📄 দ্বিতীয় প্রকার : পৌনঃপুনিক গাফলতি
পৌনঃপুনিক গাফলতি বলতে বোঝায় ওই গাফলতিকে, যাতে গুনাহগার পাপী মুসলিম বান্দারা তাদের না-ফরমানিপূর্ণ জীবন যাপন করে; তাদের গুনাহ ও পাপাচার কম হোক বা বেশি।
আপনি এ শ্রেণির লোকদেরকে দেখেন, তারা কখনও গাফলতে ডুবে থাকে, কখনও সচেতন ও সতর্ক থাকে। কখনও তারা এমন অবস্থায় বিরাজ করে, যখন তারা নিজেদের কথা ও ভুল ভুলে যায়। অতঃপর অন্য অবস্থায় তাদের স্মরণ জাগ্রত ও সচল হয়।
এ শ্রেণির গাফেলদের সর্বদা স্মরণ করিয়ে দিতে হয়; যতক্ষণ না তারা সরল-সঠিক পথের পথিক হয়।
📄 তৃতীয় প্রকার : পূর্ণ গাফলতি
সাধারণত কাফেররা যে গাফলতিতে জীবন যাপন করে, তাকেই পূর্ণ গাফলতি বলে। কেননা, তারা আল্লাহ (সুব.), আখেরাত, হিসাব-নিকাশ ও প্রতিদান ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে গাফেল থাকে। এমনকি তারা যেন চতুষ্পদ জন্তু; যারা জানে না তাদের কেন সৃষ্টি করা হয়েছে এবং কী লক্ষ্যে তারা জীবন যাপন করবে!
আল্লাহ (সুব.) পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—
إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ
আর যারা কাফের, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো উদর পূর্তি করে। তাদের বাসস্থান জাহান্নাম। [সূরা মুহাম্মাদ : ১২]
বরং তারা গাফলতের মাঝে এমনভাবে ডুবে থাকে, যেন তারা নেশাগ্রস্ত-মাতাল। তাদের চারপাশ সম্পর্কে কিছুই জানে না এবং বোঝে না তাদের কী বলা হয়! যেমন, আল্লাহ (সুব.) পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—
لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
আপনার প্রাণের কসম! তারা তো মত্ততায় বিমূঢ়। [সূরা হিজর : ৭২]
এ সকল কাফেরকে তাদের গাফলত থেকে বের করার পথ হচ্ছে, তাদেরকে দ্বীনে ইসলামের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। দ্বীনে ইসলামে প্রবেশ করানোর চেষ্টা-মেহনত করা।