📘 ফিরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের নীতি 📄 ইমাম সাহেবের ছাত্রমণ্ডলী

📄 ইমাম সাহেবের ছাত্রমণ্ডলী


ইমাম মালিকের প্রমুখাৎ যাঁহারা হাদীস শ্রবণ করিয়াছিলেন, অথচ যাঁহারা তাঁর অপেক্ষা বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং জ্ঞান-গরিমায় তাঁর তুলনায় নিকৃষ্টও ছিলেন না, পক্ষান্তরে যাঁহাদের মধ্যে কেহ কেহ ইমাম মালিকের উসতাযও ছিলেন, এরূপ বিদ্বানের সংখ্যা মুষ্টিমেয় নয়। হাফেজ ইবনে আবদুল বর নিম্নলিখিত বিদ্যা-মহার্ণবগণকে ইমাম মালিকের রেওয়ায়তে হাদীসের ছাত্ররূপে গণনা করিয়াছেন: ইয়াহইয়া বিনে সঈদ আল আনসারী, আবুল আসওয়াদ মুহাম্মদ বিনে আবদুর রহমান ইবনে নওফল আল আসাদী আল কুরয়াশী, যিয়াদ বিনে সাদ খুরাসানী, ইমাম আবু হানীফা নু'মান বিনে সাবিত কুফী, সুফিয়ান সওরী, সুফিয়ান বিনে উআয়না, শো'বা বিনুল হাজ্জাজ, ইমাম আওযায়ী, ইমাম লয়েস বিনে সাদ মিস্ত্রী। ইহাদের মধ্যে সুফিয়ান বিনে উআয়না ব্যতীত অন্য সকলেই ইমাম মালিকের জীবদ্দশাতেই মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। [আল্ ইন্তিকা, ১২ পৃষ্ঠা]।।

আর যাঁহারা প্রকৃতই ইমাম সাহেবের নিকট হইতে বিদ্যা অর্জন করিয়াছিলেন, হাফেজ দারুকুতনী স্বীয় গ্রন্থে তাঁহাদের সংখ্যা সহস্রাধিক নির্ণয় করিয়াছেন। আমরা এই জনসমুদ্র হইতে মাত্র কয়েক জনের নাম নিম্নে উল্লেখ করিতেছি: আবদুল্লাহ বিনুল মুবারক, ইয়াহইয়া বিনে সঈদ আল কাতান, আবদুর রহমান বিনে মহদী, ইবনে ওয়াহহাব, ইবনুল কাসেম, কান্নবী, আবদুল্লাহ বিনে ইউসূফ, সঈদ বিনে মনসূর, ইয়াহইয়া বিনে ইয়াহয়া নেশাপুরী, ইয়াহয়া বিনে ইয়াহয়া অন্দুলুসী, ইয়াহয়া বিনে বুকাই, কোতায়বা, আবু মাসরব যুবায়রী, আবু হুযায়ফা সহমী, মুহাম্মদ বিনুল হাসান শয়বানী ও ইমাম মুহাম্মদ বিনে ইদ্রীস শাফেয়ী।

ইমাম মালিকের ছাত্রমন্ডলীর তালিকা অভিনিবেশ সহকারে পাঠ করিলে একটি চমৎকার ব্যাপার পরিলক্ষিত হইবে। অর্থাৎ দেখিতে পাওয়া যাইবে যে, আহলে সুন্নাতগণের মধ্যে প্রচলিত প্রসিদ্ধতম মযহবগুলির উদ্ভব কেন্দ্ররূপে ইমাম মালিক পরিগণিত হইয়াছেন। ইরাকের ফকীহগণের অধিনায়ক ইমাম আবু হানীফাকে যেরূপ ইমাম মালিকের রেওয়ায়তে হাদীসের ছাত্র মন্ডলীতে দেখা যাইতেছে— ইমাম আহমদ বিনে হাম্বলের উস্তায ইমাম শাফেয়ীও সেইরূপ ইমাম মালিকের ছাত্রদলে দৃশ্যমান হইতেছেন। ইমাম আবু হানীফাকে বাদ দিলেও হানাফী মযহবের সংকলিয়তা ইমাম মুহাম্মদ বিনুল হাসান যে ইমাম মালিকের প্রত্যক্ষ এবং বিশিষ্ট ছাত্র, সে বিষয়ে মতভেদের অবকাশ নাই। সুতরাং তাঁর সাগর তীর্থে হানাফী, মালিকী, শাফেয়ী, হাম্বলী ও যাহেরী সমুদয় আহলে মযহবকে আসিয়া মিলিত হইতে হইয়াছে— রাযিয়াল্লাহু আনহু।

ফন্ট সাইজ
15px
17px