📄 পালিয়ে গেল কাফির দল
এমন সময় হঠাৎ করে রবীআ বিন আমের রা. তার সৈন্যদের নিয়ে গোপন আস্তানা থেকে জোর গলায় লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও নবী সা.-এর ওপর দরুদ পড়তে পড়তে বের হয়ে আসেন এবং রোমানদের উপর বীর বিক্রমে ঝাঁপিড়ে পড়েন। তাদেরকে দেখে রোমানদের মন দুর্বল হয়ে যায় এবং আল্লাহ তাদের অন্তরে ভীতি ঢেলে দেন। ফলে তারা পিছনে হঠতে শুরু করে।
📄 নিহত হল শত্রু কমান্ডার
হযরত রবীআ বিন আমেরের দৃষ্টি বাতালীকের প্রতি পড়ল। দেখলেন, সে তার সৈন্যদেরকে যুদ্ধের প্রতি উৎসাহিত করছে। হযরত রবীআ বুঝতে পারলেন যে, সে রোমানদের নেতা সেই। তাই তিনি বীরদর্পে তার দিকে ছুটে যান এবং তাকে তীর দ্বারা আঘাত করেন। তীর তার নিতম্ব দিয়ে ঢুকে অপরদিক দিয়ে বের হয়ে যায়। রোমান সৈন্যরা এ দৃশ্য দেখে পলায়ন করা শুরু করে। আর মুহাম্মদ সা.-এর উম্মতরা বিজয়ের পতাকা উড্ডীন করে।
📄 শত্রুদের ক্ষয়ক্ষতি
তাবুকের ময়দানের এ যুদ্ধে দুই হাজার দু'শজন শত্রু নিহত হয়। অন্যদিকে মুসলমানদের মধ্য থেকে শাহাদাত বরণ করেন মাত্র একশ বিশজন।
📄 রোমার নেতার ভাষণ ও পুণরায় যুদ্ধ প্রস্তুতি
রোমান সৈন্যদের পলায়নের এ দৃশ্য দেখে নিহত কমান্ডার বাতালীকের ভাই চিৎকার দিয়ে বলে উঠল, তোমরা ধ্বংস হতে যেয়ো না। তোমরা কোন্ মুখ নিয়ে সম্রাটের সঙ্গে দেখা করবে? শত্রুরা আমাদের সাথে নির্মম আচরণ করেছে এবং আমাদের লোকদেরকে গণহারে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিবই। আমি মৃত্যুর পরোয়া করি না।