📘 ফুতুহুশ শাম 📄 রোমান সৈন্যদের আধিক্য

📄 রোমান সৈন্যদের আধিক্য


যাহহাক বিন উরওয়া বলেন, আমরা ইরাকে কিসরার সৈন্যদের দেখেছি। কিন্তু তাদেরকে আমরা রোম সৈন্যদের চেয়ে অধিক ও তাদের চেয়ে বিপুল অস্ত্রে সজ্জিত দেখিনি। আমরা তাদের সাথে যুদ্ধ না করে মুখোমুখি অবস্থান গ্রহণ করলাম। পরের দিন রোমান সৈন্যরা আমাদের দিকে আসার জন্য প্রস্তুত হল। তখন আমরাও রণসজ্জায় সজ্জিত হলাম।

📘 ফুতুহুশ শাম 📄 হযরত খালিদের ওসীয়ত

📄 হযরত খালিদের ওসীয়ত


হযরত খালিদ লোকজনকে কাতারবদ্ধ করছিলেন এবং বলছিলেন- اعلموا إنكم لستم ترون للروم جيشا مثل هذا اليوم, فإن هزمهم الله على أيديكم لا يقوم لهم بعدها قائمة أبدا, فاصدقوا في الجهاد وعليكــــــم بنصر دينكم وإياكم أن تولوا الادبار فيعقبكم ذلك دخول النار, وأقرنوا المواكب ومكنوا المضارب ولا تحملوا حتى امركم بالحملة وأيقظوا همكم.

"জেনে রাখুন, আপনারা আর কোন সময় আজকের মতো রোমান সৈন্য দেখেননি। যদি আল্লাহ তাদেরকে আপনাদের হতে পরাজিত করেন, তাহলে জেনে রাখবেন এরপর তারা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অতএব, জিহাদে সত্যবাদিতার প্রমাণ পেশ করুন এবং নিজেদের দ্বীনের সাহায্য করুন। আর ভুলেও পালানোর চেষ্টা করবেন না। কারণ, এর ফলে জাহান্নামে প্রবেশ অবধারিত। শত্রুসেনাদের উপর তীব্র ভাবে দ্বিগুণ শক্তিতে আক্রমণ করুন। আর আমি যতক্ষণ বলব না, ততক্ষণ কেউ হামলা করবেন না। নিজেদের হিম্মতকে জাগ্রত রাখুন"।

📘 ফুতুহুশ শাম 📄 ওয়ারদানের ভাষণ

📄 ওয়ারদানের ভাষণ


ওয়ারদান যখন মুহাম্মদ সা.- এর সাহাবীগণকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হতে দেখল, তখন গভর্ণর ও সেনাকর্মকর্তাদের একত্রিত করে বলল, ওহে রোম সাম্রাজ্যের অধিবাসীরা! জেনে রেখো, সম্রাট তোমাদের প্রতি মুখাপেক্ষী। যদি তোমরা পরাজিত হও, তাহলে তোমরা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরবরা তোমাদের দেশের অধিকর্তা হয়ে বসবে এবং তোমাদের নারী শিশুদের বন্দী করে নিয়ে যাবে। অতএব তোমাদের জন্য ধৈর্য ধারণের বিকল্প নেই। আর তোমরা সবাই এক যোগে হামলা করবে। জেনে রেখো, তাদের একজনের মোকাবেলায় তোমরা তিনজন। আর তোমরা কোন ভাবেই বিচ্ছিন্ন হয়ো না। ক্রুশের কাছে সাহায্য চাইবে ক্রুশ তোমাদেরকে সাহায্য করবে।

📘 ফুতুহুশ শাম 📄 শত্রুদের ভয় দেখাতে বীর দিরার

📄 শত্রুদের ভয় দেখাতে বীর দিরার


হযরত খালিদ তার ওসীয়ত শেষে বললেন, ওহে মুসলমানেরা, কে আছে যে আমাদের পক্ষ থেকে গিয়ে শত্রুদের সতর্ক ও ভয় দেখিয়ে আসবে। তখন দিরার বিন আযূর বললেন, আমি আছি আমীর সাহেব! হযরত খালিদ বললেন, হ্যাঁ তুমি এ কাজের জন্য যোগ্য বটে। তবে দিরার! তুমি যখন শত্রুদের কাছে গিয়ে পৌঁছবে, তখন তাদের সাথে এমন যুদ্ধে লিপ্ত হয়ো না, যাতে তোমার একাকী পরাজিত হওয়ার আশংকা থাকে। অতএব সাবধান থাকবে। আর আল্লাহ তোমাকে এরকম করার নির্দেশও দেননি, তিনি বলছেন- وَلَا تُلْقُوا بِأَيْدِيكُم إِلى التهلكة "তোমরা নিজেদের ধ্বংসের মুখে পতিত করো না"।

অত:পর হযরত দিরার তার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে রোম সৈন্যদের কাছে গিয়ে পৌঁছলেন। তিনি তাদের আসবাব পত্র, তাঁবু, শিরস্ত্রাণ, খাট ও পাখির ডানার মত ঝান্ডা দেখতে পেলেন। এ সময় ওয়ারদান মুসলিম বাহিনীর দিকে তাকাচ্ছিল। ফলে হঠাৎ তার দৃষ্টি দিরারের প্রতি পড়ল। তখন সে সেনাকর্মকর্তাদের ডেকে বলল, আমি এদিকে আগত একজন অশ্বারোহী দেখতে পেলাম। সে যে শত্রুদের পক্ষ থেকে আমাদের অবস্থার খোঁজ নেওয়ার জন্য এসেছে, সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। অতএব, তোমাদের কারা গিয়ে একে ধরে আনতে পারবে?

ওয়ারদানের কথা শুনে ত্রিশজন অশ্বারোহী হযরত দিরারকে ধরে আনার জন্য দাঁড়িয়ে যায়। হযরত দিরার তাদেরকে পিছনে ফেলে চলে আসলেন। ফলে অশ্বারোহীরা তাকে পালিয়ে যাচ্ছে মনে করে তার পিছনে চলল। কিন্তু হযরত দিরারের উদ্দেশ্য ছিল, তাদেরকে তাদের বাহিনী থেকে দূরে নিয়ে আসা। তাদেরকে যখন দূরে নিয়ে আসলেন তখন তিনি তার ঘোড়ার মুখ তাদের দিকে করালেন এবং তাদের প্রতি বর্শা তাক করলেন। সর্বপ্রথম তিনি একজনের উপর হামলা করে তাকে মাটিতে লুটিয়ে দিলেন। অতঃপর আরেকজনের উপর হামলা করে তাকে সাথে সাথে মেরে ফেললেন। এ সময় তিনি ছাগলের পালের মাঝে সিংহের ন্যায় দৌড়াচ্ছিলেন। এ অবস্থা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। অতঃপর পালানো শুরু করল। হযরত দিরার তাদের পিছু ধাওয়া করলেন। তখনো তিনি একের পর এক অশ্বারোহীকে মাটিতে লুটিয়ে দিচ্ছিলেন। যখন তারা তাদের বাহিনীর কাছে পৌছে গেল, তখন হযরত দিরার সামনে আর অগ্রসর না হয়ে তাদের জিনিস পত্র ও ঘোড়া গুলো নিয়ে মুসলমানদের কাছে চলে আসলেন এবং যা ঘটেছে তা হযরত খালিদের নিকট খুলে বললেন।

তখন হযরত খালিদ বললেন, আমি কি তোমাকে বলিনি নিজেকে বিপদে না ফেলতে ও তাদের উপর হামলা না করতে? দিরার বললেন, তারা আমাকে খুঁজতে এসেছে। তখন আমার এ ভয় লেগেছে যে, আমি যুদ্ধ থেকে পালানোর আল্লাহর নিষেধ অমান্য করছি। তাই আমি তাদের সাথে অন্তর খুলে লড়াই করেছি। আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করেছেন। আল্লাহর কসম! যদি আপনার তিরস্কারের ভয় না থাকত, তাহলে আমি তাদের সকলের উপর হামলা করতাম। মনে রাখবেন রোমানরা সবাই আমাদের গনীমত।

ফন্ট সাইজ
15px
17px