📄 সন্ধি করতে শত্রুদের আগমন
তখন তারা গেট খুলে বের হলো। তারা ছিল একশজন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ও আলেমদের একটি প্রতিনিধি দল। তারা হযরত আবু উবাইদার ছাউনির দিকে গেলে তিনি দৌড়ে এসে তাদের অভিনন্দন জানান। তাদেরকে বসিয়ে তিনি বললেন, আমাদের নবী মুহাম্মদ সা. বলেছেন, “তোমাদের নিকট কোন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি আগমন করলে তাকে সম্মান কর”। অতঃপর তারা সন্ধির ব্যাপারে আলোচনা করল এবং বলল, আমাদের আবেদন, আপনারা আমাদের গির্জাগুলো ধ্বংস করবেন না। দামেস্কে কয়েকটি বিখ্যাত গির্জা ছিল। যেমন মায়ম গির্জা, হেন গির্জা ও আনযার গির্জা প্রভৃতি। হযরত আবু উবাইদা তাদেরকে সন্ধিপত্র লিখে দিলেন। তবে তাতে নিজের নাম ও সাক্ষীর নাম উল্লেখ করেননি। কারণ, তিনি মুসলমানদের প্রধান আমীর ছিলেন না।
📄 পদানত হল দামেস্ক
হযরত আবু উবাইদা সন্ধিপত্র তাদেরকে হস্তান্তর করার পর তারা বলল, আমাদের সাথে শহরে আসুন। তাদের দাওয়াতে সাড়া দিয়ে হযরত আবু উবাইদা, হযরত আবু হুরাইরা, হযরত মুআয বিন জবল, নুআইম বিন আমর, জরীর বিন নওফল আল হিময়ারী, সাইফ বিন সালামা, মা'মার বিন খলীফা, রবীআ বিন মালিক, মুগীরা বিন শু'বা, আবু লুবাবা বিন মুনযির, আউফ বিন সাঈদ, আমের বিন কাইস, উবাদা বিন উতাইবা, বিশর বিন আমের, আবদুল্লাহ বিন কুরয আল আসাদীসহ বড় বড় পয়ত্রিশ জন সাহাবী ও পয়ষট্টি জন সাধারণ সাহাবী তাদের সাথে চললেন। গেটে এসে হযরত আবু উবাইদা বললেন, আপনাদের সাথে প্রবেশ করার পূর্বে আমাদের কাছে কিছু বন্ধক রাখতে হবে। তারা কিছু জিনিস এনে বন্ধক রাখল।
📄 হযরত আবু উবাইদার স্বপ্ন
বর্ণিত আছে যে, হযরত আবু উবাইদা সে রাতে স্বপ্নে রাসুলুল্লাহ সা.-কে একথা বলতে শুনেন যে, এ রাতে দামেস্ক শহর বিজয় হবে। হযরত আবু উবাইদা বলেন, আমি তখন আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলাম, আপনি কেন তাড়াহুড়া করছেন, বললেন, আবু বকরের জানাযায় উপস্থিত হওয়ার জন্য। অতঃপর আমি ঘুম থেকে জেগে উঠি।
📄 হযরত আবু উবাইদার দামেস্কে প্রবেশ
হযরত আবু উবাইদা তার সাথীদের নিয়ে দামেস্কে প্রবেশ করলে দরবেশ ও আলেমগণ ইঞ্জিল ও সুগন্ধি হাতে নিয়ে তার সামনে আসে। হযরত আবু উবাইদা যে জাবিয়া গেট দিয়ে দামেস্কে প্রবেশ করেছেন এ খবর হযরত খালিদ জানতেন না। কারণ, তিনি পূর্ব গেটে যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন।