📄 পালাতে লাগে রোম সৈন্য
ওয়ারদানের মাথা দেখে রোমান সৈন্যরা পালানোর প্রস্তুতি শুরু করে। সাহাবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে ধাওয়া করে হত্যা করে তাদের জিনিসপত্র তুলে নেন।
আমর বিন তুফাইল আদদাওসী বলেন, আমরা হযরত আবু উবাইদার সাথে ছিলাম। আমরা রোমান সৈন্যদের ধাওয়া করতে করতে গাযার প্রবেশ দ্বার পর্যন্ত চলে গেলাম। হঠাৎ দেখলাম, আমাদের দিকে কিছু অশ্বারোহী এগিয়ে আসছে। দূর থেকে দেখে আমরা মনে করলাম, রোম সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে ওয়ারদানের সাহায্যে পাঠিয়েছেন। কিন্তু যখন তারা আমাদের কাছে চলে আসল, তখন দেখলাম, তারা হযরত আবু বকরের পাঠানো সেনা। তখন আমরা তাদেরকে সাথে নিয়ে রোমান সৈন্যদের যাকে পেলাম, হত্যা করলাম এবং জিনিসপত্র ছিনিয়ে নিলাম।
📄 রোমানদের ক্ষয়ক্ষতি
আজনাদীনের এ রণাঙ্গনে নব্বই হাজার রোম সৈন্য যুদ্ধ করতে এসেছিল। সে দিনের যুদ্ধে তাদের পঞ্চাশ হাজার নিহত হয়, আর বাকীরা কেউ দেমেস্কে কেউ কাইসারিয়ার দিকে পালিয়ে প্রাণ বাঁচায়।
📄 নজির বিহীন গনীমত লাভ
সেদিনের যুদ্ধে মুসলমানরা যে পরিমাণ গনীমত লাভ করেছে, পূর্বের কোন যুদ্ধে এত গনীমত আর লাভ করেনি। সেদিন তারা স্বর্ণ ও রৌপ্যের অনেক ক্রুশ লাভ করেছিল।
হযরত খালিদ ওয়ারদানের মুকুট ও সকল গনীমত একত্রিত করার নির্দেশ দিলেন। অতঃপর বললেন, ইনশাআল্লাহ, যেদিন আমরা দামেস্ক পদানত করব, সেদিন এ গনীমত বন্টন করা হবে।
আজনাদীনে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৩ হিজরীর জমাদিউল আউয়ালের ষষ্ঠ দিবসে। এর তেইশ দিন পর খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর রা. ইন্তিকাল করেন।
📄 বিজয়ের সংবাদ জানিয়ে খলীফার নিকট পত্র প্রেরণ
যুদ্ধ শেষে হযরত খালিদ আবু বকর রা.-এর কাছে একখানা চিঠি লিখলেন। চিঠি খানা নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
من خالد بن الوليد المخزومي إلى خليفة رسول الله, سلام عليك. أما بعد, فإنى أحمد الله الذى لا إله إلا هو وأصلى على نبيه محمد, وأزيد حمدا وشكرا على المسلمين ودمارا على المتكبرين المشركين وانصداع بيعتهم, وإنا لقينا جموعهم باجنادين, وقد رفعوا صلبانهم وتقاسموا بدينهم أن لا يضروا ولا ينهزموا, فخرجنا إليهم واستعنا بالله عز وجل متوكلين على الله خالقنا فرزقنا الله الصبر والنصر وكتب الله على أعدائنا القهر فقاتلناهم في كل واد وسبسب, وجملة من أحصيناهم ممن قتل من المشركين خمسون ألفا وقتل من المسلمين في اليوم الأول والثانى أربعمائة وخمسون رجلا, ونحن راجعون إلى دمشق فادع لنا بالنصر والسلام عليك وعلى جميع المسلمين ورحمة الله وبركاته.
বিসমিল্লাহির রাহমানির রাহীম
খালিদ বিন ওয়ালিদ মাখযূমীর পক্ষ থেকে আল্লাহর রাসুলের খলীফার প্রতি। আপনার উপর শান্তি বর্ষিত হোক।
পর কথা, আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত আর কোন মা'বুদ নাই এবং তার নবী মুহাম্মদের জন্য রহমত কামনা করছি। মুসলমানদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অহংকারী মুশরিকদের ধ্বংস ও তাদের বিচ্ছিন্নতা কামনা করছি। আজনাদীনে আমরা তাদের বাহিনীর সাথে মোকাবেলা করেছি। তারা তাদের ক্রুশ উত্তোলন করেছিল এবং তাদের ধর্মের নামে পরস্পরে কসম করেছিল যে, তারা পালাবে না ও পরাজিত হবে না। কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য চেয়ে ও তাঁর উপর তাওয়াক্কুল করে যুদ্ধ শুরু করি। ফলে তিনি আমাদেরকে ধৈর্য ও বিজয় দান করলেন এবং আমাদের শত্রুদের ভাগ্যে পরাজয় লিখে দিলেন। আমরা তাদেরকে উপত্যকা ও দুর্গম এলাকায় ধাওয়া করে হত্যা করেছি। আমরা মুশরিক রোমানদের পঞ্চাশ হাজার লাশ গণনা করেছি। আর যুদ্ধের দু'দিনে আমাদের সাকুল্যে চারশত পঞ্চাশজন শাহাদাত বরণ করেছেন। আমরা এখন ইনশাআল্লাহ দামেস্কে ফিরে যাচ্ছি। অতএব আপনি আমাদের বিজয়ের জন্য দুআ করুন। আপনার এবং সকল মুসলমানের প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
পত্রটি হযরত আবদুর রহমান বিন হুমাইদের মাধ্যমে মদীনায় পাঠিয়ে দিয়ে হযরত খালিদ মুসলমানদেরকে নিয়ে দামেস্কে রওয়ানা হন।