📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অসৎ ভাবনা অন্তরে উদয় হওয়া

📄 অসৎ ভাবনা অন্তরে উদয় হওয়া


এতে হযরত থানভী রহ. একটি মূলনীতি ও তা অনুসরণের পদ্ধতি বাতলে দিয়েছেন। অতি সংক্ষেপে বিষয়টার প্রকৃত অবস্থা তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তিনি এখানে যা বলেছেন তা খুবই মূল্যবান ও অত্যন্ত কাজের কথা। তিনি বলেছেন, মনের ভেতর আপনা-আপনি কোনো মন্দ কাজের ভাবনা এসে যাওয়াটা দোষের নয়। কেননা, এতে মানুষের ইচ্ছা শক্তির কোনো ভূমিকা নেই। এটা ইচ্ছাতীত জিনিস। তাই এতে কোনো গুনাহ নেই এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পাকড়াও নেই। তাতে এ ভাবনা যত গুরুতর বিষয়েরই হোক না কেন। অর্থাৎ আপনা-আপনি যদি কুফর ও শিরকী কোনো চিন্তাও অন্তরে জাগ্রত হয়, তাতে কোনো গুনাহ নেই। কারণ, তা যেহেতু ইচ্ছাকৃত নয়, তাই এতে কোনো গুনাহ ও শাস্তি নেই এবং এ কারণে সে নিন্দাযোগ্যও হবে না।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 মানসিক প্রতিক্রিয়া গুনাহ নয়

📄 মানসিক প্রতিক্রিয়া গুনাহ নয়


তেমনিভাবে কারো কোনো কথা বা কাজের দরুণ অন্তরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ মনের ভেতর অবস্থার যে পরিবর্তন দেখা দেয়, তাও গুনাহ নয়। পরিভাষায় এটাকে 'ইনফিআল' বলে। ইনফিআল অর্থ অন্যের কোনো প্রভাব গ্রহণ করার ফলে অন্তরে কোনো অবস্থা সৃষ্টি হওয়া। যেমন, কেউ গালি দিলে মনে ভাবান্তর সৃষ্টি হয়, উত্তেজনা দেখা দেয়। কেনো সে আমাকে ও আমার বংশকে গালি দিল এ জন্য রাগ হয়। এই রাগ ও উত্তেজনাকে 'ইনফিআল' বলে। এটা ইচ্ছাতীত ব্যাপার। মানুষের স্বভাবের ভেতরই এটা থাকে। তাই এতে কোনো গুনাহ হবে না।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 প্রতিক্রিয়াকে কাজে পরিণত করা গুনাহ

📄 প্রতিক্রিয়াকে কাজে পরিণত করা গুনাহ


কোনো কোনো বুযুর্গ নফসকে এমনভাবে দমন করে থাকেন যে, তাদের রাগ আসেই না। কেউ ভালো-মন্দ যাই বলুক না কেন, তাতে তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। তারা আল্লাহ তায়ালার খাছ বান্দা। সাধনার মাধ্যমে তারা তাদের নফসকে সম্পূর্ণ দমন করতে সক্ষম হয়েছেন।
কিন্তু এক্ষেত্রে কথা হলো সাধারণদের নিয়ে। সাধারণ একজন লোককে ভালো-মন্দ কিছু বলা হলে বা গালি দিলে তার অন্তরে प्रतिक्रिया দেখা দেবে। এ প্রতিক্রিয়ায় কোনো গুনাহ নেই। তার জন্য কোনো শান্তি দেয়া হবে না, নিন্দা করা হবে না এবং পাকড়াও করা হবে না। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখার পর যদি তার প্রকাশও ঘটে যায়, যেমন আপনাকে কেউ খবীস বললে জবাবে বলে দিলেন, তুই খবীস তোর বাপও খবীস। এভাবে অন্তরে যে রাগ দেখা দিয়েছিল তাকে কার্যে পরিণত করতে গিয়ে সীমালংঘন করলেন, এটা তো অবশ্যই দোষের। কেবল রাগ সৃষ্টি হওয়াটা দোষের ছিল না। মনে মলিনতা দেখা দেয়াটা কোনো গুনাহের কারণ ছিল না। এমনকি সেই রাগের বশবর্তীতে সমপরিমাণ বদলা নিলেও কোনো অন্যায় ছিল না। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যখন এক ইঞ্চি সামনে চলে গেলেন, তখন পাকড়াওয়ের মধ্যে পড়ে গেলেন। মানুষ রাগ অনুযায়ী কাজ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে সীমা অতিক্রম করে ফেলে। এই বাড়াবাড়ি করে ফেলাটা বিপজ্জনক। কারণ, তাতে মানুষের ইচ্ছার ভূমিকা থাকে। আর ইচ্ছাধীন কাজের জন্য আখেরাতে পাকড়াও হবে।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 ক্ষমা করাই নিরাপদ

📄 ক্ষমা করাই নিরাপদ


উদাহরণত, কেউ যদি আপনাকে ঘুষি মারে আর আপনি বদলা নিতে চান, তবে কিভাবে নিবেন? নিতে হবে তো সমান সমান। একটুও বেশি নেয়া যাবে না। সে যেই ওজনের ঘুষি মেরে ছিল, আপনাকে ঠিক সেই ওজনেরই মারতে হবে। আপনারটা যাতে সমান ওজনের হয়, বেশি না হয়, এজন্য তো ঘুষি মাপার পাল্লা লাগবে। অন্যথায় সমান সমান করা কোনো মানুষের পক্ষে সম্ভবই নয়। এ কারণেই আল্লাহর নেক বান্দাদেরকে কেউ মারলে তারা প্রতিশোধ নিতে যান না। তারা ক্ষমা করাকেই নিরাপদ মনে করেন। কারণ, সামান্য পরিমাণও বেশি হয়ে গেলে যুলুম হবে এবং সেজন্য পাকড়াও হতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00