📄 শয়তান যাদের সহচর
জিন-শয়তানরা এসব লোকের সাথে সংযুক্ত হয় এবং তাদের কাছে আসে যেন কিছু চমকপ্রদ ঘটনার মাধ্যমে তাদের মানুষের সামনে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে পারে। শয়তানের সাহায্য নিয়ে এসব লোকেরা নানারকম আশ্চর্যজনক ঘটনা ঘটায়, বাস্তবে এগুলো জাদুবিদ্যা। এরা একপ্রকার জাদুকর বা ভবিষ্যৎ-বক্তা (কাহিন) ছাড়া আর কিছুই নয়, যাদের কাছে শয়তান অবতরণ করে। আল্লাহ বলেন,
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَاكٍ أَثِيمٍ يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ
'আমি আপনাকে বলব কি, কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গুনাহগারের ওপর। তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। [৫৩]
এরা সবাই নানাবিধ গোপন খবর প্রকাশ করে ও চমকপ্রদ কাজ ঘটায়। কিন্তু এরা নবি-রাসূলদের অনুসারী নয়। প্রয়োজন অনুসারে এরা মিথ্যাচার করে। এদের সাহায্যকারী শয়তানরাও তাদের কাছে মিথ্যা বলে। তাদের কাজকর্ম গুনাহ ও অনাচারে পরিপূর্ণ।
এগুলোর বিভিন্ন প্রকার রয়েছে। যেমন: শিরক, যুলুম, অশ্লীলতা কিংবা ইবাদাত- বন্দেগিতে বাড়াবাড়ি ও মনগড়া বিষয় অনুসরণ করা।
এসব অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে জিন-শয়তানরা তাদের কাছে আসে এবং তাদের সাথি হয়ে যায়। এভাবে এই লোকেরা শয়তানের আউলিয়াতে পরিণত হয়, এরা কিছুতেই আল্লাহর আউলিয়া নয়। আল্লাহ বলেন,
وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ *
'যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।'[৫৪]
'রহমানের যিক্র' বা আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে সেসব স্মরণিকা, যা তিনি তাঁর রাসূলের কাছে নাযিল করেছেন, যেমন: কুরআন। কাজেই যে কুরআনে বিশ্বাস করে না কিংবা তাতে উল্লেখিত তথ্য, খবর ও হুকুম-আহকামে বিশ্বাস করে না, সে রহমানের যিক্র (স্মরণ) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে একজন শয়তান তার সার্বক্ষণিক সাথি হয়ে যায়। আল্লাহ বলেন,
وَهَذَا ذِكْرٌ مُّبَارَكٌ أَنزَلْنَاهُ
'এবং এটা একটা বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি।'[৫৫]
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِى فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى )
'এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামাতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।
সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, যেমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব।' [৫৬]
লক্ষ করুন, এই আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, 'আমার স্মরণ' (ذِكْرِي) ও 'আমার আয়াতসমূহ' শব্দগুলোর মাধ্যমে কুরআনকে বোঝানো হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি দিনরাত সর্বদা মুখে আল্লাহর স্মরণ করতে থাকে (আল্লাহর স্মরণকে আরবিতে ذِكْرٌ 'যিক্র' বলা হয়) এবং কঠোর নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে কিংবা ধারাবাহিক ইবাদাত-বন্দেগি ও ভক্তি-সাধনায় উৎকর্ষ অর্জন করে কিন্তু রাসূলুল্লাহ ﷺ-এর ওপর আল্লাহর নাযিলকৃত যিক্র (কুরআন) অনুসরণ করে না, তবে সে শয়তানের আউলিয়াদের একজন। সে যতই অলৌকিক বিষয় দেখাক না কেন, এমনকি পানির ওপর দিয়ে হেঁটে যাওয়া বা শূন্যে ভেসে যাওয়া ইত্যাদি। জিন- শয়তানের সাহায্য নিয়ে সে শূন্যে ভেসে বেড়াতে বা পানির ওপর বিচরণ করতে সক্ষম। সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
টিকাঃ
[৫৩] সূরা শুআরা, ২৬: ২২১-২২৩。
[৫৪] সূরা যুখরুফ, ৪৩: ৩৬。
[৫৫] সূরা আম্বিয়া, ২১:৫০。
[৫৬] সূরা ত্বহা, ২০: ১২৪-১২৬。