📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অন্যের কথায় কান দিবে না

📄 অন্যের কথায় কান দিবে না


অতঃপর হযরত থানভী রহ. মূলনীতি বলে দিয়েছেন যে, এ ব্যাপারে গীবতকারীর মনে কষ্টের প্রতি ভ্রুক্ষেপ করবে না। কেননা, নিজের দ্বীন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা আরো বেশি জরুরী। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি এই দ্বিমুখী প্রান্তিকতার শিকার আমরা সব ক্ষেত্রেই। একদিকে তো আল্লাহর হকের কোনো মূল্যই আমরা দেই না। যে যেভাবে পারি অন্যের হক নষ্ট করি, চাই তা জান-মালের হক হোক বা ইজ্জত-আবরুর হক হোক। অন্যদিকে ক্ষেত্রবিশেষে বান্দার হকের গুরুত্ব দিতে গিয়েও এমন অন্ধ হয়ে পড়ি যে, তার জন্য শরীয়াতের অন্যান্য ফরয কাজসমূহে অবহেলা করতেও দ্বিধাবোধ করি না।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 সময়মত নামায পড়া ফরয

📄 সময়মত নামায পড়া ফরয


তার উদাহরণ পেশ করা যায় জনৈক ডাক্তার সাহেবকে দিয়ে। তার স্ত্রী আমাকে জানান যে, এমনিতে তো আমার স্বামী খুব ভালো মানুষ। কিন্তু ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় নামায পড়েন না। আমি তাকে নামাযের সময়ে নামায আদায় করে নিতে বললে উত্তরে তিনি বলেন, আমি তো মানুষের সেবা করছি। এটা বান্দার হক। রোগী চিকিৎসার অপেক্ষায় বসে থাকবে আর আমি নামাযে দাঁড়াব? তিনি কর্মরত সময়টা এভাবে পার করেন। অতঃপর বাসায় ফিরে আসর, মাগরিব ও ইশার নামায একত্রে আদায় করে নেন। তার কথা হলো, আমি মানবসেবায় নিয়োজিত আছি। মানুষের সেবা করতে যেয়ে নামায কাযা হলে কোনো ক্ষতি নেই।
ভাই! মানবসেবা অতি উত্তম কাজ তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা তো আমার উপর নামাযের মত ফরযে আইন নয়। তা ছাড়া মানবসেবার সাথে নামাযের কোনো বিরোধও নেই। আসরের ৪ রাকআত ফরয নামায পড়ার পর আবার রোগী দেখা শুরু করলে এমন কী ক্ষতি হয়ে যাবে? আসলে নামায কাযা করানোর জন্য নফস ও শয়তান মানবসেবাকে দাঁড় করিয়ে দিয়েছে। এসবই প্রান্তিকতা ও দ্বিমুখী নীতি। দ্বীনের সঠিক বুঝ না থাকার কারণেই এসব হয়ে থাকে। এ কারণেই হযরত থানভী রহ. বলেন, অন্যের মন রক্ষার খাতিরে নিজের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। কাজেই গীবতকালে বাধা দিলে গীবতকারী মনে কষ্ট পাবে কিংবা মজলিস থেকে উঠে গেলে সে আহত হবে, এসব চিন্তা একদম বাদ দিয়ে দিন। গুনাহ থেকে আত্মরক্ষার ফলে কেউ মনে কষ্ট পেলে তা পেতে দিন। অন্যের মন রক্ষা করা কেবল ততক্ষণই কর্তব্য, যতক্ষণ তা বৈধতার সীমার মধ্যে থাকে। সেই সীমার মধ্যে আপনার দ্বারা যাতে কারো মনে আঘাত না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। কিন্তু অন্যের মন রক্ষা করতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হতে হয়, তবে সে মন রক্ষার কোনো বৈধতা নেই। গুনাহ থেকে অবশ্যই বাঁচতে হবে। সে জন্য কেউ মনে কষ্ট পেলে পাক, এতে আপনার কিছু আসে-যায় না; বরং আল্লাহর সন্তুষ্টই কাম্য।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 অপরের জন্য নিজের আখেরাত বরবাদ করা চরম বোকামি

📄 অপরের জন্য নিজের আখেরাত বরবাদ করা চরম বোকামি


হাদীস শরীফে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের পার্থিব স্বার্থে নিজ আখেরাত নষ্ট করে, আল্লাহ তায়ালা তার উপর দুনিয়ার সেই ব্যক্তির আধিপত্য দান করেন। ফলে যার জন্য সে নিজ আখেরাত বরবাদ করেছিল, সেই ব্যক্তি তার দুনিয়াও বরবাদ করে দেয়। এটা একটা পরিক্ষিত বিষয়। দেখা যায়, যে ব্যক্তি স্ত্রী ও সন্তান-সন্ততির ভোগ-বিলাসিতার জন্য অবৈধ উপার্জনে লিপ্ত হয়, তার মাথার উপর সেই স্ত্রী ও সন্তান-সন্ততিই এমনভাবে চেপে বসে যে, তাদের উৎপাতে তার সব আরাম হারাম হয়ে যায়। তা তো হারাম হবেই, যেহেতু সে স্ত্রী ও সন্তান-সন্ততিকে খুশি করার জন্য আল্লাহ তায়ালাকে নাখোশ করেছিল এবং তাদের পার্থিব স্বার্থে নিজ আখেরাত বরবাদ করেছিল। সুতরাং সাবধান! অন্যের মন রক্ষার খাতিরে যেন নিজের দ্বীন ক্ষতিগ্রস্ত না হয়।

📘 গীবত ও তার ভয়াবহ ক্ষতি > 📄 গীবত থেকে বাঁচার জন্য দৃঢ় মনোবল প্রয়োজন

📄 গীবত থেকে বাঁচার জন্য দৃঢ় মনোবল প্রয়োজন


হযরত আলী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
لَاطَاعَةَ فِي مَعْصِيَةِ اللَّهِ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ
অর্থাৎ, আল্লাহ তায়ালার নাফরমানীমূলক কোনো কাজে আনুগত্য করা জায়েয নেই। বরং আনুগত্য কেবলমাত্র ন্যায় ও সৎ কাজেই হবে। (বুখারী-৭২৫৭, ৪৩৪০, ইফা.-৬৭৬৩, মুসলিম-৪৬৫৯, ইফা.-৪৬১৩, হাদীসের শব্দাবলী উভয়ের)
কাজেই গীবত করা যেহেতু নাফরমানীর কাজ, যা করলে আল্লাহ তায়ালা নাখোশ হন, তাই তার জন্য কোনো মানুষের মন রক্ষার প্রয়োজন নেই এবং তা করার কোনো বৈধতাও নেই। মনে রাখতে হবে, কোনো কাজই হিম্মত ও দৃঢ় মনোবল ছাড়া হয় না। সব কাজেই কিছু না কিছু কষ্ট-ক্লেশ করতেই হয়। যেকোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল কেবল শ্রম-সাধনার পরই পাওয়া যায়। এখন আপনি যদি বিশ্বাস করেন, গীবত করা মন্দ কাজ ও কঠিন গুনাহ। সেই সঙ্গে এ কথাও স্বীকার করেন যে, এর দ্বারা আখেরাত বরবাদ হয়, তবে এর থেকে বাঁচার জন্য আপনাকে শ্রম-সাধনা করতেই হবে। আপনি যখন হিম্মত করে কাজে লেগে পড়বেন, তখন আল্লাহ তায়ালার আপনাকে সাহায্য করবেন। ফলে এই গুরুতর পাপ থেকে আত্মরক্ষা করা সহজ হয়ে যাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00