📄 পালিয়ে গেল শত্রু দল
মুসলমানগণ যখন রোমানদের এ দৃঢ়তা দেখতে পেল, তখন একে অপরকে ডাক দিয়ে বলল, তাদের বাহনের পেটে আঘাত কর। এ ছাড়া তাদের ধ্বংস করার কোন উপায় নেই। তখন মুসলমানগণ তাদের বাহনের পেটে আঘত করা শুরু করে। ফলে শত্রুরা আর দাঁড়িয়ে থাকতে পারল না। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে মুসলমানদের উপর হামলা করা শুরু করল এবং মসুলমানরাও তাদের উপর হামলা আরম্ভ করল। সাহাবীরা বলেন, আমরা রোম সৈন্যদের মাঝে কাল উটের চামড়ার উপর সাদা রেখার মত ছিলাম। আর ফিলিস্তিনের এ যুদ্ধের দিন আমাদের পরিচিতি ছিল 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হে আল্লাহ মুহাম্মদ সা.-এর উম্মতকে সাহায্য করুন'-কথাটি। আবু দরদা রা. বলেন, যুদ্ধের প্রচন্ডতার কারণে আমি সঙ্গীত আবৃত্তি করারও সুযোগ পাইনি। যুদ্ধের প্রচন্ডতা এত বেশী ছিল যে, আমরা শত্রুদের হত্যা করছি না নিজেদের ভাইদের হত্যা করছি তা পর্যন্ত আঁচ করতে পারিনি। মুসলমানগণ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে দৃঢ়তার সাথে যুদ্ধ করতে লাগল। সকল মুসলিম যোদ্ধা এ দুআ করছিল اللَّهُمَّ انْصُرْنَا عَلَى مَنْ يَتَّخِذُ مَعَكَ شَرِيكًا “হে আল্লাহ আমাদেরকে আপনার সাথে অংশীদার সাব্যস্তকারীদের উপর সাহায্য করুন।”
📄 আসমানী সাহায্য
আবদুল্লাহ বিন উমর রা. বলেন, সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকে। এ সময় বাতাস প্রবাহিত হচ্ছিল। কিন্তু তারপরও যুদ্ধ থামেনি। হঠাৎ আমি আকাশের দিকে তাকালে দেখতে পেলাম, আসমানে একটি ছিদ্র যা দিয়ে উল্কাপিন্ডের মত কতগুলো অশ্বারোহী সবুজ পতাকা নিয়ে বের হয়ে আসছে। যাদের তরবারী ঝলমল করছে এবং তারা সাহায্যের কথা ঘোষণা করে বলছে, 'হে মুহাম্মদ সা. এর উম্মতরা! সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ তোমাদের জন্য সাহায্য নিয়ে এসেছেন'। দেখলাম, কিছুক্ষণ পরপরই রোমানরা পরাজিত হয়ে পালিয়ে চলে যাচ্ছে এবং মুসলমানগণ তাদের ঘোড়া নিয়ে ওদের ধাওয়া করে হত্যা করছে। মুসলমানদের ঘোড়া গুলো রোমানদের ঘোড়ার চেয়ে দ্রুতগামী ছিল।
📄 শত্রুদের ক্ষয়ক্ষতি
আবদুল্লাহ বিন উমর রা. বলেন, এ যুদ্ধে আমরা পনের হাজারের চেয়ে বেশী রোমান সৈন্য হত্যা করেছি। রাত পর্যন্ত আমরা তাদের ধাওয়া করেছিলাম। হযরত আমর ইবনুল আস মুসলমানদের বিজয় দেখে অত্যন্ত খুশী হলেন এবং মুসলমানরা শত্রুদের ধাওয়া করতে যাওয়ায় তিনি তাদের খোঁজ খবর নেন।
📄 মুসলমানদের অবস্থা
আমর বিন গিয়াস বলেন, এ সময় আমি হযরত আমর ইবনুল আসকে দেখলাম তার হাতে ঝান্ডা এবং তার বর্শা পাশে পড়ে আছে। তিনি আওয়াজ করে বললেন, 'যারা লোকদের আমার কাছে নিয়ে আসবে, আল্লাহ তার হারানো বস্তু তাকে ফিরিয়ে দিক। এসব চেহারা গুলোর কল্যাণ হোক, যেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ক্লান্ত হয়ে পড়েছে। আপনাদের জন্য কি এটাই যথেষ্ট নয়, আল্লাহ আপনাদের শত্রুদের উপর বিজয় দান করেছেন'। তারা বললেন, আমরা গনীমত চাই না আমরা জিহাদ করতেই এসেছি।