📄 বিভিন্ন অঞ্চল থেকে ইসলামের বীর সেনাদের আগমন
অন্যদিকে কাতিবে ওয়াহী হযরত শুরাহবীল বিন হাসানা, ইয়াযীদ বিন আবু সুফ্যান, আমর ইবনুল আস, মুআয বিন জাবাল ও নু'মান বিন মুগীরার নেতৃত্বে ইসলামের বীর সেনানীরা পূর্ণ প্রস্তুতি সহকারে তাদের ভাইদের সাহায্যে আজানদীনের দিকে চলে আসেন। রাসূলুল্লাহ সা.- এর আযাদকৃত গোলাম সাফীনা বলেন, আমি হযরত মুআযের সৈন্যদের অন্তর্ভুক্ত ছিলাম। দেখলাম, অন্যান্য অঞ্চল থেকে আগত মুসলমানরা যেদিন আজনাদীনে গিয়ে পৌঁছে, সে একই দিনে আমরাও আজনাদীনে এসে পৌঁছি। সময়টা হিজরী ২০ সনের সফর মাস ছিল। মুসলমানরা পরস্পরে সাক্ষাত ও সালাম বিনিময় শুরু করে। আর আমরা রোমান সৈন্যদের দিকে তাকিয়ে দেখলাম, তাদের সৈন্য সংখ্যা অগণিত। আমরা তাদের কাছে পৌঁছলে তারা রণসজ্জায় সজ্জিত হয়ে যায়। তারা যুদ্ধের জন্য কাতারবদ্ধ হতে থাকে। তারা তাদের কাতারকে বিস্তৃত করল। প্রত্যেক কাতারে ছিল এক হাজার সৈন্য।
📄 রোমান সৈন্যদের আধিক্য
যাহহাক বিন উরওয়া বলেন, আমরা ইরাকে কিসরার সৈন্যদের দেখেছি। কিন্তু তাদেরকে আমরা রোম সৈন্যদের চেয়ে অধিক ও তাদের চেয়ে বিপুল অস্ত্রে সজ্জিত দেখিনি। আমরা তাদের সাথে যুদ্ধ না করে মুখোমুখি অবস্থান গ্রহণ করলাম। পরের দিন রোমান সৈন্যরা আমাদের দিকে আসার জন্য প্রস্তুত হল। তখন আমরাও রণসজ্জায় সজ্জিত হলাম।
📄 হযরত খালিদের ওসীয়ত
হযরত খালিদ লোকজনকে কাতারবদ্ধ করছিলেন এবং বলছিলেন- اعلموا إنكم لستم ترون للروم جيشا مثل هذا اليوم, فإن هزمهم الله على أيديكم لا يقوم لهم بعدها قائمة أبدا, فاصدقوا في الجهاد وعليكــــــم بنصر دينكم وإياكم أن تولوا الادبار فيعقبكم ذلك دخول النار, وأقرنوا المواكب ومكنوا المضارب ولا تحملوا حتى امركم بالحملة وأيقظوا همكم.
"জেনে রাখুন, আপনারা আর কোন সময় আজকের মতো রোমান সৈন্য দেখেননি। যদি আল্লাহ তাদেরকে আপনাদের হতে পরাজিত করেন, তাহলে জেনে রাখবেন এরপর তারা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অতএব, জিহাদে সত্যবাদিতার প্রমাণ পেশ করুন এবং নিজেদের দ্বীনের সাহায্য করুন। আর ভুলেও পালানোর চেষ্টা করবেন না। কারণ, এর ফলে জাহান্নামে প্রবেশ অবধারিত। শত্রুসেনাদের উপর তীব্র ভাবে দ্বিগুণ শক্তিতে আক্রমণ করুন। আর আমি যতক্ষণ বলব না, ততক্ষণ কেউ হামলা করবেন না। নিজেদের হিম্মতকে জাগ্রত রাখুন"।
📄 ওয়ারদানের ভাষণ
ওয়ারদান যখন মুহাম্মদ সা.- এর সাহাবীগণকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হতে দেখল, তখন গভর্ণর ও সেনাকর্মকর্তাদের একত্রিত করে বলল, ওহে রোম সাম্রাজ্যের অধিবাসীরা! জেনে রেখো, সম্রাট তোমাদের প্রতি মুখাপেক্ষী। যদি তোমরা পরাজিত হও, তাহলে তোমরা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরবরা তোমাদের দেশের অধিকর্তা হয়ে বসবে এবং তোমাদের নারী শিশুদের বন্দী করে নিয়ে যাবে। অতএব তোমাদের জন্য ধৈর্য ধারণের বিকল্প নেই। আর তোমরা সবাই এক যোগে হামলা করবে। জেনে রেখো, তাদের একজনের মোকাবেলায় তোমরা তিনজন। আর তোমরা কোন ভাবেই বিচ্ছিন্ন হয়ো না। ক্রুশের কাছে সাহায্য চাইবে ক্রুশ তোমাদেরকে সাহায্য করবে।