📘 ফুতুহুশ শাম 📄 দামেস্কের বিভিন্ন গেটে ইসলামের সৈন্যদের অবস্থান গ্রহণ

📄 দামেস্কের বিভিন্ন গেটে ইসলামের সৈন্যদের অবস্থান গ্রহণ


হযরত আবু উবাইদা জাবিয়ার গেইটের কাছে গিয়ে তার সাথীদেরকে দামেস্কের লোকদের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। হযরত আবু উবাইদা চলে যাওয়ার পর হযরত খালিদ হযরত ইয়াযীদ বিন আবু সুফ্যানকে ডেকে বললেন, আপনি আপনার সাথীদের নিয়ে দামেস্কের ছোট গেইটে গিয়ে অবস্থান করুন। যদি শত্রুদের মোকাবেলায় সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমাকে খবর দিবেন। তিনি চলে যাওয়ার পর হযরত খালিদ কাতিবে ওহী হযরত শুরাহবীল বিন হাসানাকে ডাকলেন এবং বললেন, আপনি আপনার সাথীদের নিয়ে টমা গেইটে গিয়ে অবস্থান করুন। অতঃপর হযরত ইবনুল আসকে ডেকে বললেন, আপনি ফারাদীস গেইটে গিয়ে অবস্থান করুন।

তারপর হযরত খালিদ হযরত কাইস বিন হুবাইরাকে ডেকে বললেন, আপনি ফারাজ গেইটে গিয়ে অবস্থান করুন। তাদেরকে এভাবে দায়িত্ব বন্টন করে দেওয়ার পর হযরত খালিদ বাকী সৈন্যদের নিয়ে দামেস্কের পূর্ব গেইটে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি হযরত দিরারকে দু'হাজার সৈন্য দিয়ে দামেস্ক নগরীর চতুর্পার্শ্বে টহল দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, যদি শত্রুদের কাছে থেকে কোন বিপদের আশংকা কর, বা তাদের কোন গুপ্তচর দেখতে পাও তাহলে আমাদেরকে সাথে সাথে খবর দিবে।

এ সময় হযরত আবদুর রহমান বিন হুমাইদ মদীনা থেকে খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর রা.- এর পত্র নিয়ে উপস্থিত হন। তিনি হযরত খালিদের নিকট পত্র হস্তান্তর করার পর হযরত খালিদ পত্রটি তার সঙ্গী মুসলমানদেরকে পড়ে শোনান। হযরত খালিদসহ মুসলমানরা সবাই হযরত আমর বিন মা'দীকারাব ও হযরত আবু সুফয়ানের আগমনের খবর শোনে আনন্দিত হলেন। অতঃপর হযরত খালিদ পত্রটি প্রত্যেক গেইটে অবস্থানরত মুসলমানদের পড়ে শোনানোর জন্য পাঠান। তখন সন্ধ্যা হয়ে যায়। মুসলমানরা সবাই সারারাত দেমেস্ক পাহারা দিয়ে রাখল। হযরত দিরার তার সাথীদের নিয়ে চতুর্দিকে টহল দিচ্ছিলেন। শত্রুদের আকস্মিক হামলার আশংকায় তিনি এক জায়গায় বসে থাকেননি।

📘 ফুতুহুশ শাম 📄 পুনরায় দামেস্ক অবরোধ ও রোমানদের পারস্পরিক পরামর্শ

📄 পুনরায় দামেস্ক অবরোধ ও রোমানদের পারস্পরিক পরামর্শ


দামেস্ককে যখন মুসলমানরা চতুর্দিক থেকে নিচ্ছিদ্র অবরোধ করে রাখে তখন রোমানরা তাদের মুরুব্বীদের নিয়ে পরামর্শে বসে। তাদের কেউ কেউ বলল, এখন আরবদের সাথে সন্ধি ও তাদের সকল দাবী পূরণ না করা ছাড়া আমাদের রক্ষা নেই। একজন নেতা বলল, আমাদের এখন উচিত সম্রাটের মেয়ে জামাই টমাকে খুঁজে বের করে তার সাথে এ ব্যাপারে পরামর্শ করা। তখন কিছু লোক টমার কাছে গেল। টমাকে কিছু লোক সশস্ত্র পাহারা দিয়ে রেখেছিল। পাহারাদাররা জিজ্ঞেস করল, তোমরা কাকে খুঁজছ? তারা বলল, আমরা আরবদের ব্যাপারে কী করা যায় সে ব্যাপারে পরামর্শ করার জন্য সম্রাটের মেয়ে জামাই টমাকে খুঁজতে এসেছি। পাহারাদার তাদেরকে টমার কাছে নিয়ে গেল। তারা তার সামনে গিয়ে মাথা নত করল।

📘 ফুতুহুশ শাম 📄 সম্রাটের মেয়ে জামাই টমার দম্ভোক্তি

📄 সম্রাটের মেয়ে জামাই টমার দম্ভোক্তি


টমা বলল, তোমরা কী উদ্দেশ্যে এসেছো? বলল, জনাব আমাদের দেশের যে অবস্থা তাতো আপনি দেখছেন। এখন আরবরা এসে আমাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে। তাদের সাথে আমাদের যুদ্ধ করার শক্তি নেই। অতএব, হয়তো আমরা আরবদের দাবী মেনে নিয়ে সন্ধি করি নতুবা সম্রাটের কাছে লোক পাঠিয়ে আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমরা তো মৃত্যুর মুখোমুখি এসে পতিত হয়েছি।

টমা তাদের একথা শুনে মৃদু হাসল এবং বলল, তোমরা ধ্বংস হও। আরবরা কি সত্যিই তোমাদের উপর ঝাঁপিড়ে পড়েছে? সম্রাটের মাথার কসম! আরবদের আমি যোদ্ধা মনে করি না। তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন ভীতি নেই। গেইট খুলে দিলেও তারা ভিতরে প্রবেশ করার সাহস করবে না। টমার একথা শুনে তারা বলল, জনাব! তাদের বড় ছোট সবাই দশ থেকে একশজনের মোকাবেলা করার সাহস রাখে। আর তাদের আমীর হচ্ছে একজন অজেয় বীর। আপনি যদি তাদের সাথে যুদ্ধ করতেই চান, তাহলে আমাদেরও যুদ্ধ করা ছাড়া উপায় নেই।

📘 ফুতুহুশ শাম 📄 টমার প্রতি রোমানদের হুমকি

📄 টমার প্রতি রোমানদের হুমকি


তারা বলল, যেভাবেই হোক আপনি সিদ্ধান্ত নিন। যদি আপনি তাদেরকে বাধা না দেন, তাহলে আমরা গেইট খুলে দিতে বাধ্য হব এবং তাদের সাথে সন্ধি করব। টমা তাদের একথা শুনে দীর্ঘক্ষণ চিন্তা করল এবং তারা যা বলেছে তা ঘটাতে পারে বলে আশংকা করল। বলল, আমিই তোমাদের কাছ থেকে এ আরবদের হটিয়ে দিব এবং তাদের আমীরকে হত্যা করবো। তোমরা শুধু আমার সাথে যুদ্ধ করবে। তারা বলল, আমরা আপনার নেতৃত্বে আমৃত্যু যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। টমা বলল, তাহলে কাল সকালেই তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তারা টমার সিদ্ধান্তে খুশী হয়ে ফিরে গেল।

ফন্ট সাইজ
15px
17px