📘 ফুতুহুশ শাম 📄 হযরত আবু উবাইদার দামেস্কে প্রবেশ

📄 হযরত আবু উবাইদার দামেস্কে প্রবেশ


হযরত আবু উবাইদা তার সাথীদের নিয়ে দামেস্কে প্রবেশ করলে দরবেশ ও আলেমগণ ইঞ্জিল ও সুগন্ধি হাতে নিয়ে তার সামনে আসে। হযরত আবু উবাইদা যে জাবিয়া গেট দিয়ে দামেস্কে প্রবেশ করেছেন এ খবর হযরত খালিদ জানতেন না। কারণ, তিনি পূর্ব গেটে যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন।

📘 ফুতুহুশ শাম 📄 ইউনুস বিন মিরকাসের কথা

📄 ইউনুস বিন মিরকাসের কথা


দামেস্কের আলেমদের মধ্যে ইউনুস বিন মিরকাস নামে একজন লোক ছিল। তার ঘর পূর্ব গেটের পাশে দেওয়ালের সাথে লাগানো ছিল। তার কাছে হযরত দানিয়াল আ.-এর যুদ্ধ বিষয়ক কিতাব ছিল। তাতে লেখা ছিল, আল্লাহ তাআলা মুহাম্মদ সা.-এর সাহাবীদের মাধ্যমে দেশ বিজয় করবেন এবং তাদের দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর জয়ী করবেন। এ রাতে ইউনুস তার বিবি-বাচ্চাকে না জানিয়ে দেওয়াল ছিদ্র করে হযরত খালিদের নিকট চলে আসে। সে গিয়ে হযরত খালিদের কাছে তার কথা জানিয়ে নিজের জন্য নিরাপত্তা চায়। হযরত খালিদ তাকে নিরাপত্তা দিলেন এবং তার সাথে একশজনের একটি বাহিনী পাঠালেন। তাদের অধিকাংশ হিময়ার গোত্রের ছিলেন।

📘 ফুতুহুশ শাম 📄 গেইটের তালা ও শিকল ভেঙ্গে হযরত খালিদের দামেস্ক বিজয়

📄 গেইটের তালা ও শিকল ভেঙ্গে হযরত খালিদের দামেস্ক বিজয়


হযরত খালিদ তাদেরকে বললেন, তোমরা শহরে প্রবেশ করে তাকবীর বলবে এবং গেটের তালা ও শিকল ভেঙ্গে ফেলবে। ইউনুস তাদেরকে নিয়ে ছিদ্র দিয়ে তার ঘরে প্রবেশ করে। সেখানে সবাই অস্ত্র সজ্জিত হয়ে তাকবীর সহকারে গেটের দিকে গেল। দামেস্কের লোকেরা মুসলমানদের তাকবীর ধ্বনি শুনে হতভম্ব হয়ে গেল এবং বুঝতে পারল, মুসলমানরা তালা ও শিকল ভেঙ্গে প্রবেশ করেছে। গেট খোলার পর হযরত খালিদ মুসলমানদের নিয়ে ভিতরে প্রবেশ করলেন এবং শত্রুদের যাকে পান তাকে হত্যা ও বন্দী করে চলছেন।

📘 ফুতুহুশ শাম 📄 দামেস্কে প্রবেশ করে হযরত আবু উবাইদার সাথে হযরত খালিদের বিরোধ

📄 দামেস্কে প্রবেশ করে হযরত আবু উবাইদার সাথে হযরত খালিদের বিরোধ


এক পর্যায়ে তিনি মারয়াম গির্জায় এসে উপনীত হলেন। সেখানে এসে তিনি দেখতে পান, দরবেশদের পেছনে হযরত আবু উবাইদা তার সাথীদের নিয়ে সামনে চলছেন। তাদের তরবারী কোশমুক্ত না দেখে হযরত খালিদ বিস্মিত হয়ে হযরত আবু উবাইদার প্রতি অসন্তুষ্ট নেত্রে তাকালেন। তখন হযরত আবু উবাইদা বললেন, আমীর সাহেব! আল্লাহ সন্ধির মাধ্যমেই আমার হাতে এ শহরের বিজয় দান করেছেন। এদের সাথে আমাদের সন্ধি সম্পূর্ণ হয়েছে।

হযরত খালিদ বললেন, কিসের সন্ধি? আল্লাহ এদেরকে শান্তিতে না রাখুন। আমি তো তরবারী দ্বারা এদের শহর জয় করেছি। মুসলমানদের তরবারী তাদের রক্তে রঞ্জিত এবং তাদের ছেলে-মেয়েকে গোলাম ও বাদী হিসেবে ও তাদের সম্পকে গনীমত হিসেবে গ্রহণ করা হয়েছে।

হযরত আবু উবাইদা বললেন, আমীর সাহেব! আমি সন্ধির মাধ্যমেই প্রবেশ করেছি।

হযরত খালিদ বললেন, আপনি এখনো নরম রয়ে গেছেন। আমি তো তরবারীর জোরে প্রবেশ করেছি। অতএব, তাদের কোন নিরাপত্তা থাকতে পারে না। আপনি তাদের সাথে কীভাবে সন্ধি করলেন।

হযরত আবু উবাইদা বললেন, আমীর সাহেব! আল্লাহকে ভয় করুন। আল্লাহর কসম আমি তাদের সাথে লিখিত ভাবে সন্ধি করেছি। সন্ধি পত্রটি তাদের কাছে রয়েছে।

হযরত খালিদ বললেন, আপনি আমীরের অনুমতি ছাড়া কীভাবে সন্ধি করলেন? আমি তাদের একজনও জীবিত থাকা পর্যন্ত তরবারী কোশবদ্ধ করব না।

হযরত আবু উবাইদা বললেন, আমি মনে করিনি যে আপনি আমার সন্ধির বিরোধিতা করবেন। সন্ধি করে আমি তাদের সবাইকে আল্লাহর ও তার রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা দান করেছি। এ ব্যাপারে আমার সাথে আমার সকল সাথীরা একমত পোষণ করেছে। ওয়াদা ভঙ্গ করা আমাদের চরিত্র নয়। অতএব, আল্লাহকে ভয় করুন। এ নিয়ে তাদের কিছুক্ষণ কথা কাটাকাটি হল।

ফন্ট সাইজ
15px
17px