📘 গীবত ভয়াবহ পরিনতি ও পরিত্রাণের উপায় > 📄 ভূমিকা

📄 ভূমিকা


بسم الله الرحمن الرحيم
نحمده ونصلى على رسوله الكريم
গীবত ও নামীমাহ্ শব্দ দু'টি আক্ষরিকভাবে খুবই ছোট্ট, উচ্চারণও খুব সহজ। কিন্তু এর সামাজিক কুপ্রভাব অত্যন্ত ভয়াবহ এবং পরকালীন পরিণতিও ভীষণ কঠিন। এ দু'টি বিষয়ই সুস্থ-সুন্দর সমাজ ও পরিবেশ ধ্বংসের জন্য এক মারাত্মক সংক্রামক রোগ। আর এই ব্যাধিতে বর্তমান মুসলিম সমাজের নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষিত, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক ও নামী-দামী আলেম-ওলামাসহ প্রতিটি স্তরের ব্যক্তি ও গোষ্ঠী আক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে মহিলারা বেশী পরশ্রীকাতর হওয়ার কারণে তাদের মধ্যেও বেশী পরিলক্ষিত হয়। গীবত যে একটি মহা পাপ সে কথাটি আমরা চিন্তাই করি না। তাই এই মারাত্মক ব্যাধি থেকে সতর্কতা অবলম্বন করা প্রত্যেকটি মুসলিমের জন্য অতীব জরুরী।
এই উদ্দেশ্যকে সামনে রেখেই উক্ত বিষয়ের পরিচয়, হুকুম বা বিধান, ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রভাব, পরকালে ভয়াবহ পরিণতি, ভীষণ শাস্তি এবং এ থেকে পরিত্রাণের কতিপয় উপায় আলোকপাত করা হল। নির্ভরযোগ্য দলীল প্রমাণ ও শব্দ বিন্যাসের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। তথাপিও মানুষ হিসাবে লেখার মধ্যে ভুল-ত্রুটি হওয়া খুবই স্বাভাবিক। যতটুকু সঠিক হয়েছে তা সবই মহান আল্লাহ্র বিশেষ রহমত। বিজ্ঞ পাঠক মহলের নজরে কোন ধরনের ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা আমাদেরকে অবহিত করার অনুরোধ রইল।
এই পুস্তিকা দ্বারা কোন পাঠক সামান্যতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে ইনশাআল্লাহ্।
পরিশেষে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করেন এবং আমার, আমার পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য পরকালীন পাথেয় হিসাবে কবুল করেন।
বিনীত
মুহাম্মাদ আবদুল হাই

📘 গীবত ভয়াবহ পরিনতি ও পরিত্রাণের উপায় > 📄 গীবতের অর্থ

📄 গীবতের অর্থ


গীবত একটি আরবী শব্দ, এর অর্থ বিভিন্নজন বিভিন্নভাবে করেছেন। তবে তাতে শুধু শাব্দিক পার্থক্য দেখা যায় মৌলিক কোন ভিন্নতা নেই।

হাদীসের ভাষায় গীবতের অর্থ :
রাসূল ﷺ তাঁর সাহাবীদের লক্ষ্য করে বলেন,
أَتَدْرُونَ مَا الْغِيْبَةُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ
قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيْهِ مَا تَقُوْلُ فَقَدْ
اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيْهِ فَقَدْ بَهَنَّهُ.
“গীবত কি জিনিস তোমরা কি তা জানো? জবাবে তাঁরা বলেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই এ বিষয়ে ভাল জানেন। তিনি বলেন, তোমার অপর ভাইয়ের এমন কিছু বিষয় তার অগোচরে আলোচনা করা যা সে অপছন্দ করে রাসূল ﷺ-কে বলা হলো, হে আল্লাহর রাসূল ﷺ! তার সম্পর্কে আমি যা বলি তা যদি বাস্তবে তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি গীবত হবে? রাসূল ﷺ বলেন, হ্যাঁ, তুমি যা বলো তা যদি সত্যই তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি তার গীবত করলে। আর যদি তার মধ্যে ঐ ত্রুটি বিদ্যমান না থাকে তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে।”¹

ইমাম নববী (রাহিমাহুল্লাহ্) বলেন, “গীবত হচ্ছে একজন মানুষের মধ্যে বিদ্যমান কোন দোষ-ত্রুটি অন্যের সামনে বর্ণনা ও আলোচনা করা যা প্রকাশিত হোক তা সে চায় না, সে দোষ-ত্রুটি তার শারীরিক হোক অথবা চারিত্রিক, দুনিয়াবী হোক অথবা দ্বীনি, সৃষ্টিগত হোক অথবা বৈশিষ্ট্যগত, ধন-সম্পদে হোক অথবা পিতা-পুত্রের ব্যাপারে, স্ত্রীর হোক অথবা খাদেমার (বুয়া), পোষাক-পরিচ্ছদে হোক অথবা চলাফেরায়, তার হাস্যোজ্জ্বল অথবা গাম্ভীর্যপূর্ণ চেহারার হোক ইত্যাদি বিষয় যা তার সাথে সম্পৃক্ত। আর এই আলোচনা ও বিবরণ মুখের ভাষায় হোক অথবা লেখনির মাধ্যমে অথবা ব্যঙ্গাকৃতি প্রকাশের মাধ্যমে হোক অথবা হাত, মাথা ও চক্ষুর ইশারার মাধ্যমে কিংবা যে কোন মাধ্যমে হোক।'

টিকাঃ
১. সহীহ্ মুসলিম, 'আল-বির ওয়াসিলাহ্ ওয়াল আদাব' অধ্যায়, 'গীবত হারাম' অনুচ্ছেদ, হা/৪৬৯০।

📘 গীবত ভয়াবহ পরিনতি ও পরিত্রাণের উপায় > 📄 মিথ্যা অপবাদের পরিণতি

📄 মিথ্যা অপবাদের পরিণতি


“গীবত, বুহতান ও ইষ্ক” এগুলি আরবী শব্দ। গীবত-এর অর্থ- ব্যক্তির মধ্যে বিদ্যমান কোন দোষ-ত্রুটির সমালোচনা করা। আর কোন ব্যক্তির এমন দোষ-ত্রুটি আলোচনা করা যা তার মধ্যে আসলেই বিদ্যমান নেই, এটাই হচ্ছে বুহতান বা মিথ্যা অপবাদ। ইষ্ক অর্থ চরম মিথ্যা। কোন বিষয় শুনে কোনরূপ যাচাই-বাছাই না করে অমনি সাথে সাথে তা বলে বেড়ানো। অর্থাৎ মিথ্যা অপবাদ বা ভিত্তিহীন বিষয়ের প্রচার ও প্রসার করা। বুহতান ও ইস্ক মূলতঃ মিথ্যার সাথেই সম্পৃক্ত।

মিথ্যা অপবাদের কারণে উম্মুল মুমিনীন জননী আয়েশা (রাযিআল্লাহু আনহা) এবং রাসূল ﷺ ও উপস্থিত সাহাবীদের মাঝে কি চরম পরিস্থিতি বিরাজ করছিল তা কি আমরা কখনও ভেবে দেখেছি? এরূপ গুঞ্জনের কারণে মদীনার আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। বাণী মুস্তালিক যুদ্ধে রাসূল ﷺ-এর স্ত্রীদের মধ্য হতে সাথে ছিলেন মা আয়েশা (রাযিআল্লাহু আনহা)। পথিমধ্যে তাঁর হার হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদুল্লাহ্ বিন উবাই বিন সালূল মা আয়েশা (রাযিআল্লাহু আনহা)-এর প্রতি যেনার যে মিথ্যা অপবাদ দিয়েছিল সে কারণে রাসূল ﷺ ভীষণ অস্থির হয়ে পড়েন। এমনকি মধুর সম্পর্ক আস্তে আস্তে কমিয়ে দিতে থাকেন। অথচ মা আয়েশা (রাযিআল্লাহু আনহা) তখনও এ বিষয়ে কিছুই অবগত ছিলেন না। পরে যখন তাঁর প্রতি মিথ্যা অপবাদের কথা উম্মে মিসতাহ্র নিকট হতে অবহিত হলেন, তখন তিনিও পাগল প্রায় হয়ে পড়লেন। বাঘের গলায় হাড় বিধলে যেমন অস্থির হয়ে ছুটাছুটি করতে থাকে, তিনিও তেমনিভাবে নিজেকে পূত-পবিত্র প্রমাণিত করার জন্য পেরেশান হয়ে গেলেন। অশ্রু জলে পবিত্র বুক ভিজতে থাকে এবং দুঃখে ও শোকে একাধিক রাত্রি বিনিদ্র অবস্থায় কাটাতে থাকেন। একদা রাসূল ﷺ তাঁর নিকট এসে বলেন, হে আয়েশা! তোমার ব্যাপারে এরূপ শুনছি। অতএব তুমি যদি এ বিষয়ে সত্যই নির্দোষ হয়ে থাকো তাহলে মহান আল্লাহ্ তোমাকে পূত-পবিত্র ঘোষণা করবেন। আর যদি তুমি অপরাধী হয়েই থাকো তাহলে আল্লাহর নিকট ক্ষমা চাও এবং তাওবা কর। কেননা আল্লাহই একমাত্র তাওবা কবুলকারী। একথা শুনে মা আয়েশা (রাযিআল্লাহু আনহা) দৃঢ় বিশ্বাসের সাথে বলেন, হে আল্লাহর রাসূল ﷺ আমি অল্প বয়সী মেয়ে, কুরআন মাজীদও বেশী পড়তে পারি না। আল্লাহর কসম! আমি জানতে পারলরাম যে, আপনারা এ বিষয়ে অনেক কিছু শুনেছেন যা আপনাদের অন্তরে বসে গেছে এবং বিশ্বাসও করে ফেলেছেন। অতএব আমি যদি বলি, এ বিষয়ে আমি সম্পূর্ণ পবিত্র তাহলে আপনারা তা বিশ্বাস করবেন না। আর যদি আপনাদেরকে বলি যে, যা শুনছেন তা সত্য, তাহলে মহান আল্লাহ্ জানেন আমি এ বিষয়ে সম্পূর্ণ মুক্ত। অতঃপর একমাস পর মহান আল্লাহ্ তাঁর পবিত্রতার সমর্থনে দশটি আয়াত নাযিল করে বিষয়টির নিষ্পত্তি করেন।' ফলে মদীনার মেঘাচ্ছন্ন আকাশ ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আস্তে আস্তে পরিস্কার হয়ে উঠল এবং সেই কপোট মিথ্যুকদের মুখোশ উন্মোচিত হল। এই অপবাদের ঘটনা সহীহ্ আল-বুখারীসহ বিভিন্ন তাফসীর গ্রন্থে বিস্তারিত উল্লেখিত হয়েছে।²
উক্ত অপবাদের কারণে মিসতাহ্ বিন আছাছাহ্, হাসান বিন ছাবেত ও হামনাহ্ বিনতে জাহাশকে দণ্ডায়িত করা হয়েছিল, প্রত্যেককে আশিটি করে বেত্রাঘাত করা হয়। যদিও এই মিথ্যা অপবাদ ছড়ানোর মূল হোতা ছিল আবদুল্লাহ্ বিন উবাই বিন সালূল, তবুও তার উপর দণ্ডারোপ করা হয়নি।' কারণ হিসাবে উল্লেখ করা হয় যে, দুনিয়াতে শাস্তির বিধান কায়েম করলে হয়ত পরকালীন শাস্তি হালকা হয়ে আসতে পারে। আর মহান আল্লাহ তার জন্য পরকালে কঠিন শাস্তির ওয়াদা করেছেন।

টিকাঃ
১. ইমাম নববী, আল-আযকার পৃ. ৫৩৪।
১. সূরা নূর, আয়াত ১১-২০।
২. সহীহ্ আল-বুখারী, 'কিতাবুল মাগাযী', 'হাদীদুল ইষ্ক' অনুচ্ছেদ।

📘 গীবত ভয়াবহ পরিনতি ও পরিত্রাণের উপায় > 📄 মিথ্যুকের ভয়াবহ পরিণতি

📄 মিথ্যুকের ভয়াবহ পরিণতি


একজন কপট মিথ্যুক মুহূর্তের মধ্যে যেভাবে পরিবেশ কলুষিত করতে পারে, অপরদিকে একজন মুমিন চব্বিশ ঘণ্টাতেও সত্য দ্বারা পরিবেশ উজ্জ্বল করতে সক্ষম হয় না।

কোন কপট মিথ্যুক যদি ক্বিয়ামত দিবসে মিথ্যার ভয়াবহ শাস্তির কথা চিন্তা করত, তাহলে এ চিন্তাই তাকে এ ধরনের জঘন্য চরিত্র থেকে বিরত রাখত।
সামুরাহ বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত, দীর্ঘ হাদীছে নবী কারীম ﷺ মিথ্যুকের চরম ভয়াবহ শাস্তির কথা আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেন, “আমরা চলতে থাকলাম অতঃপর চিত হয়ে (মাথার পিছন ভরে) পড়ে আছে এমন এক লোকের নিকট উপস্থিত হলাম। আর অপর একজন তার পার্শ্বেই লোহার হুঁক বা আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই বড়শি কশে (ওষ্ঠাধরে) অর্থাৎ ঠোঁটের কোণে বাধিয়ে মাথার পিছন দিকে টেনে নিয়ে আসছে। ঠিক অনুরূপভাবে নাকের ছিদ্রে ও চোখে আঁকড়া বাধিয়ে পিছনের দিকে টেনে নিয়ে আসছে। অতঃপর কাত করে ফেলে প্রথম পার্শ্বের মতই দ্বিতীয় পার্শ্বেও করা হচ্ছে।
দ্বিতীয় কশের কাজ শেষ হতে হতেই প্রথম কশ ঠিক হয়ে যাচ্ছে এবং প্রথম কশের ন্যায় আযাব দিচ্ছে। (এভাবে এক পার্শ্বের পর অপর পার্শ্বে কিয়ামত পর্যন্ত হতে থাকবে) হাদীসের শেষাংশে এসেছে। যার কশে এবং নাকের ছিদ্রে ও চোখে লোহার হুঁক বাধিয়ে মাথার পিছনের দিকে টেনে নেয়া হচ্ছিল সে এমন ব্যক্তি যে সকালে বাড়ি হতে বের হয়েই মিথ্যা কথা বলত। ফলে সেই মিথ্যা মহাশূন্য পর্যন্ত পৌঁছে যেত।' অর্থাৎ পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়।

টিকাঃ
১. ছফিউর রহমান মুবারকপুরী, আর-রাহীকুল মাখতুম, পৃ. ৩৩২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00