📘 ফুতুহুশ শাম 📄 ওয়ারদানের ভাষণ

📄 ওয়ারদানের ভাষণ


ওয়ারদান যখন মুহাম্মদ সা.- এর সাহাবীগণকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হতে দেখল, তখন গভর্ণর ও সেনাকর্মকর্তাদের একত্রিত করে বলল, ওহে রোম সাম্রাজ্যের অধিবাসীরা! জেনে রেখো, সম্রাট তোমাদের প্রতি মুখাপেক্ষী। যদি তোমরা পরাজিত হও, তাহলে তোমরা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরবরা তোমাদের দেশের অধিকর্তা হয়ে বসবে এবং তোমাদের নারী শিশুদের বন্দী করে নিয়ে যাবে। অতএব তোমাদের জন্য ধৈর্য ধারণের বিকল্প নেই। আর তোমরা সবাই এক যোগে হামলা করবে। জেনে রেখো, তাদের একজনের মোকাবেলায় তোমরা তিনজন। আর তোমরা কোন ভাবেই বিচ্ছিন্ন হয়ো না। ক্রুশের কাছে সাহায্য চাইবে ক্রুশ তোমাদেরকে সাহায্য করবে।

📘 ফুতুহুশ শাম 📄 শত্রুদের ভয় দেখাতে বীর দিরার

📄 শত্রুদের ভয় দেখাতে বীর দিরার


হযরত খালিদ তার ওসীয়ত শেষে বললেন, ওহে মুসলমানেরা, কে আছে যে আমাদের পক্ষ থেকে গিয়ে শত্রুদের সতর্ক ও ভয় দেখিয়ে আসবে। তখন দিরার বিন আযূর বললেন, আমি আছি আমীর সাহেব! হযরত খালিদ বললেন, হ্যাঁ তুমি এ কাজের জন্য যোগ্য বটে। তবে দিরার! তুমি যখন শত্রুদের কাছে গিয়ে পৌঁছবে, তখন তাদের সাথে এমন যুদ্ধে লিপ্ত হয়ো না, যাতে তোমার একাকী পরাজিত হওয়ার আশংকা থাকে। অতএব সাবধান থাকবে। আর আল্লাহ তোমাকে এরকম করার নির্দেশও দেননি, তিনি বলছেন- وَلَا تُلْقُوا بِأَيْدِيكُم إِلى التهلكة "তোমরা নিজেদের ধ্বংসের মুখে পতিত করো না"।

অত:পর হযরত দিরার তার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে রোম সৈন্যদের কাছে গিয়ে পৌঁছলেন। তিনি তাদের আসবাব পত্র, তাঁবু, শিরস্ত্রাণ, খাট ও পাখির ডানার মত ঝান্ডা দেখতে পেলেন। এ সময় ওয়ারদান মুসলিম বাহিনীর দিকে তাকাচ্ছিল। ফলে হঠাৎ তার দৃষ্টি দিরারের প্রতি পড়ল। তখন সে সেনাকর্মকর্তাদের ডেকে বলল, আমি এদিকে আগত একজন অশ্বারোহী দেখতে পেলাম। সে যে শত্রুদের পক্ষ থেকে আমাদের অবস্থার খোঁজ নেওয়ার জন্য এসেছে, সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। অতএব, তোমাদের কারা গিয়ে একে ধরে আনতে পারবে?

ওয়ারদানের কথা শুনে ত্রিশজন অশ্বারোহী হযরত দিরারকে ধরে আনার জন্য দাঁড়িয়ে যায়। হযরত দিরার তাদেরকে পিছনে ফেলে চলে আসলেন। ফলে অশ্বারোহীরা তাকে পালিয়ে যাচ্ছে মনে করে তার পিছনে চলল। কিন্তু হযরত দিরারের উদ্দেশ্য ছিল, তাদেরকে তাদের বাহিনী থেকে দূরে নিয়ে আসা। তাদেরকে যখন দূরে নিয়ে আসলেন তখন তিনি তার ঘোড়ার মুখ তাদের দিকে করালেন এবং তাদের প্রতি বর্শা তাক করলেন। সর্বপ্রথম তিনি একজনের উপর হামলা করে তাকে মাটিতে লুটিয়ে দিলেন। অতঃপর আরেকজনের উপর হামলা করে তাকে সাথে সাথে মেরে ফেললেন। এ সময় তিনি ছাগলের পালের মাঝে সিংহের ন্যায় দৌড়াচ্ছিলেন। এ অবস্থা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। অতঃপর পালানো শুরু করল। হযরত দিরার তাদের পিছু ধাওয়া করলেন। তখনো তিনি একের পর এক অশ্বারোহীকে মাটিতে লুটিয়ে দিচ্ছিলেন। যখন তারা তাদের বাহিনীর কাছে পৌছে গেল, তখন হযরত দিরার সামনে আর অগ্রসর না হয়ে তাদের জিনিস পত্র ও ঘোড়া গুলো নিয়ে মুসলমানদের কাছে চলে আসলেন এবং যা ঘটেছে তা হযরত খালিদের নিকট খুলে বললেন।

তখন হযরত খালিদ বললেন, আমি কি তোমাকে বলিনি নিজেকে বিপদে না ফেলতে ও তাদের উপর হামলা না করতে? দিরার বললেন, তারা আমাকে খুঁজতে এসেছে। তখন আমার এ ভয় লেগেছে যে, আমি যুদ্ধ থেকে পালানোর আল্লাহর নিষেধ অমান্য করছি। তাই আমি তাদের সাথে অন্তর খুলে লড়াই করেছি। আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করেছেন। আল্লাহর কসম! যদি আপনার তিরস্কারের ভয় না থাকত, তাহলে আমি তাদের সকলের উপর হামলা করতাম। মনে রাখবেন রোমানরা সবাই আমাদের গনীমত।

📘 ফুতুহুশ শাম 📄 যুদ্ধের প্রস্তুতি

📄 যুদ্ধের প্রস্তুতি


অতঃপর হযরত খালিদ যুদ্ধের জন্য সৈন্যদেরকে বিন্যস্ত করা শুরু করলেন। মাঝখানে রাখলেন হযরত মুআয বিন জবলকে, ডান দিকে রাখলেন হযরত আবুদর রহমান বিন আবু বকরকে, বাম দিকে রাখলেন হযরত সাঈদ বিন আমেরকে, বাম পাশের আরেকটি গ্রুপের নেতৃত্বে রাখলেন হযরত শুরাহবীল বিন হাসানাকে। আর নারী, শিশু ও জিনিস পত্রের সাথে চার হাজার সৈন্যকে পিছনে রেখে তাদের নেতৃত্বে রাখলেন হযরত ইয়াযীদ বিন আবু সুফ্যানকে।

অতঃপর হযরত খালিদ মহিলাদের দিকে গেলেন। এ মহিলারা ছিলেন খাওলা বিনতে আযুর, আফরা বিনতে গিফার হিময়ারী, উম্মে আবান বিনতে আতরা, মাযরুআ বিনতে আমলুক, সালমা বিনতে যিরা' এবং অন্যান্য বীর ও সাহসী মহিলারা। ঐদিন উম্মে আবান বিনতে আতরার সাথে আবান বিন সাঈদ ইবনুল আসের বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। তাই তার হাতে মেহেদী ও মাথায় আতরের সুগন্ধি মাখানো ছিল।

📘 ফুতুহুশ শাম 📄 মহিলাদের প্রতি হযরত খালিদের নসীহত

📄 মহিলাদের প্রতি হযরত খালিদের নসীহত


অতঃপর হযরত খালিদ তাদেরকে বললেন- يا بنات العمالقة وبقية التبابعة قد فعلتن فعلا أرضيتن به الله تعالى والمسلمين, وقد بقى لكن الذكر الجميل, وهذه أبواب الجنة قد فتحت لكن, وأبواب النار قد أغلقت عنكن وفتحت لأعدائكن, واعلمن أني أثق بكن, فقاتلن عن أنفسكن وان رأيتن أحدا من المسلمين قد ولى هاربا فدونكن إياه بالأعمدة وارمين بولده وقلن لهن أين تولى عن أهلك ومالك وولدك وحريمك فإنكن ترضين بذلك الله تعالي

"হে আমলেকা বংশের মেয়ে ও তাবাবিআ বংশের অবশিষ্ট নারীরা! তোমরা এমন এক কাজ করেছ, যা দ্বারা তোমরা আল্লাহ ও মুসলমানদের সন্তুষ্ট করেছ এবং এর ফলে তোমাদের সুনাম ছড়িয়ে পড়েছে। জান্নাতের দরজা সমূহ তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাহান্নামের দরজা সমূহ তোমাদের জন্য বন্ধ করা হয়েছে এবং তোমাদের শত্রুদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মনে রাখবে, আমি তোমাদের প্রতি আস্থাবান। যদি রোমানদের কোন দল তোমাদের উপর হামলা করে বসে, তাহলে তাদের সাথে তোমরা আত্মরক্ষার্থে লড়াই করবে। আর যদি দেখ মুসলমানদের কেউ পালিয়ে যাচ্ছে তাহলে তোমরা তাকে তাবুর খুটি দ্বারা আঘাত করবে এবং তার সন্তানকে তার পিছনে পাঠিয়ে বলবে তুমি তোমার পরিবার ও জিনিস পত্র ফেলে কোথায় পালিয়ে যাচ্ছ। আর এ কাজ দ্বারা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে"।

তখন আফরা বিনতে গিফার বললেন- أيها الامير ! والله لا يفرحنا إلا أن نمুত أمامك, فلنضر بن وجوه الروم ولنقاتلن إلى أن لا تبقى لنا تطرف, والله ما نبالي إذا رمينا الروم كله. "আমীর সাহেব! শত্রুদের সাথে লড়াই করে আপনার সামনে মরে যাওয়াতেই আমাদের আনন্দ। অতএব, আমরা রোমানদের উপর আঘাত হানব এবং আমাদের প্রতি চোখে তুলে তাকাবে, এমন কেউ বাকী থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আল্লাহর কসম! রোমানদের সবার সাথে লড়াই করাতে ও আমাদের কোন ভয় নেই"।

ফন্ট সাইজ
15px
17px