📄 দুই রোমান সেনাপতিকে হত্যা
অতঃপর হযরত খালিদ দুই রোমান সেনাপতি কালুস ও আযাযীরকে উপস্থিত করলেন এবং তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। কিন্তু তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে হযরত খালিদ দিরার বিন আযুরকে তাদের গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি তাদের গর্দান উড়িয়ে দিলেন।
📄 সম্রাটের কাছে দামেস্কবাসীর আবেদন
দেমেস্কবাসী এ অবস্থা দেখে সম্রাটের নিকট একটি পত্র লিখল। তাতে তারা কালুস ও আযাযীরের পরিণতি, তাদেরকে ঘেরাও করে রাখার খবরসহ আরবদের কৃত সকল ব্যাপার তুলে ধরে সাহায্যের আবেদন জানাল। নতুবা তারা দামেস্ক আরবদের হাতে তুলে দিবে বলে হুমকি দেয়। তারা একজন লোককে প্রচুর অর্থ দিয়ে রাতের অন্ধকারে রশির সাহায্যে সীমানা দেয়াল পার করিয়ে রোম সম্রাটের কাছে পাঠায়। লোকটি সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়ে পৌঁছে। সম্রাটকে সে আন্তাকিয়ায় পেয়ে যায়। সম্রাটের কাছে গিয়ে সে প্রবেশের অনুমতি কামনা করে। সম্রাট তাকে প্রবেশের অনুমতি দিলেন। সে প্রবেশ করে সম্রাটের কাছে পত্রটি হস্তান্তর করে।
📄 রোম সম্রাটের আতনাদ
সম্রাট পত্রটি পেয়ে হাত থেকে ফেলে দিলেন এবং ক্রন্দন করলেন। অতঃপর সেনা কর্মকর্তাদের ডাকলেন এবং বললেন, "হে রোমান সেনানীরা! আমি তোমাদেরকে আরবদের ব্যাপারে সতর্ক করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে, এরা আমার সাম্রাজ্য দখল করে নিবে। কিন্তু তোমরা আমার কথা ঠাট্টা করে উড়িয়ে দিলে। এ আরবরা দুর্ভিক্ষ ও যব ভুট্টার দেশ থেকে অধিক গাছ ও ফলমূল সম্পন্ন উর্বর দেশে এসেছে। ফলে তারা এ দেশ ও তার উর্বরতার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। দৃঢ় সংকল্প ও প্রচন্ড যুদ্ধ ছাড়া তাদেরকে হটানোর আর কোন পথ নেই। যদি লজ্জানুভব না করতাম, তাহলে আমি সিরিয়া ছেড়ে দিয়ে গ্রেট কনস্টিটিনোপল চলে যেতাম, কিন্তু আমি আমার জনগণ ও দেশকে রক্ষা করার জন্য তাদের সাথে লড়াই করতে প্রস্তুত।"
তারা বলল, আরবদের দৌরাত্ম এত বেড়ে গেছে যে, স্বয়ং আপনি পর্যন্ত তাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন। তবে আপনি না গিয়ে এখানে থাকাই ভাল হবে।
📄 রোম সম্রাটের আবারো ব্যর্থ প্রচেষ্টা
সম্রাট হিরাক্লিয়াস বললেন, তাহলে আমি তাদের মোকাবেলায লোক পাঠাব। তারা বলল, সম্রাট! হিমসের শাসক ওয়ারদানকে তাদের মোকাবেলায় পাঠান। কারণ, আমাদের মধ্যে তার মত শক্তিবান ও যুদ্ধাভিজ্ঞ লোক আর নেই। পারস্য সম্রাট যখন আমাদের বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছিল, তখন তিনি তাদের মোকাবেলায় বীরত্বের প্রকাশ ঘটিয়েছিলেন।
তারা একথা বলার পর সম্রাট তাকে রাজ দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন। ওয়ারদান এসে উপস্থিত হলে সম্রাট তাকে বললেন, আমি তোমাকে ডেকে আনার কারণ হচ্ছে, তুমি আমার তীক্ষ্ণ তরবারী ও মজবুত খুঁটি। অতএব, তুমি আর দেরী না করে এ মুহূর্তেই এ বার হাজার সৈন্য নিয়ে বের হয়ে পড়। যখন তুমি বা'লবাকে পৌঁছবে, তখন আজনাদীনের দিকে চলে যাবে। ওখানে গিয়ে বালকা ও জিবালুসসুওয়াদে অবস্থান করবে। সেখানে আরবরা আসবে। অতঃপর তাদের নেতা তথা আমর ইবনুল আসের সাথে থাকা সকল আরবদের হত্যা করবে।