📘 ফুতুহুশ শাম 📄 ইমাম ওয়াকেদীর জীবনী

📄 ইমাম ওয়াকেদীর জীবনী


আল্লামা ওয়াকেদীর সংক্ষিপ্ত জীবনী
নাম: নাম মুহাম্মদ। পিতার নাম উমর। দাদার নাম ওয়াকেদ। দাদার নামের সাথে সম্পৃক্ত করে ওয়াকেদী বলা হয়। উপনাম আবু আবদুল্লাহ।

জন্ম: প্রখ্যাত ইতিহাস গ্রন্থ আততাবাকাতুল কুবরার লেখক ও আল্লামা ওয়াকেদীর ছাত্র ও অনুলেখক মুহাম্মদ বিন সাদ-এর বর্ণনা অনুযায়ী আল্লামা ওয়াকেদী মারওয়ানের খেলাফতের শেষের দিকে ১৩০ হিজরী সনে মদীনায় জন্ম লাভ করেন।

উস্তাদবৃন্দ: আল্লামা ওয়াকেদী যাদের কাছ থেকে হাদীস ও ইতিহাস বর্ণনা করেছেন, তাদের অন্যতম হচ্ছেন, ইমাম মালিক, ইমাম আওযাঈ, ইমাম সুফয়ান, ইমাম ইবনে জুরাইজ, ইমাম ইবনে আবি যি'ব, ইমাম মা'মার বিন রাশেদ ও ইমাম মুহাম্মদ বিন আজলান।

ছাত্রবৃন্দ: ইমাম ওয়াকেদীর কাছ থেকে যারা রেওয়ায়েত করেছেন, তাদের অন্যতম হচ্ছেন ইমাম শাফেঈ, ইমাম আবু বকর বিন আবু শাইবা, ইমাম মুহাম্মদ বিন ইয়াহইয়া বিন আবু হাতিম, আর অনুলেখক ইমাম মুহাম্মদ বিন সাআদ বিন মানী' ও আহমদ বিন রজা আল ফিরয়াবী। এ ছাড়া তার কাছ থেকে আরো অগনিত সংখ্যক লোক রেওয়ায়েত করেছেন (লেখা পড়া করে গেছেন)।

সমালোচকদের চোখে আল্লামা ওয়াকেদী: ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসায়ী, ইমাম হাকেম, ইমাম ইয়াহয়া বিন মাঈন, ও আলী ইবনুল মদীনীর মতে ইমাম ওয়াকেদীর হাদীস গ্রহণ যোগ্য নয়। ইমাম ইবরাহীম আল হারদি, ইমাম ইবরাহীম বিন সাঈদ আল জওহারী, ইমাম মুসআ'ব আয যুবাইরী, ইমাম দারাওয়ারদী ও ইমাম আবু আমের আল আকাদীর মতে ইমাম ওয়াকেদীর হাদীস গ্রহণযোগ্য। বরং কেউ কেউ তাকে ইমামুল মুসলিমীন ফিল হাদীস বলে অভিহিত করেছেন।

বাস্তবতা: ইমাম ওয়াকেদী হাদীসের ক্ষেত্রে দুর্বল হওয়ার কারণ হচ্ছে তিনি ইতিহাস পাগল ছিলেন। ইসলামের নবী সা. ও তার সাহাবীদের বিজয় গাঁথা সংগ্রহ করা তার প্রিয় সখ ছিল। এ ব্যাপারে ঐতিহাসিক ইবনে আসাকির, খতীবে বাগদাদী ও ইবনে সাইয়িদিন্নাসের বর্ণনাকৃত ইমাম ওয়াকেদীর এ কথাটি প্রমাণের জন্য যথেষ্ঠঃ
"আমি সাহাবা, শহীদ ও তাদের আযাদকৃত গোলামদের যাকেই পেয়েছি, তাকে জিজ্ঞেস করেছি, আপনি কি আপনার পরিবারের কাউকে তার জিহাদ করার স্থান সম্পর্কে বলতে শুনেছেন? যদি তিনি আমাকে এব্যাপারে তথ্য দিতেন, তাহলে আমি স্বচক্ষে দেখার জন্য ঐ স্থানে চলে যেতাম। মুরাইসীর রণাঙ্গনে গিয়ে আমি তা স্বচক্ষে দেখেছি। কোন মুজাহিদের খবর শুনলে আমি তার জিহাদ করার স্থান প্রত্যক্ষ করার জন্য চলে যেতাম।”

ইবনে সা'দের দৃষ্টিতে ওয়াকেদী: ইমাম ওয়াকেদীর ছাত্র ও অনুলেখক ইমাম মুহাম্মদ বিন সাদ যিনি হাদীসের ক্ষেত্রে তার উস্তাদ ইমাম ওয়াকেদীর মত সমালোচিত নন, তার মূল্যায়ন হচ্ছেঃ
“তিনি (ওয়াকেদী) যুদ্ধ, ইতিহাস, দেশবিজয় হাদীসের ব্যাপারে মানুষের মতপার্থক্য ও যে কোন ব্যাপারে তাদের ঐকমত্য সম্পর্কে জ্ঞান রাখতেন। এ বিষয় গুলো তিনি তার বিভিন্ন কিতাবে ব্যাখ্যা ও পাঠ দানের মাধ্যমে বণর্না করেছেন"।

খতীবে বাগদাদীর দৃষ্টিতে: প্রখ্যাত ইতিহাসবিদ ইমাম আবুবকর খতীবে বাগদাদী হাদীসের ক্ষেত্রে তার ব্যাপারে যা বলা হয়েছে, তাতে ইমাম ওয়াকেদী মযলূম বলে মন্তব্য করেন। ইমাম ওয়াকেদীর জীবনী আলোচনা করে তিনি বলেন, "ওয়াকেদী মদীনা থেকে বাগদাদে চলে আসেন এবং বাগদাদের পূর্বাংশের বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এমন ব্যক্তিত্ব যার সুনাম তার জীবদ্দশায় পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে পড়ে। মানুষের জীবনিতিহাস সম্পর্কে যাদের ধারণা রয়েছে, তাদের অবশ্যই ইমাম ওয়াকেদীর ব্যাপারে জানা থাকার কথা। যুদ্ধ ইতিহাস, নবী সা. এর জীবনী তার জীবদ্দশায় ও ইনতিকালের পর সংঘটিত ঘটনাবলী, সাহাবীদের জীবনী, হাদীস নিয়ে মানুষের মত পার্থক্য ও ফিকাহ সম্পর্কে রচিত কিতাবের জ্ঞান আহরণ করার জন্য মানুষ তার নিকট দূর দূরান্ত থেকে আগমন করত। দান ও বদান্যতার ক্ষেত্রে তার সুখ্যাতি ছিল। মুহাম্মদ বিন সাললাম আল জুমাহী বলেন, ওয়াকেদী তার যুগের সবচেয়ে বড় আলিম ছিলেন"।

বিচারকের পদে: ইমাম ওয়াকেদী আর্থিক অনটনের কারণে খলীফা হারুনুর রশীদের প্রধান কার্যনিবাহী ইয়াহইয়া বিন খালিদ আল বরমাকীর আহবানে সাড়া দিয়ে ইমাম ওয়াকেদী ১৮০ হিজরী সনে মদীনা ছেড়ে বাগদাদে চলে আসেন। সেখান থেকে সিরিয়া ও রাক্কায় গমন করেন। সেখানে সফর শেষে বাগদাদে ফিরে আসেন। অতঃপর খলীফার ছেলে মামুন খোরাসান থেকে বাগদাদে আগমন করার পর তাকে বাগদাদের পূর্বাংশের বিচারকের পদে নিয়োগ করেন।

রচনাবলী: বিভিন্ন বিষয়ে ইমাম ওয়াকেদীর রচিত কিতাব সংখ্যা প্রায় ২৮টি। তা হচ্ছে- কিতাবুল মাগাযী (৩ খন্ড), কিতাবুত তাবাকাত, ফতুহুশ শাম, (২ খন্ড), ফুতুহুল ইরাক, কিতাবুল জামাল, মাকতালুল হুসাইন, কিতাবুস সীরাহ , আযওয়াজুন্নবী সা., কিতাবুর রদ্দিাহ ওয়াদ্দার, কিতাবু সিফফীন, ওয়াফাতুন্নবী সা., হারবুল আউস ওয়াল খাযরাজ, আমুরুল হাবশা ওয়ালফীল, কিতাবুল মানাকিহ, আসসাকীফাতু ওয়াবাইআতু আবি বকর রা., যিকরুল কোরআন, সীরাতু আবি বকর ও ওয়াফাতুহু, তারীখুল ফুসাহা, কিতাবুল আদাব, যারবুদ দানানীর ওয়াদ দারাহিম, আত তারীখুল কবীর, গালাতুল হাদীস, আসসুন্নাহ ওয়াল জামাআহ, যাম্মুল হাওয়া ও তুরকুল খাওয়ারিজ ফিল ফিতান, আল ইখতিলাফ, মাওলিদুল হাসান ওয়াল হুসাইন, আর রগীব ফি ইলমিল কুরআন ওয়াল গালাতুর রিজাল, মারাই কুরাইশ ওয়াল আনসার।

ইন্তিকাল: নির্ভরযোগ্য মত তথা ইমাম ওয়াকেদীর ছাত্র ও অনুলেখক ইতিহাসবিদ ইবনে সা'দের মতে ইমাম ওয়াকেদী ২০৭ হিজরী সনে ইন্তিকাল করেন। তার মতটি সবচেয়ে বেশী গ্রহণ যোগ্য হওয়ার কারণ হচ্ছে, তিনি ইমাম ওয়াকেদীর ইন্তিকালের সময়, দিন, তারিখ, স্থান ও সমাধির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ইমাম ওয়াকেদী ২০৭ হিজরী সনের জিলহজ্ব মাসের ১১ তারিখ মঙ্গলবার রাত্রে তথা সোমবার দিবাগত রাত্রে বাগদাদে ইন্তিকাল করেন। মঙ্গলবার দিন তাকে হাইযারান গোরস্তানে দাফন করা হয়। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইন্তিকালের পূর্ব পর্যন্ত মোট চার বছর তিনি বিচারকের পদে অধিষ্ঠিত ছিলেন।

প্রাচ্যবিদদের ষড়যন্ত্র: বিগত কয়েক শতাব্দী ধরে প্রাচ্যবিদরা (Orientalist) ইসলাম নিয়ে ব্যাপক হারে লেখালেখি করে আসছে। খ্রীষ্টান ধর্মের অনুসারী পাশ্চাত্যের প্রাচ্যবিদরা কুরআন, হাদীস, সীরাতুন্নবী সা. ও ইসলামের ইতিহাস থেকে শুরু করে সবখানেই তাদের ক্ষুরধার কলম চালিয়েছে ও চালাচ্ছে। মুসলমানদের কাছে তাদের এসব রচনাবলী গ্রহনযোগ্য হওয়ার জন্য তারা অধিকাংশ ক্ষেত্রে সত্যের অনুসরণ করেছে। ইসলাম নিয়ে তাদের গবেষণার উদ্দেশ্য যেহেতু সুক্ষ্ণভাবে ইসলামকে চরম আঘাত হানা, সেহেতু তারা যেখানে সুযোগ পেয়েছে সেখানে বিশ্বাসযোগ্য ভঙ্গিতে ইসলামের উপর আঘাত হেনেছে। মার্সডেন জন্স (Marsden Jons) নামের এক প্রাচ্যবিদ ইমাম ওয়াকেদীর অন্যতম কিতাব 'কিতাবুল মাগাযী' সম্পাদনা করেছেন। এটি ১৯৬৫ সালে অক্সফোর্ড ইউনির্ভাসিটি প্রেস, লন্ডন থেকে প্রকাশিত হয়। এ মার্সডেন জন্স কিতাবটির শুরুতে ইমাম ওয়াকেদীর জীবনী আলোচনা করতে গিয়ে এক জায়গায় আরেক জন প্রাচ্যবিদের বইয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, বর্তমান বাজারে বিদ্যমান 'ফুতুহুশ শাম' ইমাম ওয়াকেদীর লিখিত 'ফুতুহুশ শাম' নয়। তার এ মন্তব্য যে একটি সুপরিকল্পিত খৃষ্ঠবাদী ষড়যন্ত্র, তা দিবালোকের ন্যায় স্পষ্ট। কারণ 'ফুতুহুশ শাম'-এ ইসলামের সৈনিকদের তরবারীর সামনে খৃষ্ঠবাদী রোম সাম্রাজ্যের অতি লাঞ্চনাদায়ক পতনের বিবরণ বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।

মুসলমানদের ঐক্য ও সশস্ত্র জিহাদের মুখে মিথ্যার অনুসারী ও প্রবৃত্তিপূজারী পাশ্চাত্যের খ্রীষ্টান ও তাদের দোসর ইহুদীরা মুলমানদেরকে পরাজিত করার সর্বশেষ ও সবচেয়ে কার্যকর যে অস্ত্রটি খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে প্রচার মাধ্যম। একবিংশ শতাব্দীতে এসে সাদাকে কালো, তীলকে তাল সাজিয়ে প্রচারের ধারাবাহিকতায় ও জিহাদকে সন্ত্রাস বলে প্রচার করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার মাত্রা মনে হয় অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সত্যের অনুসারীদের অনেক লোক আজ 'গুয়েন্তেনামো বে' নামক দ্বীপে সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে আছে। শয়তানী স্বার্থ সিদ্ধির জন্য এরা যেমন প্রচারের সাথে সাথে সি আই এ ও মোসাদ প্রভৃতির মাধ্যমে যেখানে প্রয়োজন সেখানে গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে, তেমনি মুসলমানদেরকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচার যুদ্ধ ও মিথ্যাকে মিথ্যা দিয়ে মোকাবেলা করার সাথে সাথে ইসলামের শত্রুদেরকে তাদের ব্যবহৃত অস্ত্র দিয়ে পরাজিত করার অঙ্গিকার গ্রহণ করতে হবে। তা না হলে প্রকৃত মুমিন হওয়া আদৌ সম্ভব হবেনা।

ইমাম ওয়াকেদীর এ সংক্ষিপ্ত জীবনী লিখতে যে দুটি কিতাবের সাহায্য নিয়েছি সে দুটো হচ্ছে, যথাক্রমে আল্লামা জামালুদ্দীন মিযযীর 'তাহযীবুল কামাল ফি আসমা-ইররিজাল' ও ড মার্সডেন জন্স সম্পাদিত ইমাম ওয়াকেদীর 'কিতাবুল মাগাযী'।

আবুল হুসাইন আলে গাজী
ঢাকা, ১৪.৪.১৪২৪ হিজরী

📘 ফুতুহুশ শাম 📄 সূচনা

📄 সূচনা


ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন উমর আল ওয়াকিদী রহ. বলেন, আমাকে আবু বকর ইবনুল হাসান বিন সুফইয়ান বিন নওফল বিন মুহাম্মদ বিন ইব্রাহীম আত-তাইমী, মুহাম্মদ বিন আবদুল্লাহ আল আনসারী, হিসামের আযাদকৃত গোলাম আবু সাঈদ, মালিক বিন আবুল হাছান, যুবাইরের আযাদকৃত গোলাম ইসমাঈল ও বনু নাজ্জারের মাযিন বিন আউফ প্রমুখ সিরিয়া বিজয়ের ঘটনা বর্ণনা করেছেন।

তারা বলেছেন, রাসুলুল্লাহ সা.-এর ইন্তেকালের পর হযরত আবু বকর রা. তার খলীফা হলেন। তাঁর খেলাফতকালে নবুওয়াতের দাবীদার মুসায়লামা কায্যাবকে হত্যা করা হয়েছে এবং তিনি বনু হানিফা ও মুরতাদদের সাথে যুদ্ধ করেছেন। আরবের লোকেরা তাঁর অনুগত হলেন। তখন তিনি রোম সাম্রাজ্যের অধীন শাম বিজয়ের লক্ষ্যে সৈন্য পাঠানোর ইচ্ছা করলেন এবং এ উদ্দেশ্যে সাহাবায়ে কেরামকে মজিদে ডাকেন এবং আল্লাহর প্রশংসা করে তাদের উদ্দেশ্যে বলেন,

يا أيها الناس رحمكم الله تعالى : اعلموا أن الله فضلكم بالإسلام وجعلكم من أمة محمد عليه الصلاة والسلام وزادكم إيمانا ويقينا ونصركم نصرا مبينا. وقال فيكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم كان عول أن يصرف همته إلى الشام فقبضه الله إليه واختار له ما لديه ألا وإنى عازم أن أوجه أبطال المسلمين إلى الشام بأهليهم ومالهم فإن رسول الله صلى الله أنبأني بذلك قبل موته وقال (( زويت لي الأرض فرأيت مشارقها ومغاربها وسيبلغ ملك أمتى مازوى لى منها))- فما قولكم في ذلك ؟ فقالوا ياخليفة رسول الله مرنا بأمرك ووجهنا حيث شئত ، فإن الله تعالى فرض علينا طاعتك، فقال تعالى (( يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولى الأمر منكم))، ففرح أبوبكر رضى الله عنه ونزل عن عن المنبر وكتب الكتب إلى ملوك اليمن وأهل مكة وكانت الكتب فيها نسخة واحدة وهي بسم الله الرحمن الرحيم سلام عليكم أما بعد فإني أحمد الله الذي لا إله إلا هو وأصلى على نبيه محمد. وقد عزمت أن وجهكم إلى بلاد الشام لتأخذوها من أيدى الكفار والطغاة، فمن عول منكم على الجهاد والصدام فليبادر إلى طاعة الملك العلام، ثم كتب : ((انفروا خفافا و ثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله) الآية. ثم بعث الكتب إليهم وأقام ينتظر جوابهم وقدومهم. وكان الذي بعثه بالكتب إلى اليمن أنس بن مالক خادم رسول الله صلى الله عليه وسلم.

"হে লোক সকল! আপনাদেরকে আল্লাহ রহম করুন। জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন এবং মুহাম্মদ সা.-এর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। আর তিনি আপনাদেরকে ঈমান ও এক্বীন দ্বারা ভূষিত করেছেন ও ব্যাপক সাহায্য করেছেন এবং আপনাদের ব্যাপারে বলেছেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম ও আমার নেয়ামত তোমাদের ওপর সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম।'

আর জেনে রাখুন, রাসুলুল্লাহ সা. শাম (সিরিয়া) বিজয়ের সংকল্প করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাঁকে তাঁর কাছে নিয়ে গেছেন। এখন আমি মুসলিম বীরদেরকে তাদের পরিবার ও ধন সম্পদ সহ সিরিয়ার দিকে পাঠানোর ইচ্ছা করেছি। কারণ, রাসুলুল্লাহ সা. আমাকে তাঁর ইন্তেকালের পূর্বে এ ব্যাপারে সংবাদ দিয়ে গেছেন এবং বলেছেন, 'আমার জন্য পৃথিবীকে গুটিয়ে ফেলা হয়েছে। ফলে আমি পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিগন্ত দেখতে পেলাম। শীঘ্রই আমার উম্মত ঐ পর্যন্ত পৌঁছে যাবে, যে পর্যন্ত আমার জন্য গুটানো হয়েছে'। অতএব, এ ব্যাপারে আপনাদের মতামত কি? উত্তরে সবাই বললেন, ওহে আল্লাহর রাসূলের খলীফা! আপনার যা ইচ্ছা আমাদের সে নির্দেশ দিন। এবং যে দিকে ইচ্ছা সেদিকে প্রেরণ করুন। কারণ, আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার নির্দেশ পালন করা ফরজ করে দিয়েছেন এবং এ ব্যাপারে তিনি বলেছেন, 'হে মুমিনগণ! তোমরা আল্লাহ, রাসুল এবং তোমাদের কর্তাব্যক্তিদের আনুগত্য করো'। তখন আবু বক্কর রা. মিম্বর থেকে নেমে গেলেন এবং ইয়ামান ও মক্কাবাসীদের কাছে পত্র লিখলেন। সবার কাছে একই পত্র লেখা হয়েছে। পত্রটি নিম্নরূপ-

আল্লাহর বান্দা আতিক বিন আবু কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি। আসসালামু আলাইকুম।
আমি সে আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত কোন ইলাহ নেই এবং তাঁর নবী মুহাম্মদের জন্য রহমত কামনা করছি। আমি আপনাদেরকে শামে পাঠানোর ইচ্ছা করছি, যাতে শাম কাফিরদের দখলদারিত্ব থেকে মুক্ত করা যায়। আপনাদের মধ্য থেকে যেই জিহাদ ও কাফিরদের মোকাবেলা করতে ইচ্ছুক, তার উচিত আল্লাহর আনুগত্যের জন্য যথা সম্ভব তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করা। এর পর তিনি এ আয়াত লিখেন,
"তোমরা অল্প অথবা অধিক যুদ্ধসামগ্রী নিয়ে যুদ্ধে বের হয়ে পড় এবং আল্লাহর পথে তোমাদের জান ও মাল দ্বারা জিহাদ কর।"

এ সব চিঠি তিনি বিভিন্ন অঞ্চলের মুসলমানদের কাছে পাঠিয়ে দিয়ে তাদের উত্তর ও আগমনের অপেক্ষায় থাকেন। ইয়ামানবাসীর নিকট পত্রটি রাসুলুল্লাহ সা.এর খাদেম আনাস বিন মালিক রা. এর মাধ্যমে প্রেরণ করেন। আর তার উত্তর এবং সৈন্যদের উপস্থিতির অপেক্ষায় থাকেন।

📘 ফুতুহুশ শাম 📄 ইয়ামানের সৈন্য

📄 ইয়ামানের সৈন্য


হযরত জাবির বিন আবদুল্লাহ্ রা. বলেন, কিছুদিন যেতে না যেতেই আনাস বিন মালেক রা. এসে ইয়ামানবাসীদের আগমনের সুসংবাদ শুনান। আর হযরত আবুবকর রা.-এর কাছে গিয়ে বলেন যে, আমি যাকেই আপনার নির্দেশ শুনালাম, সেই সাথে সাথে আল্লাহর আনুগত্য এবং আপনার নির্দেশ মেনে নেয়। ঐ সব লোকেরা যুদ্ধের সাজ-সজ্জা ও প্রস্তুতি সহকারে আপনার খেদমতে উপস্থিত হতে যাচ্ছে। হে আল্লাহর রাসূলের খলিফা! তাদের পূর্বেই আমি আপনার নিকট সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। যে সব লোক (আল্লাহর পথে জিহাদ করার লক্ষ্যে) আপনার নির্দেশ মেনে নিয়েছে, তারা খুবই সাহসী, ভাল যোদ্ধা এবং ইয়ামানের নেতৃস্থানীয় ব্যক্তি। তারা পরিবার-পরিজনসহ রওয়ানা হয়েছেন এবং শীঘ্রই এসে পৌঁছাচ্ছেন। আপনি তাদের সাক্ষাতের জন্য প্রস্তুত থাকুন। তিনি, (আবুবকর রা.) এ কথা শুনে খুব আনন্দ বোধ করলেন। এ দিন তো এভাবেই চলে গেল। দ্বিতীয় দিন সকালেই মুজাহিদদের আগমনের ধুম পড়ে যায়। মদীনাবাসী এ দৃশ্য দেখে হযরত আবুবকর রা.-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে এ ব্যাপারে অবহিত করে। তিনি মদীনাবাসী ও অন্যান্য লোকজনকে নিজ নিজ বাহনে সওয়ার হওয়ার নির্দেশ দেন এবং ইসলামের ঝান্ডা নিয়ে তাদের সাথে মুজাহিদদের অভিবাদন জানানোর জন্য অগ্রসর হন। কিছুক্ষণ পর মুজাহিদগণের দলবদ্ধ আগমন শুরু হয়ে যায়। প্রত্যেক গোত্র তখন ঝান্ডা উঁচু করে একে অপরের পিছনে সানন্দে অগ্রসর হচ্ছিল।

আগত সৈন্যদের মধ্যে যে দল দাউদী বর্ম, ভারতীয় তরবারী ও শিরস্ত্রান নিয়ে সবার আগে এসে পৌঁছল, তা হচ্ছে হিময়ার গোত্রের লোকেরা। এ গোত্রের নেতা ছিলেন যুলকিলা আল হিময়ারী রা.। তাঁর মাথায় পাগড়ী ছিল। তিনি আবুবকর রা.-এর নিকট পৌঁছে তাকে সালাম করলেন এবং নিজেদের অবস্থা জানালেন! আর নিম্নোক্ত কবিতা আবৃত্তি করলেন:

"আমি হিময়ার গোত্রের লোক। আর যে লোকদেরকে আপনি আমার সাথে দেখছেন, তারা যুদ্ধের প্রথম সারিতে থাকে। তারা উচ্চ বংশের, সাহসিকতা তাদের স্বভাবজাত বিষয় এবং তারা বীরদের নেতা। এরা যুদ্ধের সময় বড় বড় সশস্ত্র বীরদের তরবারী ভেঙ্গে ফেলে। যুদ্ধ করা আমাদের শখ এবং এতে আমরা মারা ও মরা উভয়ের হিম্মত রাখি। যুলকিলা এ সব প্রতিশ্রুতিবদ্ধ লোকদের নেতা। আমাদের সৈন্যরা এসে পৌঁছেছে। সিরিয়া আমাদের লক্ষ্যস্থল, আর দেমেস্ক তো আমাদেরই। ওখানকার অধিবাসীদের আমরা ধ্বংস করে ছাড়ব"

📘 ফুতুহুশ শাম 📄 হিময়ার গোত্রের বিজয়ের সুসংবাদ

📄 হিময়ার গোত্রের বিজয়ের সুসংবাদ


আবু বকর রা. এ কথা শুনে মুচকি হাসলেন এবং হযরত আলীকে বললেন, হে আবুল হাসান! তুমি কি নবী সা.-কে একথা বলতে শোননি?
((إِذَا أَقْبَلَتْ حِمْيَرٌ وَمَعَهَا نِسَاءٌهَا تَحْمِلُ أَوْلَادَهَا فَأَبْشِرُ بِنَصْرِ اللَّهِ عَلَى أَهْلِ الشِّرْكِ أَجْمَعِينَ))
"যখন হিময়ার গোত্রের লোকেরা তাদের স্ত্রী-পুত্রসহ আগমন করবে, তখন সকল মুশরিকদের ওপর মুসলমানদেরকে আল্লাহর সাহায্য করার সুসংবাদ গ্রহণ করো"। হযরত আলী রা. বললেন, আপনি সত্য বলেছেন। আমিও রাসূলুল্লাহ্ সা.-কে একথা বলতে শুনেছি।

ফন্ট সাইজ
15px
17px