📘 গীবত ও তওবা > 📄 চাঁদার টাকা

📄 চাঁদার টাকা


সমাজে এমন কিছু লোক রয়েছে যাদের হাতে জনকল্যাণমূলক কিছু ফান্ড বা তহবিল রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করার জন্য মানুষের নিকট থেকে চাঁদা তুলে থাকে। অনেক সময় দেখা যায় তারা সে ফান্ডের কিছু অংশ নিজেদের প্রয়োজনেও ব্যবহার করছে, যা মোটেই শরীয়ত সম্মত নয়।
যারা কোন মসজিদ-মাদরাসা অথবা কোন ওয়াকফ্ সম্পত্তির মুতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন অথবা কোন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদেরকে নিজেদের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখা অতীব জরুরি। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই জেনে বা না জেনে উদাসীনতা করে থাকেন এবং হিসাবে গরমিল করে ফেলেন। এটা তাদের জন্য পরকালের শাস্তির কারণ হবে।
আবার কেউ কেউ প্রতিনিধিরূপে মসজিদ-মাদরাসার জন্য চাঁদা সংগ্রহ করে থাকেন। এক্ষেত্রে অনেক লোক টাকা-পয়সা দিয়ে দেন; কিন্তু প্রতিনিধিদের ধর্মপরায়ণতার উপর নির্ভর করে তারা প্রমাণস্বরূপ কোন রসিদ চান না। এ প্রক্রিয়ায় যে চাঁদা সংগ্রহ করা হয়ে থাকে, তা হতে আত্মসাৎ করা খুবই সহজ। যদি কারো পরকালের জবাবদিহির দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে প্রবৃত্তি ও শয়তান আত্মসাৎ করিয়েই ছাড়ে।
আবার অনেককেই দেখা যায় চাঁদার টাকা ও নিজের টাকা এক করে ফেলেন এবং তা হতে খরচ করতে থাকেন। কত টাকা চাঁদা থেকে খরচ হল আর কত টাকা নিজের থেকে খরচ হল তারা তা ভাবেন না। যখন হিসাব করা হয় তখন কাট-ছাট করে মিলিয়ে নেন। চাঁদা গ্রহণের ক্ষেত্রে এসব পদ্ধতি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। কেননা এসব পদ্ধতির দ্বারা বান্দার হক নষ্ট হচ্ছে, অথচ বান্দা তা জানতে পারছে না। বান্দার কাছ থেকে সহজেই নজর এড়ানো যাচ্ছে। কিন্তু যিনি সর্বদ্রষ্টা বা সবকিছু দেখেন তার চোখ এড়ানো যায় না। তিনি একে ঠিকই ধরে ফেলবেন।
এ ধরনের খেয়ানত কোন একক ব্যক্তির অর্থসম্পদ আত্মসাৎ করা থেকেও বেশি ভয়ঙ্কর। কেননা একক ব্যক্তির নিকট হতে ক্ষমা চেয়ে নেয়া অথবা আদায় করে দেয়া সহজ, কিন্তু সর্বসাধারণের প্রদত্ত চাঁদা আত্মসাৎ করার পর ক্ষতিপূরণ করা অত্যন্ত কঠিন কাজ। যদি আল্লাহ তা'আলা তওবার তাওফীক দেন তবুও হকদারগণের নাম অজ্ঞাত থাকার কারণে তাদের নিকট তাদের হক পৌঁছানোর কোন উপায় থাকে না। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।

📘 গীবত ও তওবা > 📄 এতিমের মাল

📄 এতিমের মাল


এতিমের মাল ভক্ষণ করা এবং শরীয়তের নীতিমালা লঙ্ঘন করে তাদের মাল স্বীয় মালিকানাভুক্ত করে নেয়া হারাম এবং অত্যন্ত কঠিন গুনাহ। কুরআনুল কারীমে বলা হয়েছে-
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا
“নিশ্চয়, যেসব লোক অন্যায়ভাবে এতিমদের মাল গ্রাস করে, তারা মূলত আগুন দ্বারাই নিজেদের উদর পূর্ণ করে এবং অতি শীঘ্রই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে।” (সূরা নিসা: ১০)
অনেকে মনে করেন যে, এতিমের মাল ভক্ষণ করার পাপ সেসব লোকদেরই হতে পারে, যারা এতিমখানা চালাচ্ছে। কিন্তু বিষয়টি এমন নয়। যেকোন ব্যক্তি এতিমের মাল গ্রাস করলে সে অপরাধী সাব্যস্ত হবে। কোন কোন ক্ষেত্রে এতিম সন্তানদের চাচা বা অন্যান্য অভিভাবকরা নামমাত্র তাদের উপকার করে থাকেন। আর বাকি সম্পদ তারা নিজেরা ভোগ করেন। আবার কেউ কেউ এতিমদের উপর কিছুই খরচ করে না; বরং সবটুকু সম্পত্তি নিজেই গ্রাস করে ফেলে। যখন এ এতিম বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয় তখন তারা পিতৃ-সম্পত্তি হতে কিছুই পায় না। এসবই এতিমের মাল ভক্ষণ করার অন্তর্ভুক্ত। যারা এসব কাজে জড়িত তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং এতিমদের মাল তাদের কাছে ফেরত দিতে হবে, নতুবা আখেরাতের আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে।

📘 গীবত ও তওবা > 📄 বিধবার মাল

📄 বিধবার মাল


অনেকে মৃত ব্যক্তির সম্পত্তি হতে তার স্ত্রীকে কোন অংশ প্রদান করে না। এটা বড় ধরনের অন্যায়। বিধবার মাল আত্মসাৎ করলে পরকালের শাস্তি হতে রেহাই পাওয়া যাবে না।

📘 গীবত ও তওবা > 📄 কন্যা সন্তানদের অংশ

📄 কন্যা সন্তানদের অংশ


বিভিন্ন এলাকায় রেওয়াজ আছে যে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে তার কন্যা সন্তানদেরকে অংশ প্রদান করা হয় না; বরং ভাইয়েরাই সব ভোগ করে থাকে। এটা সম্পূর্ণ যুলুম ও হারাম। কেউ কেউ বলেন যে, বোনেরা তাদের অংশ দাবি করে না এবং ক্ষমা চেয়ে নিলে ক্ষমা করে দেয়।
জেনে রাখা প্রয়োজন যে, হক না চাওয়া হক ছেড়ে দেয়ার দলীল হতে পারে না। অন্যসব মিথ্যা ক্ষমার ন্যায় এটাও এক প্রকার মিথ্যা ক্ষমা। কেননা যেসব বোনেরা জানে যে, তারা নিজেদের সম্পত্তি পাবে না তারা নিজেদের হক দাবী করা হতে চুপ থাকে। যদি তাদের অংশ বণ্টন করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয় এবং বলা হয় এই তোমাদের অংশ নিয়ে যাও, তারপরও যদি তারা না নেয়, তাহলে তা বিবেচনাযোগ্য। প্রচলিত পন্থায় ক্ষমা করিয়ে নেয়া গ্রহণযোগ্য নয়।
কেউ কেউ নিজের মনকে বলে যে, সারাজীবন বোনদেরকে তাদের শ্বশুরালয় হতে আনতে থাকব। তারা সন্তান নিয়ে আসবে, খাবে। এটা দ্বারা তাদের হক আদায় হয়ে যাবে। তাদের এসব দাবি আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। কারণ,
প্রথমত : তাদের উপরে এত খরচ করা হয় না, যত সম্পত্তি তাদের পাওনা থাকে।
দ্বিতীয়ত: যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় তাহলে নিজের পয়সা দ্বারা করতে হবে। বোনদের পয়সা তাদের জন্য খরচ করলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা হতে পারে না।
তৃতীয়ত: বোনদেরকে তাদের অংশ থেকে বঞ্চিত করে ভাইয়েরা তা ভোগ করে থাকেন এতে কি বোনেরা সন্তুষ্ট রয়েছে? ভাইয়েরা কি তা ভেবে দেখেন কখনো? এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের আত্মসাৎ। যদিও বোনেরা লজ্জার কারণে তাদের হক আদায় করতে পারে না। কিন্তু আখেরাতের আদালতে যখন সবাই উপস্থিত হবে তখন কেউ কাউকে ছাড় দেবে না। সেদিন ভাইয়েরা লজ্জিত হবে এবং তাদের নেকীগুলো বোনদেরকে দিয়ে দিতে বাধ্য হবে। অথবা বোনদের গুনাহের বোঝা নিজেদের বহন করতে হবে। তাই যারা এসব কাজ করেন তাদের উচিত আজই বাবার সম্পক্তি হতে বোনদের অংশ বুঝিয়ে দেয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00