📄 জিহাদপাগল হযরত দিরারের আনন্দ
এ কথা শুনে হযরত দিরার বললেন- "উহ! কি আনন্দ! আল্লাহর কসম হে ইবনে ওয়ালীদ! আমার অন্তরকে অন্য কোন বস্তু এ প্রস্তাবের চেয়ে অধিক আনন্দ দিতে পারেনি। আপনি অনুমতি দিন, আমি একাই তাদের সাথে লড়াই করার জন্য চলে যাই।”
হযরত খালিদ বললেন, আমি জানি যে আপনি দিরার। তবে আপনি একা গিয়ে নিজেকে ধ্বংস করবেন না। আপনার সাথে যে সব মুসলমান যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তাদেরকে সাথে নিয়ে যান।
হযরত দিরার তড়িঘড়ি প্রস্তুত হয়ে গেলেন। হযরত খালিদ বললেন, একটু অপেক্ষা করুন, যাতে সৈন্যরা সবাই আপনার নিকটে এসে উপস্থিত হতে পারে। দিরার বললেন, আমি দেরী করব না। যাকে আল্লাহ জিহাদের জন্য কবুল করবেন, সে আমার কাছে এসে পৌঁছবে। অতঃপর দিরার বাহনে সওয়ার হয়ে দ্রুত চলতে লাগলেন। চলতে চলতে তিনি বাইত লাহয়া নামক স্থানে এসে পৌঁছেন। এ জায়গায় মূর্তি তৈরী করা হত। তিনি সেখানে এসে থামলেন। কিছুক্ষণ পর তার সাথীরা সবাই এসে পৌঁছল।
📄 রোমান সৈন্যদের আগমন ও হযরত দিরারের সাহসী উচ্চারণ
সবাই উপস্থিত হওয়ার পর হযরত দিরার সামনের দিকে তাকালেন। দেখলেন, রোম বাহিনী বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ধেয়ে আসছে। তারা সবাই বর্ম পরিহিত। সূর্যের আলোতে তাদের যুদ্ধাস্ত্র গুলো ঝলমল করছে। সাহাবীরা তাদেরকে দেখে হযরত দিরারকে বললেন, আল্লাহর কসম! এটা এক বিশাল বাহিনী। তাই এখন আমাদের উচিৎ হবে ফিরে যাওয়া। তাদের কাপুরুষোচিত কথার উত্তরে হযরত দিরার বললেন- "আমি আল্লাহর রাস্তায় আমার তরবারী চালাতে থাকব এবং তার অনুসরণ করব যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে। আল্লাহ আমাকে পরাজিত হওয়া ও পলায়ন করা থেকে রক্ষা করবেন। কারণ, তিনি বলেছেন, তোমরা পলায়ন করো না। যে সেদিন যুদ্ধের কৌশল পরিবর্তন বা কোন দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া পলায়ন করবে, সে আল্লাহর ক্রোধের পাত্র হল।”
📄 রাফে বিন উমাইরার ভাষণ
দিরারের কথা শেষ হলে রাফে বিন উমাইরা আততাঈ দাঁড়িয়ে বললেন- "ওহে লোকজন! এ বন্য মোটা গাধাদের কেন ভয় করছেন? আল্লাহ কি আপনাদেরকে অনেক রণাঙ্গনে সাহায্য করেননি? সাহায্য ধৈর্যের উপর নির্ভরশীল। আমাদের বাহিনীতো বড় ছোট অনেক দলের সাথে যুদ্ধ করে আসছে। অতএব, মুমিন পুরুষদের অনুসরণ করুন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করুন। জালুতের সাথে যুদ্ধের সময় তালুতের বাহিনী যে কথা বলেছিল, আপনারা সে কথার পুনরাবৃত্তি করুন। তারা বলেছিল, হে আল্লাহ! আমাদেরকে ধৈর্য ধরার শক্তি দিন ও দৃঢ়পদ রাখুন। আর আমাদেরকে কাফিরের দলের উপর বিজয় দান করুন"।
হযরত দিরার তাদের একথা শুনলেন এবং জানতে পারলেন যে তারা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে ক্রয় করে নিয়েছে। তখন তিনি তার লোকজনকে বাইত লাহয়ায় লুকিয়ে যেতে বললেন এবং নিজে পাজামা পরে খোলা গায়ে ও অস্ত্র ছাড়া একটি আরবী ঘোড়ায় সওয়ার হলেন। হাতে ছিল একটি লাঠি। এ অবস্থায় তিনি তার সাথীদের উপদেশ দিচ্ছিলেন।
📄 যুদ্ধের সূচনা ও হযরত দিরারের বীরত্ব
আমর বিন দারিম বলেন, আমি বাইত লাহয়ার দিন দিরার বিন আযুরের সৈন্যদের একজন ছিলাম। শত্রুরা যখন নিকটবর্তী হল, তখন দিরার তাদের মোকাবেলায় সবার আগে বের হয়ে পড়েন। তাঁর বের হওয়ার সাথে সাথে মুসলমানরাও সবাই তাকবীর ধ্বনি সহকারে তার অনুসরণ করে। তাকবীর ধ্বনিতে মুশরিকরা ভীত হয়ে পড়ে। তারা গিয়ে দ্রুত শত্রুদের উপর হামলা শুরু করে।
হযরত দিরার সবার আগে থেকে যুদ্ধ করছিলেন। তার যুদ্ধের তীব্রতা দেখে শত্রুরা ভীত বিহবল হয়ে পড়ে। ওয়ারদানও যুদ্ধের প্রথম কাতারে ছিল এবং তার মাথায় তাদের ক্রুশ লাগানো ছিল। হযরত দিরার তাকে দেখে যখন বুঝলেন, সে শত্রুদের সেনাপতি, তখন তিনি তার দিকে গিয়ে তার উপর বেপরোয়া হামলা চালালেন। হামলায় তার ক্রুশ মাটিতে পড়ে যায়। ক্রুশ মাটিতে পড়ে গেলে তখন সে মনে করল, পরাজয় অবশ্যম্ভাবী। তাই সে তা তুলে নেওয়ার জন্য চেষ্টা করল। কিন্তু সুযোগ পেল না। তবে একদল মুসলমান তা তুলে নেওয়ার জন্য বাহন থেকে নেমে গেল। হযরত দিরার তাদেরকে দেখে বললেন, ওহে মুসলমানরা! ক্রুশের মালিক আমি। তোমরা ওটার লোভ করো না। রোমানদের সাথে যুদ্ধ শেষ হলে সেটা আমি তুলে নিব। তোমরা এখন যুদ্ধ চালিয়ে যাও।
ওয়ারদান একথা শুনল। সে আরবী বুঝত। তাই সে পলায়ন করার ইচ্ছা করল। তখন সেনা কর্মকর্তারা বলল, ওহে নেতা! আপনি কি শয়তানের ভয়ে পালিয়ে যাচ্ছেন? দিরার ওয়ারদানের অবস্থা দেখে যখন বুঝতে পারলেন, সে পালিয়ে যাচ্ছে, তখন তিনি হুংকার ছেড়ে তার দিকে যেতে লাগলেন এবং তার বর্শা সামনের দিকে লম্বা করে রাখলেন। রোম সৈন্যরা তাকে এ অবস্থায় দেখে চিৎকার দিয়ে বললো, সবাই তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলো। তখন তিনি এ পংক্তি আবৃত্তি করছিলেন-
মৃত্যু তো একটি অনিবার্য সত্য ব্যাপার। তা থেকে আমার পালিয়ে যাওয়ার কোন স্থান নেই। আর জান্নাতুল ফিরদাউসই হচ্ছে সর্বোত্তম আবাসস্থল। এটা আমার যুদ্ধ। অতএব, হে উপস্থিত লোকজন! তোমরা সাক্ষী থাক যে, আমার এসব কাজ একমাত্র মানুষের প্রভুর সন্তুষ্টি লাভের জন্য।
এ পংক্তি আবৃত্তি করতে করতে তিনি রোমানদের মাঝে গিয়ে তাদের উপর হামলা শুরু করেন। তার অনুসরণে মুসলমানরাও রোমদের উপর হামলা করে। রোমানরা তাদেরকে ঘিরে ফেলে। হিমসের শাসক ওয়ারদান হযরত দিরারের উপর বর্শা তাক করে এবং রোম সেনা কর্মকর্তারা তাকে ঘিরে ফেলে। হযরত দিরার চতুর্দিক থেকে শত্রুদের আক্রমণ প্রতিহত করে চলছেন এবং তিনি যাদের উপর আঘাত করেছেন, তারা প্রায় সকলেই নিহত হচ্ছে। তার আঘাতে শত্রুদের অনেক লোক নিহত হয়। তিনি এসময় কুরআনের এ আয়াত- "আল্লাহ নিশ্চয় তাদেরকে ভালবাসেন, যারা তার পথে সীসাঢালা প্রাচীরের ন্যায় শক্তভাবে কাতারবদ্ধ হয়ে লড়াই করে"-পড়ে পড়ে মুসলমানদেরকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে রোমানরা সকলে মিলে চতুর্দিক থেকে হযরত দিরারের উপর আক্রমণ করা শুরু করে।