📘 ফুতুহুশ শাম 📄 মুক্ত হলেন বীর দিরার

📄 মুক্ত হলেন বীর দিরার


খাওলা রাফে'র সাথে রওয়ানা হওয়া দলটির পিছনে পৃথক ভাবে চলছিলেন। হযরত রাফে' যখন সুলাইমা নামক স্থানের কাছাকাছি এসে পৌঁছলেন, তখন ওদের গমনের নিদর্শন দেখা যায় কিনা তা পরখ করার জন্য সেদিকে তাকালেন। অতঃপর তার সাথীদেরকে বললেন, সুসংবাদ গ্রহণ করুন। ওরা এখনও এ পর্যন্ত এসে পৌঁছেনি। অতঃপর তিনি সাথীদেরকে নিয়ে ওয়াদিউল হায়াতে আত্মগোপন করলেন। তারা আত্মগোপন করতে যাচ্ছে- এমন সময় দেখা গেল, ওদের আগমনের ফলে পথে ধুলো উড়ছে। তখন রাফে তার সাথীদেরকে বললেন, হিম্মতের সাথে সবাই প্রস্তুত থাকুন। তারা হিম্মত নিয়ে শত্রুদের আগমনের অপেক্ষায় ওঁৎ পেতে রইলো। কিছুক্ষণের মধ্যে শত্রুরা এসে পৌঁছল। দেখা গেল, হযরত দিরারকে তারা সবাই ঘিরে রেখেছে। এ অবস্থা দেখে হযরত রাফে মুসলমানদের নিয়ে আল্লাহু আকবার বলে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই দিরারকে মুক্ত করেন। শত্রুদের সবাইকে খতম করে তাদের মাল সামানা তুলে আনা হয়।

হযরত রাফে ও তার সাথীরা যখন দিরারকে নিয়ে চলে আসছিল, তখন পথে দেখতে পায় যে, রোমানরা জীবন নিয়ে পালিয়ে আসছে। তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছেও না। হযরত খালিদ দিরারের খোঁজে রাফে বিন উমাইরের নেতৃত্বে একশ অশ্বারোহী পাঠানোর খবর শোনে ওয়ারদান খুব চিন্তিত হল। অন্যদিকে রোমান সৈন্যরা মুসলমানদের হামলার মুখে টিকতে না পেরে পলায়ন শুরু করল। সবার আগে যে পলায়ন করল সে হল ওয়ারদান। মুসলমানরা তাদের ধাওয়া করে তাদের মাল সামানা ও অস্ত্র নিয়ে নেয় এবং তাদেরকে ওয়াদিউল হায়াত পর্যন্ত তাড়িয়ে দেয়। পথিমধ্যে হযরত রাফে বিন উমাইরা ও দিরার বিন আযূরের সাথে তাদের সাক্ষাৎ হলো। তারা তাদেরকে সালাম দেয় এবং দিরারকে দেখে আনন্দ প্রকাশ করে ও তাকে অভিনন্দন জানায়। হযরত খালিদ রাফে'র প্রশংসা করেন। অতঃপর সকলকে নিয়ে দামেস্কে ফিরে আসেন। তারা বিজয় অর্জন করায় ওখানে অবস্থানকারী মুসলমানরা আনন্দিত হল।

📘 ফুতুহুশ শাম 📄 রোম সম্রাটের আরেকটি ব্যর্থ চেষ্টা

📄 রোম সম্রাটের আরেকটি ব্যর্থ চেষ্টা


আজনাদীনে রোম সৈন্যদের পরাজয় ও ওয়ারদানের ছেলে হামদান নিহত হওয়ার খবর রোম সম্রাটের কাছে পৌঁছলে তিনি সিরিয়ার কর্তৃত্ব তার হাতছাড়া হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলেন। অতঃপর ওয়ারদানের নিকট এ পত্রটি লিখেন-

পরকথা, আমার কাছে খবর পৌঁছেছে যে, ক্ষুধার্ত ও নাঙ্গা শরীরওয়ালারা তোমাকে পরাজিত করেছে এবং তোমার ছেলেকে হত্যা করেছে। মসীহ তাকে ও তোমাকে রহম করুন। আমি যদি তোমাকে বীর ও আক্রমনে দক্ষ বলে না জানতাম, তাহলে তোমার উপর আমি অসন্তুষ্ট হতাম। যা হয়েছে হয়ে গেছে। এখন আমি আজনাদীনে নব্বই হাজার সৈন্য পাঠিয়েছি এবং তোমাকে তাদের সেনাপতি মনোনীত করেছি। অতএব, তুমি তাদেরকে নিয়ে দামেস্কবাসীকে রক্ষা কর এবং তোমার সৈন্যদেরকে ফিলিস্তিনে থাকা আরবদেরকে তাদের লোকদের সাহায্যে এগিয়ে আসতে বাধা দেওয়ার জন্য পাঠাও এবং তোমার দ্বীন ও নেতাকে সাহায্য কর।

সম্রাট পত্রটা অশ্বারোহীর মাধ্যমে পাঠিয়ে দেন। ওয়ারদানের নিকট পত্র পৌঁছার পর সে তা পড়ে দেখল। এতে তার অস্থিরতা দূর হল এবং আজনাদীনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আজনাদীনে পৌঁছলে দেখতে পায়, রোম সৈন্যরা বর্ম ও শিরস্ত্রাণ পরে প্রস্তুত হয়ে আছে। তারা তাকে আসতে দেখে তার দিকে অগ্রসর হয়ে সালাম দেয় এবং তার সন্তানের ব্যাপারে সান্ত্বনা প্রকাশ করে। অতঃপর সে স্থির হয়ে বসার পর তাদের সামনে সম্রাটের বাণী পড়ে শোনায়। তা শোনে তারা আনুগত্যের শপথ করে।

📘 ফুতুহুশ শাম 📄 শত্রুদের আগমনের সংবাদ প্রাপ্তি ও পরামর্শ

📄 শত্রুদের আগমনের সংবাদ প্রাপ্তি ও পরামর্শ


রওহ বিন তুরাইফ বলেন, আমরা ওয়ারদানকে পরাজিত করে ফিরে আসার পর হযরত খালিদ বিন ওয়ালীদের সাথে দামেস্কের পূর্ব গেইটে অবস্থান করছিলাম। হঠাৎ দেখতে পেলাম, আমাদের মাঝে আব্বাদ বিন সাদ আল হাদরামী এসে উপস্থিত। বলল, আজনাদীন থেকে নব্বই হাজার রোম সৈন্য আপনাদের মোকাবেলা করার জন্য আসছে। এ খবর পৌঁছে দেয়ার জন্য আমাকে কাতিবে ওয়াহী হযরত শুরাহবীল বিন হাসানা বসরা থেকে পাঠিয়েছেন আর রোমানদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। হযরত খালিদ এ খবর পেয়ে হযরত আবু উবাইদার কাছে চলে গেলেন এবং বললেন- "ওহে আমীনুল উম্মাহ! আব্বাদ বিন সাদকে শুরাহবীল বিন হাসানা এখবর দিয়ে পাঠিয়েছেন যে রোমানদের মহা-তাগুত হিরোক্লিয়াস ওয়ারদানকে আজনাদীনে উপস্থিত রোম সৈন্যদের উপর সেনাপতি বানিয়েছেন। তাদের সংখ্যা নব্বই হাজার। অতএব হে আল্লাহর রাসূলের সাহাবী! এদের মোকাবেলার ব্যাপারে আপনার মতামত কী?"

তখন হযরত আবু উবাইদা বললেন- "ওহে আবু সুলাইমান! রাসুলুল্লাহ সা.-এর সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে আছে। যেমন শুরাহবীল বিন হাসানা বসরায়, মুআয বিন জাবাল হাওরানে, ইয়াযীদ বিন আবু সুফ্যান বালাকায়, নু'মান বিন মুগীরা তাদাম্মুর ও আরাকায় ও আমর ইবনুল আস ফিলিস্তিনে। আমার মতে আমাদের এখন করণীয় হচ্ছে, আমাদের দিকে চলে আসার জন্য তাদের নিকট খবর পাঠানো। যাতে আমরা তাদের নিয়ে শত্রুদের মোকাবেলা করতে পারি। আর আমরা সাহায্য ও বিজয় তো কামনা করব আল্লাহর কাছেই।"

তখন হযরত খালিদ আমর ইবনুল আস রা.- এর নিকট এ পত্রটি লিখলেন-

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরকথা আপনাদের মুসলমান ভাইয়েরা আজনাদীনের দিকে অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ ওখানে আমাদের দিকে আসার জন্য নব্বই হাজার সৈন্য অবস্থান করছে। তারা চাচ্ছে আল্লাহর আলোকে ফুঁৎকারে নিভিয়ে দিতে, কিন্তু কাফিররা অপছন্দ করলেও আল্লাহ তার আলোকে পূর্ণ করবেন। অতএব, আপনার নিকট যখন আমার এ পত্রটা পৌঁছবে তখনই আপনি আপনার সাথে থাকা মুসলমানদেরকে নিয়ে আজনাদীনের দিকে চলে আসুন। ইনশাআল্লাহ আপনি আমাদেরকে সেখানে দেখতে পাবেন। আপনি ও আপনাদের সাথে থাকা সকল মুসলমানের প্রতি সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

এছাড়া উপরোল্লেখিত সকল গভর্ণরের প্রতিও সসৈন্য আজনাদীনের দিকে চলে আসার আহ্বান জানিয়ে পত্র পাঠানো হয়। অতঃপর হযরত খালিদ সকল মুসলমানদেরকে মাল-সামানা ও গনীমত নিয়ে আজনাদীনের দিকে রওয়ানা হওয়ার নির্দেশ দিলেন এবং হযরত আবু উবাইদাকে বললেন, আমার রায় হচ্ছে আপনি আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবীদের নিয়ে সামনে থাকবেন আর আমি মাল সামানা গনীমত ও নারী- শিশুদের নিয়ে পিছনে থাকবো।

হযরত আবু উবাইদা বললেন, পিছনে আমি থাকবো আর সৈন্যদের নিয়ে সামনে থাকবেন আপনি। ফলে যখন রোম সৈন্যরা ওয়ারদানের নেতৃত্বে আপনার কাছে এসে পৌঁছবে, তখন তারা আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পাবে এবং আপনি তাদেরকে নারী ও শিশুদের কাছে পৌঁছতে বাধা দিবেন। তাহলে তারা আমাদের দিকে আসতে ব্যর্থ হবে। হ্যাঁ, আপনি তাদের হাতে নিহত হলে অন্য কথা। নতুবা আমি যদি সাথে থাকি, তাহলে আমি ও আমার সাথে যারা থাকবে তারা শত্রুদের গনীমত হয়ে পড়ব। হযরত খালিদ বললেন, ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম। অতঃপর হযরত খালিদ লোকজনকে উদ্দেশ্য করে বললেন- "ওহে লোকজন! আপনারা এক বিশাল বাহিনীর দিকে যাচ্ছেন। অতএব, আপনারা আপনাদের দৃঢ় সংকল্প ও সদিচ্ছাকে জাগ্রত রাখুন। আর মনে রাখবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন, আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলের উপর বিজয় লাভ করে। আর আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে।" অতঃপর হযরত খালিদ সৈন্যদের নিয়ে আগে চললেন। আর হযরত আবু উবাইদা এক হাজার লোককে নিয়ে পরে যাওয়ার উদ্দেশ্যে রয়ে গেলেন।

📘 ফুতুহুশ শাম 📄 দামেস্কবাসীর ষড়যন্ত্র

📄 দামেস্কবাসীর ষড়যন্ত্র


যখন হযরত খালিদ মুসলমানদের নিয়ে দামেস্ক ছেড়ে চলে গেলেন, তখন দামেস্কের লোকেরা তরবারী নিয়ে বের হয়ে পড়ল। তারা মনে করেছিল আজনাদীনের বিশাল বাহিনীর হাতে মুসলমানরা পরাজিত হবে। তাদের জ্ঞানী লোকজন বলল, যদি তারা বা'লবাকের দিকে রওয়ানা হয়, তাহলে তারা হিমস জয় করতে যাচ্ছে। আর যদি তারা মারজেরাহেতের পথে রওয়ানা হয়, তাহলে সন্দেহ নেই যে, তারা পদানত করা অঞ্চলগুলো ফেলে হিজাযের দিকে পালিয়ে যাচ্ছে। দামেস্কে পল নামে একজন সেনাপতি ছিল। সে রোমানদের কাছে অনেক বড় ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। সম্রাটের কাছে গেলে সম্রাট তাকে আপ্যায়ন করাতেন। এ মালউন এত প্রসিদ্ধ হওয়ার কারণ হল, একটি গাছে সে তীর নিক্ষেপ করে। তীরটি তার বাহুর জোরে গাছে পুরোপুরি ঢুকিয়ে দেয়। অতঃপর সে গাছটিতে লিখে দেয় যে, কেউ যদি তার সমকক্ষতার দাবী করে তার উচিত আমার মত তীর নিক্ষেপ করা এবং তা স্বহস্তে গাছের মধ্যে ঢুকিয়ে দেয়া। ফলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে মুসলমানরা দামেস্কে আসার পর থেকে সে একবারও তাদের সাথে যুদ্ধ করতে মাঠে আসেনি। দামেস্কের লোকেরা যখন তার কাছে এসে সমবেত হল তখন সে বলল, তোমাদের সমস্যা কী? তখন তারা বলল, আপনি যদি সম্রাট, মসীহ ও খৃস্টবাদের অনুসারীদের কাছে অমরত্ব লাভ করতে চান, তাহলে মুসলমানদেরকে আমাদের ভূমি থেকে বিতাড়িত করুন। তাদের যারা এখানে এখনও রয়ে গেছে, তাদেরকে গিয়ে উচিত শিক্ষা দিন। আপনি যদি তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবেন বলে মনে করেন, তাহলে আমরাও তাদের সাথে যুদ্ধ করব।

ফন্ট সাইজ
15px
17px