📄 রোমানদের জিযয়া প্রদানের স্বীকারোক্তি
অতঃপর হযরত খালিদ বসরাবাসীকে উপস্থিত করে তাদের কাছ থেকে জিযয়া আদায়ের স্বীকারোক্তি গ্রহণ করলেন এবং একজনকে তাদের উপর শাসক হিসেবে নিয়োগ দিলেন।
📄 সু সংবাদ জানিয়ে হযরত খালিদের পত্র
অতঃপর হযরত আবু উবাইদার নিকট বিজয়ের সুসংবাদ প্রদান করে একটি পত্র লিখলেন এবং বললেন, ওহে আল্লাহর রাসুলের সাহাবী, আমরা দামেস্কের দিকে রওয়ানা হয়েছি। আপনিও আমাদের সাথে গিয়ে মিলিত হোন। এর পর তাঁরা দামেস্কের যাত্রার সংবাদ জানিয়ে হযরত আবু বকর রা.- এর নিকট একটি পত্র লিখেন। তাতে উল্লেখ করেন, যে দিন আমি আপনার নিকট এ পত্রটি লিখে পাঠাচ্ছি, সে দিনেই আমি দামেস্কের দিকে রওয়ানা হয়েছি। অতঃপর আমাদের বিজয়ের জন্য দোয়া করবেন। আপনি ও আপনার সাথে যারা রয়েছে তাদের প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। অতঃপর উভয় পত্র দুজন সৈনিককে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
📄 দামেস্কের পথে মুসলিম বাহিনী
হযরত খালিদ দামেস্কের দিকে রওয়ানা হয়ে যান। চলতে চলতে তিনি ছানিইয়া নামক একটি জায়গায় গিয়ে পৌঁছেন। গিয়ে সেখানে কিছুক্ষণ থামলেন এবং পেছনের ঝান্ডাটিকে সেখানে গেঁথে দিলেন। ফলে তাকে "ছানিইয়াতুল ইকার" নামে নামকরণ করা হয়। অতঃপর সেখান থেকে দাইয়ির নামক স্থানে গিয়ে পৌঁছালেন (যা বর্তমানে দাইয়িরে খালিদ নামে পরিচিত)। মুসলমানদের আগমনের খবর পেয়ে দামেস্কের পার্শ্ববর্তী গ্রাম সমূহের লোকজন দামেস্কে গিয়ে আশ্রয় গ্রহণ করল। ফলে দামেস্ক অসংখ্য পুরুষের নগরীতে পরিণত হয়। তাদের মধ্যে অশ্বারোহী ছিল মোট বার হাজার। তারা নগরীর দেয়ালগুলোকে ছোট বড় পতাকা ও ক্রুশ দিয়ে সাজিয়েও তুললো। হযরত খালিদ দাইয়িরে বসে হযরত আবু উবাইদার নেতৃত্বে মুসলমানদের আগমনের অপেক্ষা করতে লাগলেন।
📄 রোম সম্রাটের ব্যর্থ প্রচেষ্টা
হযরত খালিদের সিরিয়ার অন্যান্য অঞ্চল বিজয় ও দামেস্কে আগমনের খবর সম্রাট হিরোক্লিয়াসের নিকট পৌঁছে যায়। ক্রুদ্ধ হয়ে তিনি সেনাকর্মকর্তাদের জমায়েত করলেন এবং বললেন-
"হে রোমান সম্প্রদায়! এ আরবরা আরাকা, তাদাম্মুর, সাখানা ও বসরাকে পদানত করেছে। এর পর তারা রাবওয়ায় গিয়ে তাকেও পদানত করে। আক্ষেপ! সিরিয়ার স্বর্গভূমি দেমেষ্কের জন্য। সম্রাট বললেন, আরবদের সাথে যুদ্ধ করে আমাদের রাজ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য তোমাদের কে প্রস্তুত আছ? যদি কেউ তাদের পরাজিত করতে পার তাহলে আমি তাকে আরবদের দখলকৃত রাজ্যগুলোর কর্তৃত্ব দিয়ে দিব"।
একথা শুনে কালুস বিন হিনা নামীয় এক সেনাপতি বলল, (যে অভিজ্ঞ ঘোড় সওয়ার ও রোম সৈন্যদের মাঝে বীরত্বের জন্য খ্যাত ছিল) মহামান্য সম্রাট! আমিই আপনার রাজ্যকে রক্ষা করব এবং আরবদেরকে পরাজিত করে দেশ ছাড়া করব। সম্রাট তার একথা শুনে তাকে একটি স্বর্ণের ক্রুশ প্রদান করে পাঁচ হাজার অশ্বারোহী সৈন্যের সেনাপতির দায়িত্ব অর্পণ করলেন। আর বললেন "ক্রুশ তোমার সামনে রাখবে। কারণ, ক্রুশ তোমাকে সাহায্য করবে।"