📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 জবান সবচেয়ে দামি

📄 জবান সবচেয়ে দামি


যবান এতো দামি যে, একজন ৮০ বছরের কাট্টা কাফিরও মাত্র একটি কথা (লা-ইলাহা ইল্লাল্লাহ) দ্বারা পাক্কা মুমিন হয়ে জান্নাতের উত্তরাধিকার হয়ে যায়, আবার একজন একশত বছরের মুমিনও একটি কথার দ্বারা কাফির হয়ে চিরতরে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়।
আমরা যতো কথা বলি, চাই ভালো কিংবা মন্দ, প্রতিটি কথাই আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাগণ রেকর্ড করেন। কিয়ামতের দিন সেই রেকর্ড অনুযায়ী আমার বিচার-ফায়সালা হবে। এ মর্মে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন-
مَايَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
অর্থাৎ, মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লেখার জন্য তার কাছে প্রহরী ফেরেশতাগণ সদা প্রস্তুত রয়েছে। (সূরা ক্বাফ-১৮)
বেশিরভাগ গুনাহ যবান দ্বারা হয়
গীবত, শেকায়েত, মিথ্যা, ঝগড়া-বিবাদ, বেহুদা গল্প, ফাহেশা কথাবার্তা, অনর্থক কসম, চোগলখুরী, গালমন্দ, ধোঁকাবাজি ইত্যাদি থেকে যবানকে হিফাজত করা জরুরী। কারণ, হাদীসে আছে- মানুষ যতো গুনাহ করে, তার অধিকাংশই যবান ও লজ্জাস্থান দ্বারা সংঘটিত হয়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন (বদ আমলের) কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে? তিনি বললেন-
الْأَجْوَفَانِ الْفَمُ وَالْفَرْجُ
অর্থাৎ, অধিকাংশ মানুষ যবান ও লজ্জাস্থানের কারণে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং তুমি যদি যবান ও লজ্জাস্থান হিফাজতের যিম্মাদারী নাও, তাহলে আমি তোমার জান্নাতের যিম্মাদারী নিয়ে নিবো। (তিরমিযী-২০০৪, আহমাদ-৭৯০৭, ৯৪০৩, ইবনে মাজাহ-৪২৪৬)
অপর এক হাদীসে আছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাযি. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কী? তিনি বললেন, এমন অবস্থায় তোমার মৃত্যু হবে যে, তোমার যবান আল্লাহ পাকের যিকিরে সিক্ত থাকে। অর্থাৎ আল্লাহ পাকের যিকির রত অবস্থায় তোমার মৃত্যু হবে।
তবে এ কথা সত্য যে, মৃত্যুর সময় ঐসব লোকের যবান আল্লাহ পাকের যিকিরে সিক্ত থাকবে, যারা জীবদ্দশায় অধিক পরিমাণ (সর্বাবস্থায়) আল্লাহ পাকের যিকির করে। অর্থাৎ এক মুহূর্তও যিকির শূন্য থাকতে পছন্দ করে না। (তাবারানী কাবীর-১৬৬৩৪, ১৬৬৩৭, ১৬৬০৭, সহীহ তারগীব-১৪৯২, ইবনে হিব্বান-৮১৮, মাযমাউয যাওয়ায়েদ-১৬৭৪৭)

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 ইমাম শাফিঈ রহ. যে নীতি গ্রহণ করতেন

📄 ইমাম শাফিঈ রহ. যে নীতি গ্রহণ করতেন


হযরত ইমাম শাফেঈ রহ. সম্পর্কে বর্ণিত আছে, কেউ যখন তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করতেন, তিনি কোনো কোনো সময় দীর্ঘক্ষণ নীরব থাকতেন। কোনো উত্তর দিতেন না। একবার কেউ তাকে জিজ্ঞেস করলো, হযরত! এতক্ষণ হয়ে গেল কোনো উত্তর দিলেন না? কোনো কথাই বলছেন না, কারণ কী? উত্তরে তিনি বললেন,
حَتَّى أَعْرِفَ أَنَّ الْفَضْلَ فِي السُّكُوتِ أَوْ فِي الْكَلَامِ
'আমি নিরব থেকে ভেবে দেখেছি যে, আমার জন্য উত্তর দেয়া উত্তম, নাকি চুপ থাকা'।
অর্থাৎ তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান-বুদ্ধি দ্বারা পরিমাপ করছেন যে, এখন আমি যা বলবো, তা আমার জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতির কারণ হবে। আগে চিন্তা করা, তারপর কথা বলা। উপকারী সাব্যস্ত হলে বলা অন্যথায় চুপ থাকা। জবান ব্যবহারের জন্য এটাই উত্তম পন্থা, এর মধ্যেই কল্যাণ।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 জবানের হিফাজতের উপর জান্নাত লাভের ওয়াদা

📄 জবানের হিফাজতের উপর জান্নাত লাভের ওয়াদা


সহীহ বুখারীতে হযরত সাহল ইবনে সা'দ রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
مَنْ يَضْمَنُ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنُ لَهُ الجَنَّةَ
অর্থাৎ, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ 'যবান' ও উভয় উরুর মধ্যবর্তী স্থান (যৌনাঙ্গ) হিফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। (সহীহ বুখারী-৬৪৭৪, ৬৮০৭, ইফা.-৬০৩০, তিরমিযী-২৪০৮, আহমাদ-২২৩১৬, হাদীসের শব্দাবলী বুখারীর)
ব্যাখ্যা: এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলো, ইসলামের আমল তথা ফরয ও ওয়াজিবসমূহ অসংখ্য। আপনি আমাকে এমন একটি সংক্ষিপ্ত আমলের কথা বলে দিন যা সবকিছুকে অন্তর্ভুক্ত করে। তিনি বললেন, তোমার যবান যেন সর্বদা আল্লাহ পাকের যিকিরে তরতাজা থাকে। অপর বর্ণনায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতো অধিক পরিমাণে আল্লাহ পাকের যিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। (মুসনাদে আহমাদ, ইবনে কাসীর, তাফসীরে মা'আরিফুল কুরআন-১০৮৬)

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অনর্থক কথার উপর দু’জন শিক্ষার্থীর ঘটনা

📄 অনর্থক কথার উপর দু’জন শিক্ষার্থীর ঘটনা


দিল্লীতে হযরত মির্যা জানে জান রহ. নামে একজন উচ্চস্তরের বুযুর্গ ছিলেন। খুবই নাজুক স্বভাবের ছিলেন। তার সম্পর্কে বহু ঘটনা আছে। একবার আফগানিস্তানের বলখ থেকে দু'জন লোক তাঁর কাছে মুরীদ হওয়ার জন্য আসলেন। তারা সেখান থেকেই তাঁর বুযুর্গীর সুখ্যাতি শুনেছিলেন এবং তাতে তাদের অন্তরে তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা জন্মেছিল। তাই মনস্থির করে ফেলেছিলেন তাঁর কাছে মুরীদ হবে।
বলখ থেকে দিল্লী অনেক দূরের পথ। কিন্তু মুরীদ হওয়ার উদ্দিপনায় পথের দূরত্ব তাদের কাছে কোনো বাধা মনে হয়নি। হযরত মির্যা সাহেব রহ. যে মসজিদে নামায পড়তেন তারা এসে সেখানে উপস্থিত হলেন। তখন নামাযেরও সময় হয়ে যাচ্ছিল। তাই তারা দু'জন হাওযে ওযু করতে বসে গেল। তারা ওযু করছিল আর হাওয নিয়ে পরস্পর কথা বলছিল। একজন প্রশ্ন করলেন, হাওয কোন্টি বড়? এটি, না আমাদের বলখের জামে মসজিদেরটি? অপরজন বললেন, এটিই বড়।
প্রশ্নকর্তা বললেন, না বলখেরটি বড়। পরস্পর এ নিয়ে বাহস চলছিল। ঠিক এমন সময়ে হযরত মির্যা সাহেব রহ. সে পথে মসজিদে আসছিলেন। তিনি তাদের কথাবার্তা শুনে ফেলেন। নামাযের পর তারা তাঁর কাছে উপস্থিত হলেন এবং সবিনয়ে জানালেন যে, আমরা বলখ থেকে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, কী উদ্দেশ্যে? তারা বললেন, আপনার হাতে বাইআতের উদ্দেশ্যে।
হযরত মির্যা সাহেব রহ. বললে, বাইআতের জন্য এসেছেন ভালো কথা, কিন্তু হাওয কোন্টি বড় তার সমাধান কি হয়ে গেছে? একথা শুনে তারা লজ্জায় শেষ! আমাদের এই ফালতু আলাপ হযরত শুনে ফেলেছেন! কেউ কোনো কথা বললেন না। শেষে হযরত বললেন, এখনো যদি মীমাংসা না হয়ে থাকে, তবে একটা কাজ করুন। বাইআতের ব্যাপারটা পরে হোক। তার আগে বলখ চলে যান। গিয়ে সেই হাওযটি মাপুন। তারপর আবার এখানে চলে আসুন এবং এই হাওযটি মাপুন। এভাবে আগে ফায়সালা করে নিন হাওয কোন্টি বড়, আর কোন্টি ছোট। তারপর বাইআত হোন। কেননা, আপনাদের কথাবার্তা দ্বারা বোঝা গেছে, যে বিষয়ে আলোচনা করছিলেন, তার সঠিক জ্ঞান আপনাদের কারো নেই। সেই সঙ্গে নেই সতর্কতাও। একজন মাপজোখ ছাড়াই দাবি করে বসলেন হাওয এইটি বড়। দ্বিতীয়জনও একইভাবে দাবি করলেন ঐটি বড়। এভাবে না জেনে একটি বিষয়ে বাহাস শুরু করে দিলেন। এর দ্বারা জানা গেল আপনাদের স্বভাবে সতর্কতা নেই। দ্বিতীয়ত জানা গেল, আপনারা ফুযূল (অনর্থক) কথাবার্তায় অভ্যস্ত। যদি জানাও থাকত কোন্টি বড়, তাতে দুনিয়া বা আখেরাতের কি ফায়দা হত? কাজেই আপনাদের আলোচনা ফালতু নয়ত কি? সুতরাং আপনারা বলখ চলে যান এবং হাওযটা মেপে আসুন। তার আগে আমি বাইআত করবো না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00