📄 ৫. শয়তানের প্রাধান্য
গাফেলদের উপর শয়তান প্রাধান্য বিস্তার করে। একজন মানুষ যখন তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় আল্লাহর যিকির [স্মরণ] থেকে গাফেল থাকে, তখন শয়তান তার উপর বিজয়ী হয়ে যায়; তার উপর ভর করে বসে। তার সাথে তার ঘরে প্রবেশ করে এবং তার সাথে তার ঘরে রাত যাপন করে। তদ্রূপ যখন সে খাবার খাওয়ার সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তানও তার সাথে খাবার খায়।
জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম ﷺ-কে ইরশাদ করতে শুনেছেন—
যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান [হতাশ হয়ে তার সঙ্গীদের] বলে, [এখানে] তোমাদের রাত্রিযাপনও নেই, খাবারও নেই। আর যখন সে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমরা থাকার স্থান পেয়ে গেলে। অতঃপর যখন সে খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমাদের রাত্রিযাপনের স্থান এবং খাবারও পেয়ে গেলে। [সহীহ মুসলিম, হাদীস নং ২০১৭]
📄 ৬. গাফলতির পর গাফলতি
এক গাফলতি আরেক গাফলতিকে টেনে আনে। দ্বিতীয় গাফলতি তৃতীয় গাফলতিকে টেনে আনে। এভাবে একটার পর এক গাফলতি পরবর্তী গাফলতিকে টেনে আনতেই থাকে। এ পর্যায়ে মানুষ গাফলতি ও প্রবৃত্তির সাথে ডুবে যায়। সেখান থেকে বের হওয়ার সামর্থ্য আর তার থাকে না— যতক্ষণ না আল্লাহর বিশেষ দয়া, মেহেরবানি ও খাস রহমত তাকে বের করে আনে।
বহু ফাসেক ও গুনাহগার এমন আছে, যার শুরুটা হয়েছিল একটি মাত্র গাফলতি দিয়ে। কিন্তু সে তার মোকাবিলা করতে পারেনি এবং কোনোদিন তা থেকে তাওবা করে ফিরে আসতে পারেনি!
📄 ৭. জীবনের মন্দ পরিসমাপ্তি
গাফলতি মানুষকে এমন মৃত্যুর দিকে নিয়ে যায়, যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এর বহু উদাহরণ ও বাস্তব ঘটনা রয়েছে। বহু মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিল, ফলে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে অত্যন্ত মন্দভাবে। দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুর্ভাগ্য ভরা ও মন্দ পরিণামের সাথে। এটা গাফলতির বিপদসমূহের অনেক বড় এক বিপদ!
📄 ৮. আখেরাতে আক্ষেপ
কেয়ামত দিবসের আরেক নাম— يَوْمُ الْحَسْرَةِ [পরিতাপ দিবস]। কেননা, সেদিন গাফেলরা আক্ষেপ, অনুশোচনা ও পরিতাপ করবে। ভীষণভাবে লজ্জিত হবে। কিন্তু তাদের সেদিনের সেই লজ্জা, আফসোস ও পরিতাপ তাদের কোনো কাজেই আসবে না।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম ﷺ ইরশাদ করেছেন—
مَنْ قَعَدَ مَقْعَدًا لَّمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ وَّمَنِ اضْطَجَعَ مَضْجَعًا لَّا يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ.
যে ব্যক্তি কোনো স্থানে বসল অথচ আল্লাহকে স্মরণ করল না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরিতাপ। আর যে ব্যক্তি কোথাও শয়ন করল কিন্তু আল্লাহর নাম নিল না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরিতাপ। [সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৮৫৬]
تِرَةٌ শব্দের অর্থ— পরিতাপ, আফসোস, লজ্জা।