📄 পত্র পেয়ে হযরত আবু বকরের প্রতিক্রিয়া
হযরত আবু বকর রা. প্রতিদিন ফজরের নামাযের পর কিছুক্ষণ হাঁটতেন। একদিন তিনি ফজরের নামাযের পর হাঁটছিলেন। হঠাৎ দেখেন আবদুর রহমান বিন হুমাইদ মদীনার দিকে আসছেন। তাকে দেখে হযরত আবু বকর রা. এর সাথে থাকা লোকজন তার দিকে দৌড়ে গিয়ে বললেন, তুমি কোথা থেকে এসেছ? তিনি বললেন, সিরিয়া থেকে এসেছি। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। একথা শোনে হযরত আবু বকর রা. আল্লাহর শোকরিয়া জানাতে সিজদায় লুটিয়ে পড়লেন। আবদুর রহমান বিন হুমাইদ হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, ওহে আল্লাহর রাসূলের খলীফা! আপনি মাথা তুলুন, মুসলমানদের দ্বারা আল্লাহ আপনার চক্ষুকে শীতল করেছেন।
হযরত আবু বকর রা. মাথা তুলে পত্রটি কেউ না শোনে মত পড়লেন। পরে সবাইকে পড়ে শোনালেন।
📄 বিজয়ের সংবাদ শোনার জন্য লোকজনের ভীড়
এ খবর মদীনায় ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে লোকজন তা নিজের কানে শোনার জন্য খলীফার নিকট চলে আসে। তিনি বিজয়ের পত্রটি তাদের সবাইকে পড়ে শোনান। মক্কা, হিজায ও ইয়ামানসহ প্রতিটি মুসলিম জনপদে এ খবর ছড়িয়ে পড়ে। ফলে লোকজন সিরিয়ায় জিহাদ করতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে খলিফার নিকট আসতে থাকে।
📄 সিরিয়ার জিহাদে অংশ গ্রহণের জন্য মক্কার নওমুসলিমদের আগমন ও হযরত উমরের সন্দেহ
মক্কা থেকে হযরত আবু সুফ্যান ও গাইদাক বিন ওয়ায়েলের নেতৃত্বে লোকজন যুদ্ধ সরঞ্জামসহ মদীনায় চলে আসল। এসে তারা যখন সিরিয়ায় জিহাদ করতে যাওয়ার জন্য হযরত আবু বকরের কাছে অনুমতি কামনা করল, তখন হযরত উমর রা. বললেন-
لا تأذن للقوم فإن في قلوبهم حقائد وضغائن, والحمد لله الذي كان كلمته هي العليا وكلمتهم هى السفلى وهم على كفرهم وأرادو أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره, ونحن مع ذلك نقول : ليس مع الله غالب, فلما أن أعز الله ديننا ونصر شريعتنا أسلموا خوفا من السيف, فلما سمعوا أن جند الله قد نصروا على الروم أتونا لنبعث بهم إلى الأعداء ليقاسموا السابقين الأولين, والصواب أن لا نقر بهم.
“এদেরকে সিরিয়ায় যাওয়ার অনুমতি দিবেন না। কারণ, তাদের অন্তরে এখনো ইসলামের প্রতি শত্রুতা ও বিদ্বেষ রয়ে গেছে। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যার কথা উন্নত আর তাদের কথা হচ্ছে পতিত। তারা এখনো তাদের কুফরীতে রয়ে গেছে। তারা আল্লাহর আলোকে (ইসলাম) ফুঁৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ চেয়েছেন তার আলো পূর্ণ হোক। তাই আমরা বলছি আল্লাহকে পরাজিত করার মত কেউ নেই। যখন আল্লাহ আমাদের দ্বীন ও শরীয়তকে বিজয় দান করেছেন, তখন তারা তরবারীর ভয়ে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর যখন শুনেছে যে, আল্লাহর সৈনিকরা রোমানদের উপর বিজয় অর্জন করেছে, তখন তারা আমাদের কাছে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার অনুমতি তলব করতে এসেছে। যাতে তারা আগে ইসলাম গ্রহণকারীদের সাথে গনীমত ভাগাভাগি করতে পারে। আমার মতে তাদেরকে স্বীকৃতি না দেওয়াই ভাল হবে।” হযরত আবু বকর রা. বললেন, আমি আপনার কোন কথার বিরোধিতা করতে পারি না।
📄 মক্কার নওমুসলিমদের পবিত্রতা প্রকাশ
হযরত উমর রা. এর এসব কথাবার্তা মক্কার নেতা হযরত আবু সুফ্যান ও অন্যান্যের কাছে পৌঁছে যায়। তখন তারা লোকজনকে নিয়ে মসজিদে নববীতে হযরত আবু কবর রা.-এর কাছে চলে আসেন। তারা এসে দেখলেন, হযরত আবু বকরের বাম পাশে হযরত উমর ও ডানপাশে হযরত আলী বসা। তারা সবাই লোকজনকে নিয়ে মুসলমানদের বিজয়ের ব্যাপারে আলোচনা করছিলেন। তারা এসে হযরত আবু বকরের সামনে বসলেন এবং সর্বপ্রথম কে কথা শুরু করবে সে ব্যাপারে পরামর্শ করলেন। অতঃপর হযরত আবু সুফ্যান বিন হারব বললেন-
يا عمر كنت لنا مبغضا في الجاهلية, فلما هدانا الله تعالى إلى الإسلام هدمنا ما كان لك في قلوبنا, لأن الإيمان يهدم الشرك, وأنت بعد اليوم تبغضنا فما هذه العداوة يا ابن الخطاب قديما وحديثا؟ أما آن لك أن تغسل ما بقلبك من الحقد والتنافر, وإنا لنعلم أنك أفضل منا وأسبق في الإيمان والجهاد ونحن عارفون بمرتبتكم غير منكرين.
"ওহে উমর! আপনি জাহিলিয়াত যুগেও আমাদেরকে ঘৃণা করতেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করলেন, তখন আমাদের অন্তরে আপনার প্রতি যে ক্ষোভ ছিল, তা ঝেড়ে ফেলেছি। কারণ, ঈমান শিরককে ধ্বংস করে। কিন্তু দেখছি, আপনি আমাদেরকে এখনো ঘৃণা করছেন। বলুন, হে খাত্তাবপুত্র! আপনার অন্তরে কি এখনো সে ঘৃণা রয়ে গেছে? আপনার অন্তরকে এ শত্রুতা ও ঘৃণা থেকে পরিচ্ছন্ন করার কি এখনো সময় হয়নি? আমরা জানি যে, আপনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। ঈমান ও জিহাদের ক্ষেত্রে আপনি আমাদের চেয়ে অগ্রগামী। আমরা আপনার মর্যাদাকে স্বীকার করি, অস্বীকার করি এমনতো নয়!" এ কথায় হযরত উমর রা. লজ্জিত হলেন এবং এর কোন প্রতি উত্তর দিলেন না।
হযরত আবু সুফ্যান বললেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করেছি। হযরত আবু সুফ্যানের অনুসরণে মক্কার অন্যান্য মুসলমান নেতারাও একথা বললেন। তাদের কথা শোনে হযরত আবু বকর রা. বললেন-
اللهم, بلغهم أفضل ما يأملون, واجزهم بأحسن ما يعملون وارزقهم النصر على عدوهم ولا تمكن عدوهم فيهم
"হে আল্লাহ! এদেরকে তাদের কাঙ্ক্ষিত বিষয়ের চেয়ে আরো উপরে পৌঁছে দিন এবং তাদেরকে তাদের কর্মের চেয়েও ভাল ফল দান করুন। তাদেরকে তাদের শত্রুর উপর বিজয় দান করুন। শত্রুদেরকে তাদের উপর বিজয় দান করবেন না।