📘 গাফলতি ছাড়ুন 📄 পরিশিষ্ট

📄 পরিশিষ্ট


ইবনুল কাইয়িম রহ. বলেন, যিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস। অনর্থক ও গাফলতির মজলিস শয়তানের মজলিস। সুতরাং, বান্দাকে এ দু’টির পছন্দনীয় ও উত্তমটিকে বেছে নিতে হবে। সে দুনিয়া-আখেরাতে তার সাথিদের সাথে থাকবে। [আল ওয়াবিলুস সয়্যিব : ৫৯]

বর্তমান যামানা গাফলতির যামানা। যদি এ ব্যাপারে আপনি আরও নিশ্চিত ও সন্দেহমুক্ত হতে চান, তা হলে আপনি আল্লাহ ﷻ-র জমিনে ভ্রমণ করুন এবং দুনিয়া ও দুনিয়াবাসীদের নিয়ে চিন্তা-ফিকির করুন। দেখুন, কী দেখতে পান!

আপনি আপনার সামনে দেখতে পাবেন— খেলাধুলা ও চিত্তবিনোদনের মহল; স্যাটেলাইট চ্যানেলের বিশেষায়িত আসর, ইত্যাদি।

এরপর আপনি তুলনা করুন এসবের মাঝে এবং ইবাদতের স্থানগুলোর মাঝে। আরও তুলনা করুন ইলমের মজলিস ও হাল্কাগুলোর সাথে। আপনি দেখবেন, যা কিছু মানুষকে আল্লাহ ও আখেরাত থেকে গাফেল করে দেয়, তার সংখ্যা অনেক অনেক বেশি এবং খুবই বেশি।

যারা নিজের নফসের সাথে লড়াই করেন, মনের লাগামহীন কামনা-বাসনাকে কুরবানী করেন এবং অবহেলা ও গাফলতির স্থানগুলো পরিত্যাগ করেন, অতঃপর আল্লাহ ﷻ-র ঘরে এবং ইলমের মজলিসগুলোতে নেককার বান্দাদের সাথে বসেন, অচিরেই তাদের রব তাদেরকে মহাপ্রতিদান সম্মাননা করবেন– তাদের এ কুরবানী ও ত্যাগের বিনিময়ে। কেননা, যখনই এসবের প্রতি আগ্রহ ও উৎসাহ দানকারী বিষয় বেড়ে যাবে এবং মানুষ সেগুলোর মোকাবিলা করবে, তখন তার প্রতিদানও অনেক বড় হবে। এ জন্যই শেষ যামানার নেককারদের প্রতিদান বেশি হবে। কেননা, তারা বিভিন্ন ধরনের ও নানা রকমের ফেতনা ও উত্তেজনা সৃষ্টিকারী বিষয়ের মোকাবিলা করে থাকেন।

পরিশেষে আমরা আল্লাহ ﷻ-র দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে গাফলতি, গাফলতির কারণ ও মাধ্যম থেকে হেফাজত করেন; এবং জীবনের মন্দ পরিসমাপ্তি থেকে রক্ষা করেন; তাঁর যিকির ও শোকরের তাওফীক দান করেন; তাঁর সুন্দর ইবাদতে সাহায্য করেন। তিনি সর্বশ্রোতা, আহ্বানে সাড়াদানকারী।

وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَىٰ نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَىٰ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.

–মুহাম্মাদ সালেহ আল মুনাজিদ
সমাপ্ত

📘 গাফলতি ছাড়ুন 📄 মেধা যাচাই

📄 মেধা যাচাই


প্রিয় পাঠক! এখানে আপনার সামনে দু' ধরনের প্রশ্ন রয়েছে। কিছু প্রশ্নের উত্তর আপনি তাৎক্ষণিকভাবে দিতে সক্ষম। আর কিছু প্রশ্নের উত্তর দিতে চিন্তা-ভাবনা ও গভীর মনোযোগের প্রয়োজন।

১. তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার মতো প্রশ্ন:
১. গাফলতির আভিধানিক ও পারিভাষিক অর্থ বলুন।
২. গাফলতি কত প্রকার ও কী কী?
৩. নিন্দনীয় গাফলতি তিন প্রকার। প্রকারগুলো কী কী?
৪. গাফলতির কারণ কী কী?

২. চিন্তা-ভাবনা করে উত্তর দেওয়ার মতো প্রশ্ন:
১. মানুষ যে সকল বিষয় থেকে গাফেল থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়তের আমল। এ কথার ব্যাখ্যা করুন।
২. এ বইয়ের কোনও এক স্থানে একটি শিশুর কথা বর্ণিত আছে তার মায়ের উদ্দেশ্যে- ‘আমাকে খেলতে দাও। আমি আর কখনও গির্জায় প্রবেশ করব না’ – খেলার সাথে এর সম্পর্ক কী?
৩. দুনিয়াতে গাফেল কোন কোন শাস্তির সম্মুখীন হয়?
৪. আখেরাতে গাফেল কোন কোন শাস্তির সম্মুখীন হবে?
৫. গাফলতির সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী চিকিৎসা কী?

ফন্ট সাইজ
15px
17px