📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 মানসিক প্রতিক্রিয়া বশে কোনো কাজ করা

📄 মানসিক প্রতিক্রিয়া বশে কোনো কাজ করা


এক ব্যক্তি হযরত থানভী রহ.-কে লিখেছিল, কেউ যদি অহেতুক আমার গীবত করে, তবে তা জানতে পারলে তার প্রতি অন্তর মলিনতা দেখা দেয়। এমনকি উত্তেজনাও সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ যখন জানতে পারি, অমুক ব্যক্তি পেছনে আমার বদনাম করেছে, তখন মনে মনে তার প্রতি ঘৃণা হয়, এমনকি রেগেও যাই। একথা জানানো দ্বারা তার উদ্দেশ্য ছিল, তার মনের এ প্রতিক্রিয়া সঠিক কি না, তা বুঝে নেয়া। সঠিক হলে তো ভালো, অন্যথায় বিষয়টা যদি সংশোধনযোগ্য হয়, তবে কিভাবে তার প্রতিকার হতে পারে- তা জানা ও সে অনুযায়ী কাজ করা।
হযরত থানভী রহ. উত্তরে লেখেন, এ উভয় অবস্থা তৈরি হয় অন্যের কাজ ও আচরণের প্রভাবে। প্রতিক্রিয়া নিজ ইখতিয়ারের বাহিরের জিনিস। ইচ্ছা ও ইখতিয়ারের অতীত বিষয় নিন্দনীয় নয় এবং তাতে কোনো গুনাহ নেই। অবশ্য সে প্রতিক্রিয়া বশে সেই ব্যক্তির গীবত করা বা তাকে কোনো ভাবে কষ্ট দেয়া অন্যায়। আর এ অন্যায় ইচ্ছাধীন হয়ে থাকে। ইচ্ছাধীন কোনো কোনো বিষয় নিন্দনীয় হয় এবং তাতে গুনাহও হয়। কাজেই কখনো অন্তরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হলে সে অনুযায়ী যাতে কোনো কাজ হয়ে না যায়- সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তায়ালার কাছে তা অপসারণের জন্য দুআ করতে হবে। হে আল্লাহ! আমার অন্তর থেকে এসব চিন্ত-ভাবনা দূর করে দিন- যাতে এ প্রতিক্রিয়া অন্যায় কাজে পর্যবসিত না হয়। সেই সঙ্গে নিজ দোষ ও গুনাহের প্রতি দৃষ্টিপাত করতে হবে। যাতে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে, আমি আরো বেশি দুর্নামের উপযুক্ত। আরো নজর দিতে হবে অন্যায়ের পরিণামের উপর। যাতে প্রতিক্রিয়া অনুযায়ী কোনো দুষ্ক্রিয়ায় লিপ্ত হওয়ার স্পৃহাই খতম হয়ে যায়। এক সপ্তাহ পর ফের নিজ অবস্থা সম্পর্কে অবহিত করবেন।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অসৎ ভাবনা অন্তরে উদয় হওয়া

📄 অসৎ ভাবনা অন্তরে উদয় হওয়া


এতে হযরত থানভী রহ. একটি মূলনীতি ও তা অনুসরণের পদ্ধতি বাতলে দিয়েছেন। অতি সংক্ষেপে বিষয়টার প্রকৃত অবস্থা তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তিনি এখানে যা বলেছেন তা খুবই মূল্যবান ও অত্যন্ত কাজের কথা। তিনি বলেছেন, মনের ভেতর আপনা-আপনি কোনো মন্দ কাজের ভাবনা এসে যাওয়াটা দোষের নয়। কেননা, এতে মানুষের ইচ্ছা শক্তির কোনো ভূমিকা নেই। এটা ইচ্ছাতীত জিনিস। তাই এতে কোনো গুনাহ নেই এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পাকড়াও নেই। তাতে এ ভাবনা যত গুরুতর বিষয়েরই হোক না কেন। অর্থাৎ আপনা-আপনি যদি কুফর ও শিরকী কোনো চিন্তাও অন্তরে জাগ্রত হয়, তাতে কোনো গুনাহ নেই। কারণ, তা যেহেতু ইচ্ছাকৃত নয়, তাই এতে কোনো গুনাহ ও শাস্তি নেই এবং এ কারণে সে নিন্দাযোগ্যও হবে না।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 মানসিক প্রতিক্রিয়া গুনাহ নয়

📄 মানসিক প্রতিক্রিয়া গুনাহ নয়


তেমনিভাবে কারো কোনো কথা বা কাজের দরুণ অন্তরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ মনের ভেতর অবস্থার যে পরিবর্তন দেখা দেয়, তাও গুনাহ নয়। পরিভাষায় এটাকে 'ইনফিআল' বলে। ইনফিআল অর্থ অন্যের কোনো প্রভাব গ্রহণ করার ফলে অন্তরে কোনো অবস্থা সৃষ্টি হওয়া। যেমন, কেউ গালি দিলে মনে ভাবান্তর সৃষ্টি হয়, উত্তেজনা দেখা দেয়। কেনো সে আমাকে ও আমার বংশকে গালি দিল এ জন্য রাগ হয়। এই রাগ ও উত্তেজনাকে 'ইনফিআল' বলে। এটা ইচ্ছাতীত ব্যাপার। মানুষের স্বভাবের ভেতরই এটা থাকে। তাই এতে কোনো গুনাহ হবে না।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 প্রতিক্রিয়াকে কাজে পরিণত করা গুনাহ

📄 প্রতিক্রিয়াকে কাজে পরিণত করা গুনাহ


কোনো কোনো বুযুর্গ নফসকে এমনভাবে দমন করে থাকেন যে, তাদের রাগ আসেই না। কেউ ভালো-মন্দ যাই বলুক না কেন, তাতে তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। তারা আল্লাহ তায়ালার খাছ বান্দা। সাধনার মাধ্যমে তারা তাদের নফসকে সম্পূর্ণ দমন করতে সক্ষম হয়েছেন।
কিন্তু এক্ষেত্রে কথা হলো সাধারণদের নিয়ে। সাধারণ একজন লোককে ভালো-মন্দ কিছু বলা হলে বা গালি দিলে তার অন্তরে प्रतिक्रिया দেখা দেবে। এ প্রতিক্রিয়ায় কোনো গুনাহ নেই। তার জন্য কোনো শান্তি দেয়া হবে না, নিন্দা করা হবে না এবং পাকড়াও করা হবে না। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখার পর যদি তার প্রকাশও ঘটে যায়, যেমন আপনাকে কেউ খবীস বললে জবাবে বলে দিলেন, তুই খবীস তোর বাপও খবীস। এভাবে অন্তরে যে রাগ দেখা দিয়েছিল তাকে কার্যে পরিণত করতে গিয়ে সীমালংঘন করলেন, এটা তো অবশ্যই দোষের। কেবল রাগ সৃষ্টি হওয়াটা দোষের ছিল না। মনে মলিনতা দেখা দেয়াটা কোনো গুনাহের কারণ ছিল না। এমনকি সেই রাগের বশবর্তীতে সমপরিমাণ বদলা নিলেও কোনো অন্যায় ছিল না। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যখন এক ইঞ্চি সামনে চলে গেলেন, তখন পাকড়াওয়ের মধ্যে পড়ে গেলেন। মানুষ রাগ অনুযায়ী কাজ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে সীমা অতিক্রম করে ফেলে। এই বাড়াবাড়ি করে ফেলাটা বিপজ্জনক। কারণ, তাতে মানুষের ইচ্ছার ভূমিকা থাকে। আর ইচ্ছাধীন কাজের জন্য আখেরাতে পাকড়াও হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00