📄 রোম নেতার ইসলাম গ্রহন
তখন রোমান নেতা রুমাস বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি। তবে আমার ভয় হচ্ছে, যদি তারা এ সংবাদ পায়, তাহলে সাথে সাথে আমাকে হত্যা করবে। তবে আমার ইচ্ছা, আমি এখন আমার লোকদের কাছে গিয়ে আপনাদের সত্যতার ব্যাপারে আবারও বলব। হতে পারে আল্লাহ তাদেরকে হিদায়ত দান করবেন।
📄 অভিনব কৌশল
হযরত খালিদ বললেন, যদি আপনি যুদ্ধ না করে চলে যান, তাহলে আপনার লোক ও আমার সাথীরা বলবে, আমি আপনাকে ভয় করেছি। তাই আপনি আমার উপর তরবারী তুলুন, যাতে আপনার লোকেরা আপনার প্রতি অপবাদ আরোপ করতে না পারে। এরপর আপনি আপনার লোকদেরকে সত্যের পথে ডাকুন। অতঃপর একে অপরের উপর তরবারী চালালেন। হযরত খালিদ উভয় দলকে যুদ্ধের কিছু চিত্র দেখালেন এবং রুমাসকে বিস্মিত করলেন। রুমাস হযরত খালিদকে বললেন, সম্রাটের প্রেরিত সেনাপতি দীরজানকে দেখা মাত্র আমার উপর জোরে আঘাত করুন। কারণ, আমি আশংকা করছি যে, সে এসে আপনাকে হত্য করবে। হযরত খালিদ বললেন, আল্লাহ আমাদেরকে তার উপর সাহায্য করবেন। অতঃপর হযরত খালিদ রুমাসের উপর তীব্র ভাবে হামলা করলেন। ফলে তিনি পরাজিত হয়ে তার লোকদের নিকট ফিরে গেলেন। তাদের কাছে পৌছার পর তারা তাঁকে জিজ্ঞেস করল, আরবদেরকে কেমন দেখলেন? তিনি বললেন, আরবরা জল্লাদ। এদের সাথে যুদ্ধ করার শক্তি তোমাদের নেই। তারা নিঃসন্দেহে সিরিয়া ও আমার এ রাজ্য দখল করে নিবে। অতএব, তোমরা তাদের অনুগত্য মেনে নাও এবং আরাকা ও সাখানাবাসীদের মত হয়ে যাও।
📄 প্রত্যাখ্যাত হল সত্যবাদী রোমান
লোকজন তার একথা শোনার পর তাকে হুমকি দিল এবং হত্যা করার ইচ্ছা করল। কিন্তু পরে সবাই বলল, আপনি রাজধানীতে গিয়ে প্রাসাদে আরাম করুন এবং আরবদের সাথে লড়াই করার জন্য আমাদেরকে রেখে যান। ফলে রুমাস তার প্রাসাদে ফিরে গেলেন এবং বললেন, হতে পারে আল্লাহ খালিদকে সাহায্য করবেন। অতঃপর বসরাবাসী দীরজানকে তাদের সেনাপতি নিযুক্ত করল এবং বলল, আমরা মুসলমানদেকে নির্মূল করার পর আপনাকে নিয়ে সম্রাটের কাছে যাব এবং তাঁর কাছে আবেদন জানাব, যাতে রুমাসকে বরখাস্ত করে আপনাকে আমাদের শাসক নিয়োগ করে। দীরজান বলল, তোমরা এখন কি করতে চাচ্ছ? তারা বলল, আমরা আরবদের সাথে যুদ্ধ করতে চাই।
📄 পুনরায় যুদ্ধ
দীরজান যুদ্ধের মাঠে এসে হযরত খালিদকে ডাক দিল। তখন হযরত আবদুর রহমান হযরত খালিদকে বললেন, আমীর সাহেব! তার মোকাবেলার জন্য আমাকে যেতে দিন। হযরত খালিদ বললেন, তাড়াতাড়ি যাও হে সিদ্দীকপুত্র! হযরত আবদুর রহমান গিয়ে দীরজানের উপর হামলা করলেন।