📘 ফুতুহুশ শাম 📄 নিজের খোড়া ষড়যন্ত্রের গর্তেই হারিয়ে গেল ওয়ারদান

📄 নিজের খোড়া ষড়যন্ত্রের গর্তেই হারিয়ে গেল ওয়ারদান


ওয়ারদানের এ কথা শেষ না হতেই হযরত দিরার বিন আযূরের নেতৃত্বে আল্লাহর রাসূলের সাহাবীরা তীর বেগে দৌড়ে এলেন।

ওয়ারদান তাদেরকে আসতে দেখে প্রথমে মনে করছিল তার লুকিয়ে রাখা বীর সৈন্যরা আসছে। যখন তারা একেবারে নিকটবর্তী হলেন এবং সে তাদের সবার আগে হযরত দিরারকে নাঙ্গা শরীরে দেখতে পেল, তখন হযরত খালিদকে বলল, তোমার কাছে আমি তোমার মা'বুদের সত্যতার দোহাই দিয়ে কামনা করছি, এ শয়তানের হাতে আমাকে ছেড়ে দিবে না, আমাকে তুমি নিজেই হত্যা কর।

হযরত খালিদ বললেন, আমি নয়, সেই তোমাকে হত্যা করবে। তখন হযরত দিরার তরবারী ঘুরিয়ে বললেন, ওহে আল্লাহর শত্রু! আল্লাহর রাসূলের সাহাবীদের বিরুদ্ধে পাকানো তোমার ষড়যন্ত্র ও ধোকাবাজি কোথায়?

হযরত খালিদ বললেন, দিরার আমি হত্যার আদেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা কর। অতঃপর অন্যান্য সাহাবীরা তরবারী নিয়ে তার কাছে ধোকাবাজ কোথায় জিজ্ঞেস করল। তখন সে দিশেহারা হয়ে মাটিতে শুয়ে পড়ল এবং আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আল আমান, আল আমান।

হযরত খালিদ বললেন, ওহে আল্লাহর শত্রু! আমরা কেবল ভাল লোকদেরকেই নিরাপত্তা দিয়ে থাকি। তুমি যেহেতু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, সেহেতু তোমার কোন নিরাপত্তা নেই।

হযরত খালিদের একথা শোনার সাথে সাথে হযরত দিরার গিয়ে তার ঘাড়ে তরবারী শানালেন। অতঃপর তার মাথা থেকে তাজ ছিনিয়ে নিলেন এবং বললেন, যে গিয়ে তার কাছ থেকে যেটা ছিনিয়ে নিতে পারবে সেটা তার। তখন বাকী সাহাবীরা এসে তাকে টুকরো টুকরো করলেন।

📘 ফুতুহুশ শাম 📄 আবার যুদ্ধ শুরু

📄 আবার যুদ্ধ শুরু


অতঃপর হযরত খালিদ তাদেরকে বললেন, আমার সিদ্ধান্ত হচ্ছে, এখনই রোমানদের উপর হামলা করা। কারণ, তারা আরো সেনা আগমনের অপেক্ষায় আছে। তখন তাঁবুতে অবস্থানকারী সাহাবীদের খবর দেওয়া হল।

তারা আসার পূর্বে খালিদের নেতৃত্বে ওয়ারদানের মাথা নিয়ে সাহাবীরা রোমান সৈন্যদের কাছে চলে যায়। তাদের নিকটবর্তী হয়ে হযরত খালিদ বললেন, ওহে আল্লাহর শত্রুরা! এটা তোমাদের নেতা ওয়ারদানের মাথা। আমি আল্লাহর রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালীদ বলছি। অতঃপর মাথাটি তাদের দিকে নিক্ষেপ করা হয় এবং হযরত খালিদের নেতৃত্বে সকল সাহাবী রোমানদের উপর হামলা করে। এ হামলায় হযরত আবু উবাইদাও ছিলেন। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বললেন— “ওহে কুরআনের বাহকেরা! ওহে দ্বীনের রক্ষকেরা! ওহে মুসলমানদের সাহায্যকারীরা! আল্লাহর শত্রুদের উপর হামলা কর"।

📘 ফুতুহুশ শাম 📄 পালাতে লাগে রোম সৈন্য

📄 পালাতে লাগে রোম সৈন্য


ওয়ারদানের মাথা দেখে রোমান সৈন্যরা পালানোর প্রস্তুতি শুরু করে। সাহাবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে ধাওয়া করে হত্যা করে তাদের জিনিসপত্র তুলে নেন।

আমর বিন তুফাইল আদদাওসী বলেন, আমরা হযরত আবু উবাইদার সাথে ছিলাম। আমরা রোমান সৈন্যদের ধাওয়া করতে করতে গাযার প্রবেশ দ্বার পর্যন্ত চলে গেলাম। হঠাৎ দেখলাম, আমাদের দিকে কিছু অশ্বারোহী এগিয়ে আসছে। দূর থেকে দেখে আমরা মনে করলাম, রোম সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে ওয়ারদানের সাহায্যে পাঠিয়েছেন। কিন্তু যখন তারা আমাদের কাছে চলে আসল, তখন দেখলাম, তারা হযরত আবু বকরের পাঠানো সেনা। তখন আমরা তাদেরকে সাথে নিয়ে রোমান সৈন্যদের যাকে পেলাম, হত্যা করলাম এবং জিনিসপত্র ছিনিয়ে নিলাম।

📘 ফুতুহুশ শাম 📄 রোমানদের ক্ষয়ক্ষতি

📄 রোমানদের ক্ষয়ক্ষতি


আজনাদীনের এ রণাঙ্গনে নব্বই হাজার রোম সৈন্য যুদ্ধ করতে এসেছিল। সে দিনের যুদ্ধে তাদের পঞ্চাশ হাজার নিহত হয়, আর বাকীরা কেউ দেমেস্কে কেউ কাইসারিয়ার দিকে পালিয়ে প্রাণ বাঁচায়।

ফন্ট সাইজ
15px
17px