ঞতা জানান তাঁর স্বামীভক্তির জন্যে.. স্বামীর সর্বানুগত্যের জন্যে। আতিকের সাথে কথা বললেই তিনি বুঝতে পারেন—মেয়ে খাদিজা আনুগত্য ও ভালোবাসা দিয়ে আতিকের মন ‘দখল’ করে নিয়েছেন! এই তো চান তিনি! এই তো দাম্পত্যের সুখ রচনার কেন্দ্রবিন্দু! এসব ভাবতে ভাবতে তাঁর আনন্দ আরও শতগুণ বেড়ে যায়! গৃহে ঢুকতে ঢুকতেই তিনি প্রিয় স্ত্রীর নাম ধরে ডেকে ওঠেন তাঁকে সুখের খবর বলতে—ফাতেমা!

হ্যাঁ, ফাতেমাও ছিলেন মেয়েকে নিয়ে ভীষণ খুশি। মেয়েকে তিনি ছোটবেলা থেকেই সব শিখিয়েছেন। শেখাতে শেখাতে তাকে রত্ন বানিয়েছেন। এ রত্ন যে স্বামীগৃহেও রত্ন হবে, সে ব্যাপারে ফাতেমার কোনো সন্দেহ কোনো কালেই ছিল না। ফাতেমা লক্ষ করেছেন কতোবার, ছোটবেলা থেকেই খাদিজা তাঁদের খুশি ও সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করতো। তাহলে এখন কেন স্বামীর সন্তুষ্টি তাঁর লক্ষ হবে না? এখন ও-বাড়ি থেকে খাদিজার প্রশংসা শুনলে গর্বে তাঁর বুক ফুলে যায়। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে তাঁর মাথা নুয়ে আসে। এমন মেয়ে জন্ম দিতে পেরে তিনি ভীষণ গর্ব অনুভব করেন। কেবলই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন।

দেখতে দেখতে খাদিজা-আতিকের দাম্পত্যের বছর পার হয়ে গেল, সুখে-শান্তিতে মমতার বন্ধনে। এর মধ্যেই খাদিজার কোল আলোকিত করে জন্ম নিয়েছে এক মেয়ে। দৃঢ় বন্ধন আরও দৃঢ় হলো। স্নেহ-মমতা-ভালোবাসার বন্ধন আরও মধুময় হলো। মেয়েটি ছিল দেখতে অনেকটাই খাদিজার মতো।

কিন্তু খাদিজা-আতিকের এ দাম্পত্য-সুখ স্থায়ী হলো না। বিবাহের দ্বিতীয় বছরটি অর্ধেকটা পেরুতে না-পেরুতেই আতিক চলে গেলেন আখেরাতের অনন্ত সফরে, খাদিজার মনে শোকের দগদগে ঘা রেখে। আহ! অমন দায়িত্বশীল একনিষ্ঠ ওফাদার স্বামীর ওফাত কেমন করে সইবেন খাদিজা? রেখে-যাওয়া এ বিশাল সম্পদ ও ব্যবসা এখন কে সামলাবে? স্বামীর আকস্মিক মৃত্যুতে খাদিজা ভীষণ দুঃখ পেলেন। খাদিজার মায়ের দুঃখও খাদিজার দুঃখের চেয়ে কম নয়। তিনি নীরবে অশ্রু ফেলেন আর ভাবেন—আহা, মেয়েটা একটু থিতু না হতেই বিধবা হয়ে গেল! কুরাইশের নারী-পুরুষ খাদিজার স্বামীর অঢেল সম্পদ ও বিরাট ব্যবসা নিয়ে আলোচনা করলে কী হবে, মেয়ে তো বিধবা এখন!

এদিকে যারা সৌন্দর্য মাল ও বংশের পূজারি তাদের চোখ পড়লো—খাদিজার ওপর। অনেকেই কামনা করতে লাগলো স্ত্রী হিসাবে খাদিজাকে। উত্তরাধিকারসূত্রে লাভ করা তার সম্পদের ওপরও পড়লো ওদের লোলুপ দৃষ্টি। তারা খোআইলিদের কাছে আনাগোনা বাড়িয়ে দিলো। শোক প্রকাশের ছদ্মাবরণে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলো। আতিকের মৃত্যুর পর কিছুদিন না-পেরুতেই এদের ভিড় ক্রমে ক্রমে বাড়তে লাগলো। মক্কার ধনীদের বারংবার প্রস্তাব ও বিরক্তিকর পীড়াপীড়িতে খোআইলিদের কান ঝালাপালা হয়ে গেল। সবাই খাদিজার উচ্ছ্বসিত প্রশংসা করে বলছিল যে খাদিজা তার গৃহে এলে সব বদলে যাবে তাঁর ছোঁয়ায়।

খোআইলিদ যদিও চাচ্ছিলেন আতিকের ওফাতের পর বেশিদিন খাদিজা একাকী না থাকুক, কিন্তু পাশাপাশি তিনি উপযুক্ত পাত্র ছাড়া তাকে যে-কারও হাতে তুলে দিতেও মোটেই রাজি ছিলেন না তিনি। এদিকে এ বিষয়ে তিনি খাদিজার সাথে কথা বলতে পারছেন না। খাদিজা এখনো ভীষণ শোকাহত। ফাতেমাও নতুন কোনো প্রস্তাব নিয়ে মেয়ের মুখোমুখি হতে পারছেন না। কেননা তিনি ভালো করেই জানেন, তার মেয়ের এখন সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি কোমল কণ্ঠের, যা তার মন থেকে শোক-দাহ নিভিয়ে দিতে পারবে। তাকে শোনাবে সমবেদনা ও সান্ত্বনার শীতল বাণী। এমন কণ্ঠের এখন প্রয়োজন, যা খাদিজাকে গিয়ে বলবে—খাদিজা! আবার তোমাকে বিবাহের জন্য প্রস্তুত হতে হবে। ফাতেমা জানেন, খাদিজা আর নতুন করে বিবাহে আগ্রহী নয়। নিজের মেয়েটিকে মানুষ করা আর আতিকের ব্যবসার হাল ধরাই এখন খাদিজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েটাকে নিয়ে আরেকজন অপরিচিত মানুষের মুখোমুখি হতে তিনি অপ্রস্তুত।

এভাবেই কেটে যেতে লাগলো দিনের পর দিন.. মাসের পর মাস। খাদিজা এখনো সেই শোকের চাদরটা গা থেকে সরাতে পারছেন না, জীবন নিয়ে নতুন করে কিছু ভাবতে পারছেন না। মেয়েটিকে নিয়েই কাটে তাঁর সারাবেলা। ঘর থেকেও বের হন না। তাঁর মুখের আগের সেই হাসিটি এখন আর নেই, কোথাও যেন হারিয়ে গেছে। দুঃখের সংবাদ কানে এলেই চোখ ছলছল করে ওঠে। আনন্দের সংবাদ শুনলে মন দুরুদুরু করে ওঠে। কেননা আনন্দ-বেদনা তাঁর হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে, স্বামীর হাজারো স্মৃতি তখন তাঁর মনকে স্মৃতিকাতর করে তোলে।

এদিকে খোআইলিদের কাছে অনবরত প্রস্তাব আসছেই। কিন্তু খাদিজাকে গিয়ে সে কথা বলতে পারছেন না তিনি। খাদিজার অবস্থা এখনো আগের মতোই। মেয়ের শোকতপ্ত শুকনো মুখটা দেখলেই খোআইলিদের মন খারাপ হয়ে যায়। ভেতরটা হু হু করে ওঠে। ফাতেমাকে বলেন নিজের মনের কথা। নিজের খারাপ লাগার কথা। ফাতেমাও তাঁকে শোনান একই কথা। বাবা ব্যথিত হলে মা তো আরও ব্যথিত! মেয়ের ব্যথা তো বাবার আগে মাকেই বেশি স্পর্শ করে! কিন্তু মা খাদিজাকে গিয়ে মুখ ফুটে কিছুই বলতে পারছেন না।

কিন্তু কতোদিন আর? সময় তো গড়িয়ে যাচ্ছে! খোআইলিদ আর মানতে পারছেন না খাদিজার নিঃসঙ্গ জীবন। কেন মেয়েটা দুঃখে-বেদনায়-শোকে অমন ম্রিয়মাণ হয়ে থাকবে? কেন ও আগের মতো হাসবে না? উচ্ছলতায় বাবা-মাকে এবং নিজেকে প্রাণবন্ত করে রাখবে না? না, এ কিছুতেই হতে দেওয়া যায় না!

একদিন খোআইলিদ গিয়ে নীরবে বসলেন মেয়ের কাছে। অনেকক্ষণ বসে রইলেন। এতো সময় কখনো তিনি মেয়ের কাছে বসেন না। তারপর নীরবতা ভেঙে.. সংকোচ ও জড়তা কাটিয়ে বললেন:

—মা আমার! আর কতো পড়ে থাকবে এ শোকের চাদর, খুলবে না আর? অনেক দিন তো হলো আতিক মারা গেছে। তুমি জীবনে যেমন তার হক আদায় করেছো, করে যাচ্ছো। আমি মনে করি, মরণেও তুমি তার হক পুরোপুরি আদায় করেছো। জীবনে-মরণে ও ছিল তোমার শ্রদ্ধার পাত্র। ভালোবাসার মানুষ। কিন্তু তাই বলে তো জীবিতরাও জীবিত থেকে মৃতের জন্যে মরে যেতে পারে না!!

বুদ্ধিমতি খাদিজার মনকে ছুঁয়ে গেল বাবার কান্নাভেজা ও দরদমাখা এসব কথা। খাদিজা বাবার দিকে তাকালেন বড় বড় চোখে। ছলো-ছলো দৃষ্টিতে। তারপর বললেন ভেজা ভেজা আওয়াজে:

—প্রিয়-বিচ্ছেদের পর কিসের আবার জীবন! আতিক নেই তো কী হয়েছে, তাঁর স্মৃতি (মেয়ে) তো আছে!

খাদিজা তারপর আদর করে মেয়ের মাথায় হাত বুলাতে থাকেন। নিজের উদ্‌গত অশ্রুকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, ঝরঝর করে কপোল বেয়ে বয়ে চললো অশ্রুধারা! বললেন খোআইলিদকে লক্ষ করে:

—আতিকের রেখে যাওয়া এ রত্নই এখন আমার সবকিছু! সারাজীবন একে নিয়েই আমি বাঁচতে চাই! বাবা বিনে ওকে আর কার কাছে তুলে দেবো আমি? না, আমি একে কোনো অজানা মানুষের দয়ামায়ার ওপর ছেড়ে দিতে পারি না! কিছুতেই না!!

খোআইলিদ মেয়ের ভেজা চোখের কাঁদানে কথায় প্রভাবিত হলেন। কোনোভাবে অশ্রু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তারপর স্নেহঝরা কণ্ঠে বললেন:

—কিন্তু মা আমার! তুমি যে বড্ড একা! আমার মনে হয় সময় এসেছে তোমার এ সীমাহীন একাকীত্ব ঘোচানোর! মা! তুমি ‘না’ করো না, এ বুড়ো বাবাকে ফিরিয়ে দিয়ো না!

খোআইলিদ একটু দম নিয়ে আবার বলতে লাগলেন:

—জানো মা! আমি এমন একজন মানুষের নাম এখন তোমাকে বলবো, যার ভেতরে আতিকের ছায়া দেখেছি আমি! আশা করি এ ব্যাপারে আমার সাথে একমত হবে! বলবো তার নামটা? একটু শুনবে কি? নিশ্চয়ই তুমি তার নাম অনেক শুনেছো, নাব্বাশ ইবনে যুরারাহ আত তামিমী! বড়ো উঁচু মাপের মানুষ ও! মক্কাসহ সর্বত্র মশহুর—একজন দানবীর যুদ্ধবীর হিসাবে। হাজার মানুষের ভিড়ে ওকে অনায়াসেই আলাদা করা যাবে! ও হতে পারে শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মেয়ের! সুতরাং এবার তুমি ‘হ্যাঁ’ বলো!

খাদিজা নিরুত্তর! খোআইলিদ আবার কথা বললেন। আবার বললেন। আবার মেয়েকে ‘হ্যাঁ’ বলতে বললেন। অবশেষে খাদিজা ‘হ্যাঁ’ বললেন!!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00