📄 নিজ অপরাধের প্রতি লক্ষ্য করুন
প্রিয় ভাই! অন্যের বদনাম কি করবেন, নিজের দোষ-ত্রুটির কি অভাব আছে? নিজের দোষ-ত্রুটির প্রতি লক্ষ করুন। অন্যের মধ্যে কোনো দোষ-ত্রুটি থাকলে সে কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে না। তার দোষ-গুণের জন্য শাস্তি বা পুরস্কার পেলে সে-ই পাবে। কাজেই তার যা আছে, তা নিয়ে সে থাকুক এবং তার হিসাবও আল্লাহ তায়ালা নিবেন। তোমাকে তোমার নিজ কর্মফলই ভোগ করতে হবে। ভালো হলে ভালো ফল পাবে, আর মন্দ হলে মন্দ ফল পাবে। কাজেই নিজের ফিকির নিজে করো।
تجھ کو پرائی کیا پڑی اپنی نیڑ تو 'পর কে নিয়ে চিন্তা ছেড়ে, নিজের পরিণতি নিয়ে ভাবুন। নিজের দিকে ধ্যান দিন এবং নিজ দোষ-ত্রুটি লক্ষ্য করুন।
মানুষ নিজ সম্পর্কে যখন গাফেল হয়ে যায় এবং নিজ দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন হয়ে পড়ে- তখনই সে অন্যের দোষ-ত্রুটি খোঁজে। নিজ অপরাধের কথা মাথায় থাকলে কেউ কখনো অন্যের দোষের দিকে নজর দিতে পারে না। ফলে অন্যের দোষ চর্চারও কোনো অবকাশ তার হয় না। সম্রাট বাহাদুর শাহ জুফার খুবই চমৎকার কথা বলেছেন;
نہ تھی حال کی جب ہمیں اپنی خبر رہے ڈھونڈتے اور وں کے عیب و ہنر پڑی اپنی برائیوں پر جو نظر تو نگاہ میں کوئی برا نہ رہا
নিজ অবস্থা সম্পর্কে কোন সচেতনতা ছিল না যখন, তখন তো বেড়াতাম খুঁজে অন্যের যত দোষ-গুণ * নজর পড়ল খেনই নিজ দোষের উপর, তখনই আড়াল হয়ে গেল অন্যের যত দোষ।
📄 কথোপকথনের মোড় ঘুরিয়ে দিন
আমরা যে সমাজে বসবাস করছি এবং যে সময়টা পার করছি, তার ভেতর থেকে এ কাজ যে অত্যন্ত কঠিন তাতে সন্দেহ নেই। কিন্তু এটাও সত্য যে, তা অসম্ভব নয়। অসম্ভব হলে আল্লাহ তায়ালা গীবতকে হারাম করতেন না। হারাম এজন্যই করেছেন যে, তা পরিহার করা মানুষের এখতিয়ারাধীন। মজলিসের আলোচনা যদি গীবতের দিকে যায়, তবে লাগাম টেনে ধরুন এবং আলোচনার মোড় অন্য দিকে ঘুরিয়ে দিন। আর যদি কখনো গীবত হয়েই যায়, তাহলে সঙ্গে-সঙ্গে তাওবা করুন এবং ভবিষ্যতে তা পরিহার করে চলার জন্য নতুন সংকল্পে আবদ্ধ হোন।
📄 ইশারা-ইঙ্গিতে গীবত করা
গীবত কেবল মুখেই নয়, বরং ইশারা-ইঙ্গিতেও গীবত হয় এবং সেটাও মৌখিক গীবতের মতই হারাম। একবার উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। কথায় কথায় অপর উম্মুল মুমিনীন হযরত সাফিয়্যা রাযি. এর কথা উঠে গেল। তিনি কিছুটা বেটে প্রকৃতির ছিলেন। হযরত আয়েশা রাযি. হাতের ইশারায় বোঝালেন যে, তিনি একজন ছোট-খাট মানুষ। মুখে বেটে বা খাটো কিছুই বললেন না। তবুও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বললেন, হে আয়েশা! তুমি এমন একটা কাজ করলে যে, এর বিষ ও বদবু যদি সাগরে ঢেলে দেয়া হয়, তবে গোটা সাগরের পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে যাবে।
চিন্তা করে দেখুন! গীবতের একটা ইশারাকেও পর্যন্ত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুতর সাব্যস্ত করেছেন। অতঃপর তিনি বলেন, সারা বিশ্বের ধন-দৌলতও যদি আমাকে দেয়া হয়, তার বিনিময়েও আমি কারো এমন অনুকরণ করতে প্রস্তুত নই যা দ্বারা অন্যকে ব্যঙ্গ করা হয় বা তার কোন মন্দ দিক প্রকাশ করা হয়। (আবু দাউদ-৪৮৭৫, তিরমিযী-২৫০২, আহমাদ-২৫০৩২, হাদীসের শব্দাবলী আবু দাউদের, হাদীসটি হাসান সহীহ)
📄 গীবত পরিহারে বিশেষ গুরুত্ব দিন
বর্তমানে তো অনুকরণ করতে পারা একটা রসাত্মক শিল্পে পরিণত হয়েছে। অন্যের হুবহু অনুকরণ করে দেখাতে পারলে তাকে প্রশংসার দৃষ্টিতে দেখা হয়। মুগ্ধ হয়ে বলা হয়, দেখেছ কী অনুকরণদক্ষ লোক! অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জাহানের ধন-সম্পদের বিনিময়েও আমি কারো অনুকরণ করে দেখাতে রাজী নই। এর দ্বারা অনুমান করা যায়, তাঁর দৃষ্টিতে এটা কত বড় মন্দ ও গর্হিত কাজ ছিল। সাথে সাথে তিনি কত গুরুত্ব সহকারে তার থেকে বিরত থাকার জন্য তাকিদ করেছেন। কিন্তু আমাদের যে কী হয়েছে? আমরা মদ্যপান ও ব্যভিচারকে গর্হিত মনে করলেও গীবত করাকে কোন গর্হিত কাজ মনে করছি না; বরং একে মায়ের দুধের মত মজাদার বানিয়ে ফেলেছি। যার ফলে এমন কোনো মজলিস পাওয়া যাবে না, যেখানে এ মজা ভোগ করা হয় না। আল্লাহ তায়ালাকে ভয় করুন এবং এর থেকে বাঁচার চেষ্টা করুন।